একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ৩ ডিসেম্বরের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত আজকের জাতীয় দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সড়কে অনিয়মের প্রতিবাদে কাল লাল কার্ড দেখাবেন শিক্ষার্থীরা- প্রথম আলো
- শিক্ষকের মৃত্যুতে কুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ- নয়াদিগন্ত
- বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা কারও মহানুভবতা নয়, নাগরিক অধিকার: মির্জা ফখরুল- দৈনিক সমকাল
- খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা এখন রাজনৈতিক স্টানবাজি: শাজাহান খান- কালেরকণ্ঠ
- মানুষ আবারও জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: জি এম কাদের- দৈনিক ইত্তেফাক
- রক্ত মাথায় চড়ে গিয়েছিল : মোস্তাফা জব্বার- আমাদের সময়
- ঘরে বাইরে চাপে সরকার : বাংলাদেশ প্রতিদিন
- করোনার ক্ষতি মোকাবিলায় প্রণোদনা: ব্যাংকারদের সহায়তায় ঋণ জালিয়াতি- যুগান্তর
ভারতের শিরোনাম:
- ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা রেলের, জারি হল নতুন নির্দেশিকা- আনন্দবাজার পত্রিকা
- সংসদে তাইওয়ান নীতি স্পষ্ট করল কেন্দ্র, চিনকে নিয়ে কৌশলী মোদি সরকার- সংবাদ প্রতিদিন
- দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশ নয়, দায়ী পাকিস্তান! সুপ্রিম কোর্টে আজব দাবি যোগী প্রশাসনের- দৈনিক আজকাল
- ফ্যাসিবাদই মমতার অনুপ্রেরণা, তোপ কংগ্রেসের: দৈনিক গণশক্তি
শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম শুনলেন। এবার কয়েকটি খবরের বিস্তারিত জানা যাক।
'সড়কে অনিয়মের প্রতিবাদে কাল লাল কার্ড দেখাবেন শিক্ষার্থীরা' দৈনিক প্রথম আলোর এই খবরে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থানকারী শিক্ষার্থীরা পরের দিনের কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে দিয়েছেন। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। তাঁদের এই অবস্থানের কারণে ছুটির দিনেও সড়কে কিছুটা যানজট দেখা দেয়। দুপুর ১২টার কিছু আগে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা কারও মহানুভবতা নয়, নাগরিক অধিকার: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সংক্রান্ত বক্তব্য সবগুলো দৈনিকে গুরুত্ব পেয়েছে। দৈনিক সমকাল লিখেছে, ‘লিভার সিরোসিসে' আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার ‘নাগরিক অধিকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, দেশনেত্রীকে বিদেশে পাঠানোর সুযোগ দেন। তার চিকিৎসা করার সুযোগ দেন। এটা কোনো দয়ামায়া,মহানুভবতা বা মানবিক ব্যাপার নয়। এটা তার নাগরিক অধিকার।’
আদালতের রায়ে ১৭ বছর কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই- সরকারের শীর্ষ মন্ত্রীরা এমন মন্তব্য করলে তার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা বলছেন, তিনি সাজাপ্রাপ্ত। কিন্তু সাজাপ্রাপ্ত হলেও তিনি তো দেশের নাগরিক। তার তো অধিকার আছে চিকিৎসা করার।’
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা এখন রাজনৈতিক স্টানবাজি: শাজাহান খান
অন্যদিকে, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আর বিদেশ নিয়ে চিকিৎসা করানো এখন বিএনপির রাজনৈতিক স্টানবাজি হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করানোর সুযোগ দিবে সরকার। শুক্রবার সকালে ৩৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডির অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার এলাকায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংরক্ষণ ও স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মানুষ আবারও জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। বিএনপির ওপর আর আস্থা নেই। কিন্তু, জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খবরটি দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে।
রক্ত মাথায় চড়ে গিয়েছিল : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দৈনিক আমাদের সময় লিখেছে, বাংলায় চেক লেখার কারণে টাকা না দিয়ে চেকটি বাউন্স করে দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রাগে, ক্ষোভে ফেইসবুকে লিখেছিলেন, ‘মন চাইছে আত্মহত্যা করি’। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যেই তিনি জানিয়েছেন, সমাধান হয়েছে তার সমস্যার।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেছেন, বাংলা ভাষার এমন ‘অবমাননা’ তিনি সইতে পারেননি। সেজন্যই ফেইসবুকে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান। সকালে সেই ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’
বিকেলে সেই পোস্ট এডিট করে তিনি লেখেন, ‘আজ সকালে একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছিলো। এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদেরই বাংলাদেশ। প্রমাণিত হলো ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।’
ঘরে বাইরে চাপে সরকার: বাংলাদেশ প্রতিদিন
