জঙ্গিবাদকে আড়াল করতে গণগ্রেফতার-রিজভী, গ্রেফতার বাণিজ্য হচ্ছে না -আইজিপি
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
ঢাবির সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা আর নেই–ইত্তেফাক
বিএনপির ২ হাজার নেতাকর্মী গ্রেফতার : রিজভী-মানবকন্ঠ
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগ নেতা শ্রীঘরে- মানবজমিন
পুলিশের সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক আট হাজার-নয়া দিগন্ত
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল-সমকাল
মাহফুজ আনামের বিরুদ্ধে করা আরও ১০ মামলার কার্যক্রম স্থগিত-সমকাল
সংখ্যালঘু নিরাপত্তায় অন্য দেশের সহায়তার প্রয়োজন নেই- যুগান্তর
চলমান অভিযানে গ্রেফতার বাণিজ্য হচ্ছে না : আইজিপি-ইনকিলাব
কোলকাতা:
হিন্দুদের উৎখাত করছে মুসলিমরা, অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
যোধপুরে ভেঙে পড়ল মিগ ২৭, আহত কমপক্ষে ৩ -বর্তমান
প্রোমোটিংয়ের গ্রাসে বিপন্ন জলাভূমি-এইসময়
উত্তরপ্রদেশে নিরাপত্তা নেই। সবাই রাজ্য ছেড়ে চলে গেলেও অবাক হব না: মানেকা গান্ধী-আজকাল
রাজ্যসভায় কংগ্রেসের সঙ্গে ব্যবধান ১৫ থেকে ৩-এ কমিয়ে আনল বিজেপি– আনন্দবাজার
কলকাতায় বিরিয়ানির আড়ালে শরীরে ঢুকছে মারাত্মক বিষ!-সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের আজ পর্যন্ত মোট ৮ হাজারের বেশি গ্রেফতার হয়েছে। তো প্রথমে এ সম্পর্কিত খবর তুলে ধরছি।
সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার সাড়ে ৮ হাজার-মানবজমিন
জঙ্গী দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ‘সাঁড়াশি অভিযানে’ গ্রেপ্তারের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। পুলিশ সূত্র জানায়, তাদের বিশেষ অভিযানে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি আটক করেছে তারা। আটককৃতদের মধ্যে ১১৯ জনের বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩,২৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জঙ্গ সন্দেহভাজন ৩৪ জন। ১০ই জুন শুরু হওয়া এই অভিযান এক সপ্তাহ চলবে। এর আগে গত শুক্রবার সকাল থেকে গত শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। এরপর শনিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ৪৮ জনকে। জঙ্গি নয় এমন লেকদের মধ্যে অনেকে মাদক চোরাচালন, সহিংসতাসহ বিভিন্ন মামলার আসামী বলে দাবি করেছে পুলিশ।
'জঙ্গিবাদকে আড়াল করার জন্যই গণগ্রেফতার করা হচ্ছে'-ইত্তেফাক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'জনগণ মনে করে জঙ্গিবাদকে আড়াল করার জন্যই চলমান পুলিশি অভিযানের স্টিম রোলার দেশবাসীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাপে রয়েছে প্রতিনিয়ত তাদের বাসার সামনে সাদা পোশাকের আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যকে দাড়িয়ে থাকতে দেখা যায়। জঙ্গিবাদদের আটক ও জঙ্গিদের গুপ্ত আস্তানা ধ্বংস করার পরিবর্তে সরকার সাধারণ মানুষকে পুলিশি নির্যাতনের দিকে ঠেলে দিয়েছে।' সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের উগ্রবাদীদের হত্যাকাণ্ড নিয়ে প্রায় সাত হাজারের অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একুশ শ’র অধিক বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হচ্ছে অসংখ্য নিরীহ ও সাধারণ মানুষকে। পরোয়ানা ছাড়া গ্রেফতারে উচ্চ আদালতের নির্দেশনাকে সরকার ধৃষ্টতার সাথে অগ্রাহ করে চলেছে। অথচ মূল জঙ্গীদের এখনও চিহিৃত করতে পারেনি।
চলমান অভিযানে গ্রেফতার বাণিজ্য হচ্ছে না : আইজিপি-ইনকিলাব
দেশব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেফতার বাণিজ্য হচ্ছে না দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গ্রেফতার বাণিজ্যের আশঙ্কা করে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সমালোচনা করেন তিনি।
