কূটনৈতিক সীমাবদ্ধতা আরোপ প্রত্যাহারের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i99586-কূটনৈতিক_সীমাবদ্ধতা_আরোপ_প্রত্যাহারের_রুশ_প্রস্তাব_প্রত্যাখ্যান_করল_আমেরিকা
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, দু দেশের কূটনীতিকদের ওপর যে সমস্ত সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে তা প্রত্যাহার করার ব্যাপারে মস্কোর দেয়া একটি প্রস্তাব ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০২১ ১৯:১৮ Asia/Dhaka
  • আনাতোলি এন্টোনোভ
    আনাতোলি এন্টোনোভ

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, দু দেশের কূটনীতিকদের ওপর যে সমস্ত সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে তা প্রত্যাহার করার ব্যাপারে মস্কোর দেয়া একটি প্রস্তাব ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে।

রোসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আনাতোলি এন্টোনোভ বলেন, দুই দেশের কূটনীতিকদের ওপর থেকে সমস্ত সীমাবদ্ধতা প্রত্যাহার করার ব্যাপারে মস্কোর দেয়া প্রস্তাব সমর্থন করে নি ওয়াশিংটন। তিনি জানান, এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে নি, আবার হোয়াইট হাউসও সমর্থন করে নি।

আনাতোলি এন্টোনোভ বলেন, "আমি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সময় এই বিষয়টি উত্থাপন করেছি। এটি এমন একটি সমস্যা যা সমাধান না করা পর্যন্ত দু'দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে না।"

তিনি আরো বলেন, "আমার মনে হয় ওয়াশিংটনে কেউ একজন চান না যে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ভালো হোক। স্বাভাবিকভাবেই আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি না।"

বিদ্যমান এই অবস্থা দূর করার জন্য মঙ্গলবার রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাশিয়ার সঙ্গে সংলাপে বসার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার দেয়া প্রস্তাব যদি বাস্তবায়িত না হয় তাহলে মস্কোয় মার্কিন দূতাবাস বন্ধ করে দিতে বাধ্য হবে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/৪