ডিসেম্বর ২০, ২০২২ ১৪:৪৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২০ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • জাতি ২০০৯ সালের বিডিআর ঘটনা পুনরাবৃত্তি দেখতে চায় না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • ভোট চুরি আমরা করিনি-বিএনপি করেছে: কাদের-যুগান্তর
  • যুক্তরাষ্ট্রের তরফে আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিন
  • ‘মাথাভারী’ কাঠামো থেকে বের হতে চায় জনপ্রশাসন-কালের কণ্ঠ
  • আড়াই বছরের মেয়েকে নিয়ে তিন দিন গিয়েও ওএমএসের চাল পাননি তিনি-প্রথম
  • আলোইউরোপে অবৈধ অভিবাসন বেড়েছে- ডেইলি স্টারবিএনপির রূপ রেখায় সরকার ভয়
  • পে‌য়ে‌ছে: দুদু-বাংলাদেশ প্রতিদিন

 কোলকাতার শিরোনাম:

  • শরণার্থীদের নাগরিকত্ব দিতে নিয়ম শিথিল, সিটিজেনশিপ পোর্টাল পুনর্গঠন করবে কেন্দ্র-সংবাদ প্রতিদিন
  • ‘ঝামেলা চাই না’! শুভেন্দুর সভা রয়েছে বলে বুধবার কাঁথির কর্মসূচি বাতিল করে দিল যুব তৃণমূল-আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

দৈনিক মানবজমিনের প্রধান খবর-যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের ওপর আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

ওএমএসে চাল পায়নি হাদিজা

আড়াই বছরের মেয়েকে নিয়ে তিন দিন গিয়েও ওএমএসের চাল পাননি তিনি-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ভোরের কুয়াশা তখনো কাটেনি। আড়াই বছরের মেয়ে আরিশাকে নিয়ে চট্টগ্রাম নগরের কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) সারিতে দাঁড়িয়েছেন মা  হাদিজা আক্তার। কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনীয় পণ্য কিনতে পারেননি। তিন দিন ধরে এভাবেই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।সারিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের অভিযোগ গত তিন দিন ধরেই তাঁরা পণ্য পাচ্ছেন না। ভোর থেকে অপেক্ষা করেও মিলছে না চাল ও আটা।

জাতি ২০০৯ সালের বিডিআর ঘটনা পুনরাবৃত্তি দেখতে চায় না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে আধাসামরিক বাহিনীতে হত্যাযজ্ঞকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেছেন, জাতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মীদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার গঠনের মাত্র ৫২ দিনের মাথায় ২০০৯ সালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে (তৎকালীন বিডিআর)। পুরো জাতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।’প্রধানমন্ত্রী সেই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাজনীতির খবরে প্রথম আলো  লিখেছে, রাষ্ট্র মেরামতের দাবি করে বিএনপি ঘোষিত ২৭ দফাকে স্টান্টবাজি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আন্দোলন জমবে না, মানুষ বিভ্রান্ত হবেন না বলে আওয়ামী লীগ মনে করে বলে জানান তিনি। বিএনপির দাবিকে হাস্যকর বলে দাবি করেন কাদের। বিএনপি রাষ্ট্র ধ্বংস ছাড়া কী করেছে তার ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র হত্যা ও ভোট চুরি আমরা (আওয়ামী লীগ)  করিনি।  তারা (বিএনপি) ভোট চুরি করেছে।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

এদিকে, দেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগই শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দেই, সরকার তখনই বলে আমরা নাকি ভায়োলেন্স করবো। অথচ আওয়ামী লীগের আমলে রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল।‘বিএনপি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে ড. মোশাররফ বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে। তাদের সত্যের সাথে কোনো সম্পর্ক নেই। এ ধরনের কথা বলে দেশের জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সদ্য একশো দিন পেরিয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা । এই কর্মসূচিকে ঘিরে শতাব্দী প্রাচীন দলটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। কিন্তু সেই যাত্রার মধ্যেই অস্বস্তিতে রাহুল গান্ধী । দলের বর্ষীয়ান ও বিতর্কিত নেতা কমল নাথের ছেলে বলে বসলেন, তাঁর সভা কিংবা পদযাত্রায় রাহুলের থেকে বেশি ভিড় হয়। স্বাভাবিক ভাবেই তাঁর এমন মন্তব্যে কেবল রাহুল নন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেই অস্বস্তিতে পড়তে হল।সংবাদ প্রতিদিন পত্রিকার খবর এটি।

বিলাসবহুল ক্লাবে সবাই মেতে বিশ্বকাপে, চোখের আড়ালে ছ’তলা থেকে পড়ে মৃত্যু শিশুর-মর্মান্তিক এ খবরে সংবাদ প্রতিদিন লিখেছে, বাবা-মা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে গিয়েছিলেন মুম্বইয়ের (Mumbai) একটি ক্লাবে। সঙ্গে ছিল ৩ বছরের শিশু। সবাই যখন মেসি-এমবাপের উত্তেজক খেলায় মগ্ন, সেই সময় ছয় তলার সিঁড়ির রেলিং গলে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুটির। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, এক বিজেপি (BJP) নেতা ওই ক্লাবের সহসভাপতি। তার উদ্যোগেই সাত তলায় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের খেলা দেখানোর আয়োজন হয়। সন্তানের মৃত্যুর ঘটনায় ক্লাবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবার।

‘ঝামেলা চাই না’! শুভেন্দুর সভা রয়েছে বলে বুধবার কাঁথির কর্মসূচি বাতিল করে দিল যুব তৃণমূল-আনন্দবাজার পত্রিকা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে সভা করবেন বুধবার। ওই দিন যুব তৃণমূলেরও কাঁথিতে কর্মসূচি ছিল। সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কাঁথি যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। বুধবার কাঁথিতে সভা করার কথা রয়েছে শুভেন্দুর। তার আগেই নিজেদের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়ে দিল জোড়াফুল শিবির। গত ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই কাঁথির জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়।

শরণার্থীদের নাগরিকত্ব দিতে নিয়ম শিথিল, সিটিজেনশিপ পোর্টাল পুনর্গঠন করবে কেন্দ্র-সংবাদ প্রতিদিন

পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তান থেকে ভারতে চলে আসা ছ’টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যাঁদের পাসপোর্ট ও ভিসা ভারতে থাকাকালীন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেই নথি দেখিয়েই তাঁরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সেগুলি প্রামাণ্য হিসাবে গ্রহণ করতে শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রক সিটিজেনশিপ পোর্টাল পুনর্গঠন করতে চলেছে। ওই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের মানুষ এই সুযোগ পাবেন।

  পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০