বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা : ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক: প্রধানমন্ত্রী-প্রথম আলো
- মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-যুগান্তর
- আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না: খন্দকার মোশাররফ-মানবজমিন
- বডিবিল্ডার জাহিদের পুরস্কারে লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি -ইত্তেফাক
- ১০ মাসে বিপিসির লোকসান ৯ হাজার কোটি টাকা-কালের কণ্ঠ
- মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা : ওবায়দুল কাদের -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- আমার ঠাকুমাকেও নির্বাক পুতুল বলা হত’, ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিলেন রাহুল--সংবাদ প্রতিদিন
- শীতে ধুঁকছে আমেরিকা, বরফ সরতেই মিলছে দেহ! সাইক্লোন বোমায় মৃত্যু বেড়ে ৬২- আনন্দবাজার পত্রিকা
মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-যুগান্তর
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক: প্রধানমন্ত্রী-প্রথম আলো
মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজকে আমরা বাংলাদেশের অহংকারে আরেকটি পালক সংযোজন করতে পারলাম।’
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মেট্রোরেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, এটাই বড় কথা।’
সরকারপ্রধান বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এই মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব। যাতে মেট্রোরেলের কোনো কিছু নষ্ট না হয়, সে জন্য তিনি সবাইকে তা ব্যবহারে যত্নশীল হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়মতান্ত্রিকভাবে মেট্রোরেল ব্যবহার করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ সেবা করার সুযোগ দিয়েছিল। সে জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। শেখ হাসিনার আগে ভাষণ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ অতি আনন্দের দিন, রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো।
মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা : ওবায়দুল কাদের -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন মেট্রোরেলের ভাড়া নিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুর ১২টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেছেন, দুর্নীতি পায়নি। অন্য কিছু পায় না। এখন বলে ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে, তখন নেত্রী বললেন, এটায় (মেট্রোরেলে) আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। শেখের বেটি দেখিয়েছেন, আমরা পারি। সেতুমন্ত্রী বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।
১০ মাসে বিপিসির লোকসান ৯ হাজার কোটি টাকা-কালের কণ্ঠ
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল বিক্রি করে প্রায় ৯ হাজার কোটি টাকা লোকসান করেছে। তবে পেট্রল ও অকটেন বিক্রিতে বিপিসি লাভ করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ বি এম আজাদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিজেল বিক্রি করে বিপিসি এখনো প্রতি লিটারে দু-তিন টাকা লোকসান করছে।
এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই। গতকাল মঙ্গলবার ভোলায় তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান এসব তথ্য জানান। এ বি এম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ১০৩ ডলার থাকলে আমরা ব্রেক ইভেনে থাকি। এর বেশি হলেই আমাদের লোকসান হয়। ’ গত নভেম্বর মাসে গড়ে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো আমাদের প্রতি লিটার ডিজেল বিক্রিতে দু-তিন টাকা লোকসান হচ্ছে।
আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না: খন্দকার মোশাররফ-মানবজমিন
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলে না। যারা গণতন্ত্র হত্যাকারী তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা গত ১৪ বছর ধরে দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সরকার ভয় পেয়ে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। ইতিপূর্বে আমাদের ৯টি বিভাগের গণসমাবেশ নিয়ে তারা যা করেছে তার নজিরবিহীন। ঢাকার গণসমাবেশ নিয়ে অনেক টালবাহানা করছে। পরে আমাদের নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কী নারকীয় তান্ডব চালিয়েছে। এটা স্বাধীন বাংলাদেশে কল্পনাও করা যায় না। তারা পরবর্তীতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র সাড়ে চার শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করেছে। কিন্তু সরকার আমাদের গণসমাবেশে জনতার ঢল থামাতে পারেনি।
বডিবিল্ডার জাহিদের পুরস্কারে লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি -ইত্তেফাক
দেশের ক্রীড়াঙ্গন এখন সরগরম বডিবিল্ডার জাহিদ হাসানের পুরষ্কারে লাথি দেওয়া নিয়ে। সেই ঘটনাটিই এবার তদন্ত করে দেখছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তাই প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখতে তদন্ত করছি আমরা।’
পুরষ্কারে লাথি দেওয়ার ওই ঘটনার তদন্তে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এর আগে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় জাতীয় ক্রীড়া পরিষদে পুরষ্কারে লাথি দেওয়ার ওই ঘটনা ঘটে। জাহিদ হাসানের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
আমার ঠাকুমাকেও নির্বাক পুতুল বলা হত’, ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিলেন রাহুল--সংবাদ প্রতিদিন
গেরুয়া শিবির বরাবরই তাঁকে কটাক্ষ করেছে ‘পাপ্পু’ বলে। কিন্তু তিনি, রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি এই ধরনের কটাক্ষে তাঁর কিছুই আসে যায় না। রাহুলের কথায়, ”যে নামেই ডাকা হোক, আমি সব নামকেই স্বাগত জানাই। ভালই লাগে। দয়া করে আরও বেশি করে আমার নাম নিন সবাই।” এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর মতে, এই ধরনের সম্ভাষণ থেকে পরিষ্কার যারা এমন বলে তারা আসলে ভয় পায় তাঁকে।
আপাতত ভারত জোড়ো যাত্রা সাময়িক বিরত রেখেছে কংগ্রেস (Congress)। ফের যাত্রা শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এই পরিস্থিতিতে সামনে এসেছে যাত্রা মুম্বইয়ে থাকাকালীন রাহুলের দেওয়া সাক্ষাৎকারটি। সেই সাক্ষাৎকারে ঠাকুমা ইন্দিরা গান্ধী (Indira Gandhi) সম্পর্কেও কথা বলেছেন কংগ্রেস নেতা। জানিয়েছেন, ”আমার ঠাকুমাকে ‘লৌহমানবী’ বলা হত। অথচ তার আগে ওঁকে ‘নির্বাক পুতুল’ বলে কটাক্ষ করা হত। কিন্তু আচমকাই সেই নির্বাক পুতুলই কালক্রমে হয়ে ওঠেন লৌহমানবী। চিরকাল লৌহমানবীই থেকে গিয়েছেন তিনি। আমারও কিছু এসে যায় না, যে নামেই ডাকা হোক। আমি কিছুই মনে করি না।”
শীশীতে ধুঁকছে আমেরিকা, বরফ সরতেই মিলছে দেহ! সাইক্লোন বোমায় মৃত্যু বেড়ে ৬২- আনন্দবাজার পত্রিকা
আমেরিকায় সাইক্লোন বোমার জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে বিধ্বস্ত গোটা দেশ। উত্তর আমেরিকা মহাদেশের অধিকাংশ এলাকা ঠান্ডায় জমে গিয়েছে। তাপমাত্রার পারদ নামতে নামতে পৌঁছে গিয়েছে হিমাঙ্কের অনেক নীচে। কোথাও কোথাও হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নীচেও নেমেছে পারদ।
আমেরিকায় সাইক্লোন বোমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাফেলো প্রদেশ। সেখান থেকেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গাড়ির ভিতর, বরফের নীচে, কোথাও আবার বাড়ির মধ্যে থেকেও পাওয়া গিয়েছে মৃতদেহ। কেউ বরফ সরাতে গিয়ে মারা গিয়েছেন, কারও মৃত্যু হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী সময়মতো পৌঁছতে না পারার কারণে।
পার্সটুডে/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।