গ্রেফতার আটকে উপেক্ষিত আদালতের নির্দেশনা-যুগান্তর
‘স্যার, আমার পোলা একেবারে ছোট, ১২ বছর বয়স। ঢাকার কিছুই চিনে না। অথচ পুলিশ কয় হে নাকি গাঞ্জা বেচে’- একথা বলেই কান্নায় ভেঙে পড়েন ষাটোর্ধ্ব নূরজাহান বেগম। যুগান্তরকে তিনি বলেন, ‘বুধবার থেইক্যা পোলাডারে খুঁইজা পাই না। কত জায়গায় না খুঁজছি। কিন্তু কেউ কইতে পারে না। পরে শুক্রবার এক লোক ফোন কইরা কইলো তেজগাঁও শিল্পাঞ্চল থানায় খবর নিতে। কিন্তু থানায় গেলে পুলিশ প্রথমে ঢুকতেই দেয়নি। পরে এক পুলিশকে কিছু ট্যাহা দিয়া ভেতরে ঢুইক্যা দেহি আমার পোলা লোহার শিকের মধ্যে এক কোণায় বইস্যা রইছে। আমারে দেইখ্যা সে কি কান্না। চিক্কুর পাইরা শুধু কান্দে।’
রোববার পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণে যুগান্তরকে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ১২ বছরের শিশু মো. আলীর মা নূরজাহান বেগম। সংশ্লিষ্টদের অভিযোগ, মো. আলীর মতো প্রতিদিন শত শত মানুষকে গ্রেফতার করলেও উচ্চ আদালতের নির্দেশনার তোয়াক্কা করছে না পুলিশ। গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার বিধান থাকলেও সেটি অনুসরণ করা হচ্ছে না। এমনকি আটকের পর ছেড়ে দেয়া অথবা গ্রেফতার দেখানো- সবই চলছে পুলিশের ‘ইচ্ছেমাফিক’ সেই আগের নিয়মে।
বিদ্রোহী প্রার্থীর জন্যই ইউপিতে বিচ্ছিন্নভাবে সহিংসতা’-ইত্তেফাক
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, একই দলে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬’ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা ও একই দলে বিদ্রোহী প্রার্থী থাকা ইত্যাদি কারণে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগ নেতা শ্রীঘরে-মানবজমিন
নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে আটক করা হয়েছে জঙ্গি সন্দেহে। ওই নেতার নাম গাজী আব্দুল্লাহ আল মামুন (২৮)। রোববার বিকেলে উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মামুন লস্করপুর গ্রামের গাজী মশিয়ার রহমানের ছেলে। জেলা সদর থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস জানান, ছাত্রলীগের সভাপতি মামুনের বিরুদ্ধে জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ আছে। তাকে আটকের পর ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে
‘সংখ্যালঘু নিরাপত্তায় অন্য দেশের সহায়তার প্রয়োজন নেই’-যুগান্তর
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো দেশ বা সরকারের সহায়তা চাওয়ার প্রয়োজন নেই। দেশে চলমান চক্রান্তের অংশ হিসেবে সাধারণ নাগরিক ছাড়াও সংখ্যালঘুদের গায়ে হাত দেওয়া হচ্ছে। এটা সরকারকে বিব্রত করার জন্য করা হচ্ছে। তবে এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি।
রাজনৈতিক সমঝোতায় সমাধান-গুপ্তহত্যা জঙ্গি সন্ত্রাস ইস্যু-যুগান্তর
গুপ্তহত্যা বন্ধসহ চলমান সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। আর এ উদ্যোগ শাসক দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকেই নিতে হবে। তা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে ধাবিত হবে। সরকার যদি সমঝোতার পথে না গিয়ে দমনের পথ বেছে নেয় তাতে এ সংকটের সমাধান হবে না। বরং সংকট আরও বাড়বে। এমনকি কালক্ষেপণ করলে সমঝোতার সুযোগটাও হাতছাড়া হতে পারে। আর এর মাশুল শুধু সরকারকে নয়, পুরো দেশ ও জনগণকে দিতে হবে। এমনটাই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সংবিধান বিশেষজ্ঞসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।তাদের মতে, সরকার একরোখা মনোভাব পরিহার না করলে চলমান সংকটের সুযোগ নেবে তৃতীয় পক্ষ।
এডিপি বাস্তবায়ন হার ৪ বছরে সর্বনিম্ন-নয়া দিগন্ত
