আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না
https://parstoday.ir/bn/news/world-i97302-আফগান_মেয়েরা_বিশ্ববিদ্যালয়ে_ছেলেদের_সঙ্গে_ক্লাস_করতে_পারবে_না
আফগান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৬:৪২ Asia/Dhaka
  • আফগান নারী
    আফগান নারী

আফগান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে।

‌আজ (রোববার) এক প্রেস ব্রিফিংয়ে আফগান শিক্ষামন্ত্রী একথা ঘোষণা করেন। এ সময় তিনি শিক্ষা বিষয়ে আফগানিস্তানের নতুন সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেশের লোকজন মুসলমান এবং তাদেরকে এটা গ্রহণ করতে হবে।”

আবদুল বাকি হাক্কানি

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান ঘোষণা করেছিল যে, তাদের আগের শাসনের চেয়ে এবারের শাসন-ব্যবস্থা ভিন্ন হবে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে আফগান মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল।

কিন্তু এবার ক্ষমতায় এসে তালেবান প্রথম দিকেই ঘোষণা করেছে যে, নারীরা লেখাপড়ার সুযোগ পাবে তবে এক্ষেত্রেও শরীয়া আইন অনুসরণ করা হবে।# 

পার্সটুডে/এসআইবি/১২