ইরানের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক স্মরণীয় মন্তব্য
সম্পতি ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইল-সৌদি সম্পর্ক, ইয়েমেনে সৌদি আগ্রাসন ও ইরানের সঙ্গে ৬ জাতির পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রতারণা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন।
'এই যে সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রকাশ্যেই দহরম-মহরমের ও আসা-যাওয়ার উদ্যোগ নিয়েছে তা মুসলিম উম্মাহর পিঠে ছুরি মারার শামিল। ইসরাইলের সঙ্গে প্রকাশ্যেই সম্পর্ক গড়ে তোলার সৌদি উদ্যোগ মুসলিম উম্মাহর সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা। এই সৌদিরা অপরাধী। আর এখানেও রয়েছে (বড় শয়তান) আমেরিকার হাত। সৌদি সরকার মার্কিন সরকারের আজ্ঞাবহ বলেই এই বড় ভুলটি করেছে।'
ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেছন:
'দেড় বছর ধরে ইয়েমেনে সৌদি বোমা বর্ষণ কি ঠাট্টার বিষয়? একটি দেশের কেবল সামরিক কেন্দ্রই নয়, বাজারগুলো, হাসপাতালগুলো, জনগণের ঘরবাড়ি, সমাবেশ, স্কুল-কলেজ, পথ-ঘাট-এসবই বোমা হামলার শিকার!-এ অত্যন্ত বড় ধরনের অপরাধ। রমজান মাস ও নিষিদ্ধ মাস এবং শিশু-এসবের তোয়াক্কা না করেই বোমা বর্ষণ করেছে সৌদি সরকারি বাহিনী। এতোসব শিশুদের হত্যা করা হচ্ছে। এইসব বড় অপরাধ করছে সৌদি সরকার মার্কিন মদদ নিয়েই। মার্কিন সবুজ সংকেতেই ও মার্কিন বিমান এবং মার্কিন অস্ত্র ও গোলা-বারুদ দিয়েই করছে এসব অপরাধ। আমেরিকাই এসব কিছু যুগিয়ে দিচ্ছে। আর বহুকাল পর জাতিসংঘ যখন এসব অপরাধের ব্যাপারে একটি সত্য কথা বলতে চায় ও নিন্দা করতে চায় তখন জাতিসংঘের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে অর্থ দিয়ে, হুমকি ও চাপ দিয়ে। জাতিসংঘের এই হতভাগা ও মুখে চুনকালি মাখা মহাসচিব নিজেই স্বীকার করেছে যে, আমার ওপর চাপ আনা হয়েছে! দিক তারা চাপ, না পারলে ছেড়ে দাও পদ! কেনো ওই পদ ধরে রেখে মানবজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ?-এখানেও রয়েছে আমেরিকার (কালো) হাত!'
গত সোমবার তেহরানে ইরানের কয়েকটি প্রদেশ থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এসব মন্তব্য করেন।
ভাষণের অন্য অংশে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রমাণ করেছে, মার্কিন সরকারকে বিশ্বাস করা যায় না। তিনি বলেন, পরমাণু আলোচনায় উপস্থিত কর্মকর্তারা এখন একথা বলতে বাধ্য হচ্ছেন যে, মার্কিন সরকার প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা ইরানের সঙ্গে অত্যন্ত নরম সুরে ও মিষ্টি ভাষায় কথা বললেও অন্যান্য দেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পথে বাধা সৃষ্টি করছে।#