এডিপির আকার যতই বড় হচ্ছে, বাস্তবায়ন হার ততোই কমছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ১১ মাসে জুলাই থেকে মে পর্যন্ত উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন হার মাত্র ৬২ শতাংশ। যা গত চার বছরের মধ্যে সর্বনিম্নে। আজ সোমবার দুপুরে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্টিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। এ সময় সচিবসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, গত ২০১৪-১৫ তে একই সময়ে এই বাস্তবায়ন হার ছিল ৬৭ শতাংশ, ২০১৩-১৪তে ৬৬ শতাংশ এবং ২০১২-১৩তে ৬৭ শতাংশ। তিনি আশা করেন গত বছর বাস্তবায়ন হার ছিল ৯১ শতাংশ। এবারও বছর শেষে তেমনই হবে।
তিনি বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কম। এ জন্য জনবল বাড়াতে হবে। তিনি বলেন। এখন থেকে প্রকল্পের সময় দুবারের বেশি আর বাড়ানো হবে না। প্রকল্প পরিচালকেরা ঢাকায় থাকতে পারবে না। তাদেরকে প্রকল্প এলাকায় থাকতে হবে।
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল-সমকাল
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
সোমবার সকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমতাহিন বিল্লাহর আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মো. ইব্রাহিম। এর আগে রোববার তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের পক্ষ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দেওয়া হয়।
তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কে পি সাহা রোববার জানান, মরদেহ বিকৃত হওয়ায় ময়নাতদন্তে তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তবে তিনি বলেন, 'মৃত্যুর আগে তনুর সঙ্গে কারও শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে এটাকে ধর্ষণ বলা যায় না।'
তিনি মৃত্যুর কারণ নিশ্চিত হতে 'পারিপার্শ্বিক অবস্থা' বিবেচনায় অধিকতর তদন্তের কথা বলেন।
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
কালো টাকা নিয়ে শান্তিতে ঘুমোতে দেব না, দলীয় নেতাদের হুঁশিয়ারি মোদীর-আনন্দবাজার
সেপ্টেম্বরের পর কালো টাকা বিছানার তলায় নিয়ে শান্তিতে ঘুমোতে পারবেন না।
কংগ্রেসের দুর্নীতি নিয়ে যে নরেন্দ্র মোদী গত দু’বছর ধরে তোপ দেগে আসছেন, এমন এক মন্তব্য যদি বিরোধীদের উদ্দেশ্যে হত, তা-ও তার এক সহজ মানে ছিল। কিন্তু এই হুঁশিয়ারি প্রধানমন্ত্রী দিয়ে বসলেন তাঁর নিজের দলের নেতাদের। তা-ও আবার এক গোপন বৈঠকে। যে বৈঠকের সারবত্তা প্রকাশ্যে আনেননি বিজেপির কোনও নেতাই।
কলকাতায় বিরিয়ানির আড়ালে শরীরে ঢুকছে মারাত্মক বিষ!-সংবাদপ্রতিদিন
বিষাক্ত বিরিয়ানি! রবিবার শহরের একাধিক রেস্তোরাঁয় হানা দিয়ে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ৷ শহরের সব রেস্তোরাঁ না হলেও বেশ কিছু রেস্তোরাঁয় বিরিয়ানির সঙ্গে শরীরে ঢুকছে মারাত্মক ক্ষতিকারণ রাসায়নিক৷ ইতিমধ্যে অভিযুক্ত রেস্তোরাঁগুলির তালিকা তৈরি করেছে পুরসভার স্বাস্থ্য দফতর৷ দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা৷ পুরসভা সূত্রে খবর, যে সব রেস্তোরাঁর বিরিয়ানিতে ক্ষতিকারক রাসায়নিকের প্রমাণ মিলেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে৷
হিন্দুদের উৎখাত করছে মুসলিমরা, অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
উত্তরপ্রদেশের শামলি জেলার মুসলিম অধ্যুষিত কাইরানা শহরে হিন্দুদের উপর অত্যাচার করে, তাঁদের ঘরছাড়া করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
সোমবার মথুরা কাণ্ডে নিহত এসপি মুকুল দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, “বিজেপি অভিযোগ করছে, সমাজবাদী পার্টির সমর্থকরা না কি হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে। আর কত মিথ্যা বলবে বিজেপি!” উত্তরপ্রদেশে ভোটের আগে কাইরানায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না করে সার্বিক উন্নয়নের দিকে নজর দিক বিজেপি, কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