'ঘরে বাইরে চাপে সরকার' এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং এ ঘটনা ঘিরে ছাত্রদের মাঠে নামা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর সঙ্গে যোগ হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সারা দেশে হানাহানি ও সংঘাত। ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৭৪ জন নিহত হয়েছেন। এর অধিকাংশ সরকারি দলের। অভ্যন্তরীণ বিদ্রোহ ঘিরেই এ পরিস্থিতির সৃষ্টি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে সরকার কিছুটা চাপে পড়েছে। বিএনপি দেশ-বিদেশে খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সামনে নিয়ে আসছে মানবিকতার বিষয়টি। এর বিপরীতে সরকারি দল যুক্তিসংগত কোনো জবাব দাঁড় করাতে পারেনি।
দৈনিক যুগান্তর জানিয়েছে, করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রণোদনার ঋণ নিয়ে বেশকিছু শিল্পপ্রতিষ্ঠান জালিয়াতি করেছে। এসব জালিয়াতির মাধ্যমে ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন একশ্রেণির ব্যাংক কর্মকর্তা। তাদের সহায়তায় কম সুদের প্রণোদনার ঋণ নিয়ে তা দিয়ে বেআইনিভাবে অন্য খাতের বেশি সুদের ঋণ পরিশোধ করা হয়েছে।
করোনার ক্ষতি মোকাবিলায় প্রণোদনা: ব্যাংকারদের সহায়তায় ঋণ জালিয়াতি- যুগান্তর
কয়েকটি ব্যাংকের শাখার কর্মকর্তারা আগের ঋণ শোধ করার শর্তেই সংশ্লিষ্ট গ্রাহকদের প্রণোদনার ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রণোদনার ঋণের অপব্যবহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক তদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনগুলো এখন সমন্বয় করা হচ্ছে।
শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের পর এবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। সবগুলো দৈনিকেই নতুন করোনাভাইরাস ওমিক্রন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আনন্দবাজার লিখেছে,
করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে বোর্ড শুক্রবার ওমিক্রন সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন রেলওয়ে ডিভিশনের জেনারেল ম্যানেজারদের রেলওয়ে বোর্ডের স্বাস্থ্য সংক্রান্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কে শ্রীধর এক চিঠিতে নানা নির্দেশ দিয়েছেন।
রেলের বিভিন্ন ডিভিশনকে কোভিড নিয়মাবলী মেনে চলতে রাজ্য সরকারগুলির সঙ্গে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের তরফে। পাশাপাশি, চিকিৎসার জন্য পিপিই কিটস এবং ওষুধপত্রের এক মাসের মজুত (স্টক) রাখতে বলা হয়েছে।
অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি রেলের সমস্ত চিকিৎসা কেন্দ্রে ওমিক্রন রূপে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের জন্য চিকিৎসায় একই গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, রেলের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তির দ্রুততার ভিত্তিতে টিকাকরণের কাজ শেষ করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা রেলের, জারি হল নতুন নির্দেশিকা- আনন্দবাজার পত্রিকা
ভারতের কেন্দ্রীয় সরকারের তাইওয়ান নীতি সম্পর্কে সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সংসদে তাইওয়ান নীতি স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, ভারতের তাইওয়ান নীতি অত্যন্ত স্পষ্ট। দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন-সহ একাধিক বিষয় নিয়ে সম্পর্ক আরও মজবুত করা হচ্ছে।
সংসদে তাইওয়ান নীতি স্পষ্ট করল কেন্দ্র, চিনকে নিয়ে কৌশলী মোদি সরকার- সংবাদ প্রতিদিন
মাও সে তুংয়ের ‘লং মার্চ’-এর পর তাইওয়ানে আশ্রয় নেয় বিধ্বস্ত কুওমিনটাং তথা চিনা (China) জাতীয়তাবাদী দলের সমর্থকরা। তারপর থেকেই চিয়াং কাই শেখের নেতৃত্বে নিজেকে গড়ে তোলে দ্বীপরাষ্ট্রটি। আর আজও তা দখল করতে মরিয়া লাল চিন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে আরও আগ্রাসী হয়ে উঠেছে দেশটি। এহেন পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা উসকে তাইওয়ানের বন্দর ও এয়ারপোর্টগুলিকে ঘেরাও করতে পারে লালফৌজ বলে আশঙ্কা। এহেন সময়ে বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে তাইওয়ানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে নয়াদিল্লি।
দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশ নয়, দায়ী পাকিস্তান! সুপ্রিম কোর্টে আজব দাবি যোগী প্রশাসনের- আজকাল
দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। কারখানা এবং গাড়িঘোড়ার ধোঁয়া থেকে অত্যধিক দূষণ ছড়াচ্ছে বলে জানানো হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হল, দূষণের জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তান থেকেই দূষিত বায়ু ঢুকে পড়ছে দিল্লি-এনসিআর এলাকায়। একথা শুনে স্পষ্টতই অবাক ভারতের মুখ্য বিচারপতি এনভি রমনা প্রশ্ন করেন, "তাহলে আপনারা পাকিস্তানের শিল্প বন্ধ করতে চান? এ প্রশ্নের জবাব অবশ্য দিতে পারেননি যোগীর প্রশাসনের তরফে হাজির আইনজীবীরা। খবরটি দৈনিক আজকালে প্রকাশিত হয়েছে।
শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারো আগামীকাল।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