মিশরকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাতে ২৫০০ কোটি ডলার দেবে রাশিয়া
-
পরমানু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে রুশ(ডানে) এবং মিশরের(বামে) কর্মকর্তারা চুক্তি সই করছেন। দাঁড়িয়ে দেখছেন প্রেসিডেন্ট সিসি(মাঝে)
রাশিয়া মিশরকে দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাতে আড়াই হাজার কোটি ডলার সমপরিমাণ ঋণ মঞ্জুর করেছে বলে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি জানিয়েছেন।
বৃহস্পতিবার একটি ফরমান জারি করে এ সংক্রান্ত চুক্তিকে অনুমোদন করেন সিসি। এতে বলা হয়েছে, প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাতের ৮৫ শতাংশ অর্থের যোগান দেবে মস্কো। বাকি ১৫ শতাংশ অর্থ কায়রো সরকার যোগাবে বলে ফরমানে বলা হয়েছে।
২০২৯ সাল থেকে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। বাৎসরিক ৩ শতাংশ সুদে ২২ বছরে এ অর্থ পরিশোধ করবে মিশর। বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরাঞ্চলীয় মিশরের দাবা শহরে স্থাপন করা হবে। কেন্দ্রে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম চারটি পরমাণু চুল্লি বসানো হবে। বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে এবং সম্ভবত ২০২৪ সাল থেকে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
রাশিয়া এবং মিশর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত চুক্তি সই করেছিল। কিন্তু গত অক্টোবরে ২২৪ যাত্রীসহ রুশ বিমান সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হওয়াকে কেন্দ্র করে দেশ দু’টির সম্পর্কের ক্ষেত্রে তীব্র টানাপড়েন দেখা দিয়েছিল। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিমান বোমা পাতার দায়িত্ব স্বীকার করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২০