আগস্ট ১২, ২০১৬ ১৫:৪০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার-প্রথম আলো
রাজধানীতে বিস্ফোরকসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার -ইত্তেফাক
জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : ফখরুল -মানবকণ্ঠ
নিখোঁজের ৮ দিন পর জামায়াত নেতার লাশ উদ্ধার-যুগান্তর
হাত বাড়ালেই অস্ত্র উদ্ধারে নেই তত্পরতা-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
মার্কিন বিমানবন্দরে ফের শাহরুখকে আটকে জেরা, পরে দুঃখ প্রকাশ -আনন্দবাজার
কাশ্মীর ইস্যুতে সুর নরম পাকিস্তানের -সংবাদ প্রতিদিন

রাজ্যের বরাদ্দ ছাঁটায় কেন্দ্রকে তোপ মমতার -আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুলশান হামলার ‘আরেক পরিকল্পক’ মারজান –প্রথম আলো
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল দায়িত্বে থাকা আরেক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান।   শুক্রবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।   তিনি জানান, গুলশান হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তার ছবি পাওয়া গেছে। নিজের ফেসবুকে মারজান গুলশান হামলার ছবি আপলোড করেছিল। 
  মনিরুল ইসলাম জানান, গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি মারজানের কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে। মারজানের বিষয়ে পুলিশ জানিয়েছ, তিনি শিক্ষিত, তামিমের পরের সারির নেতা তিনি। তবে তার আসল নাম-পরিচয় এখনও জানা যায়নি।

হাত বাড়ালেই অস্ত্র-উদ্ধারে নেই তত্পরতা, পাড়া-মহল্লার কিশোরদের বিরোধেও চলে গুলি- এটি বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন।
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডো অভিযানের পর গুলশানের হলি আর্টিজান থেকে অত্যাধুনিক ৫টি পিস্তল, ৩টি একে-২২ রাইফেল, বিস্ফোরিত শক্তিশালী গ্রেনেডের ৯টি সেইফটি পিন ও ৩০০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। অত্যাধুনিক ভয়ঙ্কর এ অস্ত্রশস্ত্র দেশে এসেছে গোপন পথে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে। কয়েক দিন আগে রাজধানীর সবুজবাগ থেকে ৩টি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় তারা জানিয়েছেন, যশোর সীমান্ত থেকে অস্ত্র কিনে এনে তারা ঢাকায় বিক্রি করেন। ৭.৬৫ বোরের পিস্তলগুলো তারা ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি করেন। অস্ত্রগুলো বেশির ভাগ ভারত ও পাকিস্তানের তৈরি। রাজধানীসহ সারা দেশে এখন ভয়ঙ্কর সব অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে আগ্নেয়াস্ত্র। বেশির ভাগ অস্ত্রই আসছে সীমান্ত এলাকা থেকে। সহজেই চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে। প্রতিনিয়ত হাতবদলও হচ্ছে এসবের। ভাড়ায় খাটছে অনেক অবৈধ অস্ত্র। এমনকি বৈধ অস্ত্রধারীরাও তাদের অস্ত্র ভাড়া দিচ্ছেন সন্ত্রাসীদের কাছে। আবার ভুয়া লাইসেন্স দেখিয়েও অস্ত্র কিনছে অনেক সন্ত্রাসী চক্র। এমন এক পরিস্থিতিতে জঙ্গি থেকে শুরু করে ছোট-বড় সব সন্ত্রাসীর হাতে এখন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র শোভা পাচ্ছে। পাড়া-মহল্লায় উঠতি মস্তানরাই শুধু নয়, ছিঁচকে ছিনতাইকারীরাও ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। ৩০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকায় বেচাকেনা হচ্ছে অবৈধ অস্ত্র। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কেনা ক্ষুদ্রাস্ত্র রাজধানীতে দেদার বিক্রি হচ্ছে। চাহিদা মেটাতে দেশের অন্তত ৩০টি সীমান্ত রুট দিয়ে ঢুকছে বিপুলসংখ্যক অবৈধ অস্ত্রের চালান। ভয়ঙ্কর একে সিরিজের অস্ত্র আসছে সমুদ্রপথে। ভারত, মিয়ানমার হয়ে দেশে আসা অবৈধ আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারা দেশে। এ কারণে রাজধানীতে প্রায় প্রতিদিনই ঘটছে গুলির ঘটনা। 

নিখোঁজের ৮ দিন পর জামায়াত নেতার লাশ উদ্ধার-যুগান্তর/প্রথম আলো
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ৮ দিন পরে স্থানীয় জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্নার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরো কর্মী নেবে জর্ডান-বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার-যায় যায় দিন
বাংলাদেশি শ্রমিক নিয়োগে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। বুধবার সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ মাধ্যম।
রিয়াদে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলম মসীহ জানান, বুধবার সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়টি জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে সৌদি আরব সফরে এসেছিলেন। তার সঙ্গে সৌদি আরবের বাদশাহ সালমান আল সৌদের মধ্যে বৈঠকের ফলাফল হলো বাংলাদিশ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার ঘোষণা। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় রাষ্ট্রদূত সৌদি আরবের বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : ফখরুল –মানবকণ্ঠ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গিবাদকে নির্মম অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ, উগ্রবাদ ও হিংস্রতা মাথাচাড়া দিয়ে উঠছে। দেশে যা চলছে, তা ভয়াবহ অশনি-সংকেত। দেশে গণতন্ত্র নেই। জনগণের মৌলিক অধিকার নেই। শাসকদল 
একদলীয় শাসন বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আমি কি রাস্তার লোক, চিঠির জবাব দেব- প্রথম আলো
বেঁধে দেওয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এও বলেন, ‘আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি।’

মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গে আ জ ম নাছির বলেন, ‘চিঠি দেওয়ার বিষয়টি শুনেছি। আমি আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে ফিরেছি। আজ অফিস বন্ধ। কালও বন্ধ। খোলার দিন অফিসে যাব। গিয়ে দেখব। দেখে অফিশিয়ালি যেটি করার সেটি করব। সাত দিনের মধ্যেই জবাব দেব।’

ঘুষের অভিযোগের পক্ষে প্রমাণ আছে কি না—এ ব্যাপারে জানতে চাইলে মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি এবং দায়িত্ব নিয়েই কথা বলব।’
প্রসঙ্গত গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি আরও অভিযোগ করেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’

জঙ্গি তালিকার ভয় দেখিয়ে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে প্রতারণা-যুগান্তর
বাগেরহাটে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে উড়োফোনে কথিত জঙ্গি তালিকায় নাম ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে মাদ্রাসা শিক্ষকদের সাথে প্রতারণার করছে একটি চক্র।

এমন উড়ো ফোনে জেলার মাদ্রাসা শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে আতংক।  

ফোন পেয়ে শিক্ষকদের কেউ কেউ ছুটে গেছেন জেলা ডিবি পুলিশের কার্যালয়, আবার কেউ কেউ গেছেন স্থানীয় থানা পুলিশের কাছে।

প্রতারক চক্রটি পুলিশের গোয়ন্দা বিভাগের পরিচয় দিয়ে মাদ্রাসা সুপার ও শিক্ষকদের বিভিন্ন নম্বর থেকে দফায় দফায় ফোন করে ভয় দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মার্কিন বিমানবন্দরে ফের শাহরুখকে আটকে জেরা, পরে দুঃখ প্রকাশ-আনন্দবাজার
ফের মার্কিন মুলুকে আটকানো হল শাহরুখ খানকে। ২০০৯-এ নিউ জার্সির পর ২০১২-তে নিউ ইয়র্কের বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল বলিউড বাদশাকে। এবার নিয়ে তিনবার  জিজ্ঞাসাবাদের জন্য আটকানো হল শাহরুখ খানকে। পরে অবশ্য মার্কিন বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই হেনস্থার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। টুইটে দুঃখপ্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও।
তবে তিনিই প্রথম নন। এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে আমির খান, মীরা শঙ্কর থেকে  ইরফান খান, দেশ-বিদেশের বিমানবন্দরে নানা কারণে ঝামেলায় পড়তে হয়েছে এমন সেলিব্রিটির সংখ্যা নেহাত কম নয়।

কাশ্মীর ইস্যুতে সুর নরম পাকিস্তানের-সংবাদ প্রতিদিন
কাশ্মীর সমস্যার সমাধানে যখন ভারতে সর্বদলীয় বৈঠক চলছে, তখনই এ ব্যাপারে নিজেদের কঠোর অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিল পাকিস্তান৷ সে দেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা শরতাজ আজিজ জানালেন, কাশ্মীর সমস্যা সমাধানে ভারতকে বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে৷

মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির প্রতি এক শ্রেণির কাশ্মীরি জনতার আবেগকে কাজে লাগিয়েই কাশ্মীর দখলের ছক কষেছিল পাকিস্তান৷

দিল্লির রাস্তায় দেড় ঘণ্টা পড়ে থেকে মৃত্যু বাঙালির! পাশ কাটালেন সকলেই-আনন্দবাজার
দিল্লি যান্ত্রিক। দিল্লি নিষ্ঠুর। নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরে রাজধানীর বাসিন্দাদের এই অমানবিক চেহারা নিয়ে চর্চা হয়েছিল বিস্তর।
প্রাণ দিয়ে ফের রাজধানীর সেই চেহারার প্রমাণ দিয়ে গেলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা মহম্মদ মতিবুর।
গ্রামের বাড়িতে রোজগার নেই। তাই বছর পনেরো আগে দিল্লিতে চলে এসেছিলেন বছর পঁয়ত্রিশের মতিবুর। সকালে রিক্সা চালাতেন। রাতে সেই রিক্সামালিকের গ্যারেজ পাহারা দিতেন।
গত কাল সকালে রাত পাহারার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের মতিবুর। আচমকাই পিছন থেকে একটি তিন চাকার ভ্যান এসে ধাক্কা মারে তাঁকে। ছিটকে পড়েন মতিবুর। বৃষ্টি ভেজা ভোরের সকালে সুভাষনগরের খোলা রাস্তায় পাক্কা দেড় ঘণ্টা ছটফট করে মারা যান তিনি। সিসিটিভি ফুটেজ বলছে, মতিবুরকে ধাক্কা মারা ভ্যানের চালক গাড়ি থেকে নেমে দেখে তিনি বেঁচে আছেন কি না। গাড়িতে রক্ত লেগেঠে কি না তাও পরীক্ষা করে। তার পর পালায়।
এর পরের ৯০ মিনিটে ৪০টি গাড়ি, ৮২টি অটো, ১৮১টি বাইক এবং জনা পঁয়তাল্লিশ ব্যক্তি মতিবুরকে দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। না দেখার অভিযোগ উঠেছে একটি পুলিশ ভ্যানের বিরুদ্ধেও। গোটা পর্বে থমকে দাঁড়িয়েছিল এক জন মাত্র রিক্সাওয়ালা। সে আহত মতিবুরের মোবাইলটি পকেটস্থ করে ফের রিক্সার প্যাডেলে চাপ দেয়।

বন্দুক দেখিয়ে সল্টলেকে ভিনরাজ্যের তরুণীকে ধর্ষণ
সল্টলেকের এক গেস্ট হাউসে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল৷ বিধাননগর উত্তর থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে পলাতক যুবকের সন্ধানে তদন্তে নামল পুলিশ৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২