ঢাকা বিভাগকে ভেঙে ছোট করা হবে: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ঢাকা বিভাগকে আরও ছোট করা হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
ব্লগার হত্যার পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিলে পুরস্কার-ইত্তেফাক
হেনস্তা করার কূটকৌশল প্রকট আকার ধারণ করেছে: ফখরুল--মানবজমিন
সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা--যুগান্তর
উত্তাল পদ্মা, কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌ চলাচল বিঘ্নিত -বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
সম্পর্কের টানাপোড়েনেই স্ত্রী-সন্তানকে খুন করে আত্মঘাতী যুবক--সংবাদ প্রতিদিন
বিচার বিভাগের সঙ্গে লড়াইয়ে বাকিদের পাশে চাইছে বিজেপি--আনন্দবাজার
জঙ্গি হামলায় হত ৩ রক্ষী, জম্মুতে সেনাপ্রধান -আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা বিভাগকে ভেঙে ছোট করা হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
নাগরিক সেবা বাড়াতে ভবিষ্যতে ঢাকা বিভাগকে ভেঙে আরো ছোট করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজ কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ করা হয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা আছে ঢাকা বিভাগকে আরেকটু ছোট করে দেয়া। প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হলে আমাদের ক্ষমতাকে আরও বিকেন্দ্রীকরণ করা একান্তভাবে প্রয়োজন।
রিজার্ভ হ্যাক: অর্থ ফেরতের জন্য মামলা করবে না বাংলাদেশ ব্যাংক-ইত্তেফাক
রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং মানি ট্রান্সফার কোম্পানী সুইফটের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলার উদ্ধারে মামলা না করে বরং তাদের সাহায্য চাওয়া হবে। গতকাল আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে বলা হয়, এ ধরনের সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে কোন ব্যাখ্যা দেননি তিনি। ফেডারেল রিজার্ভ এবং সুইটের ভুলের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ করেছিল বাংলাদেশ ব্যাংক ও এ বিষয়ে গঠিত তদন্ত সংস্থা। আর সে কারণেই ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ ব্যাংক।
সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-যুগান্তর/ইত্তেফাক/প্রথম আলো
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মানবজমিনের খবরে বলা হয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে।
অফশোর ব্যাংকিং ঋণ ৩২ হাজার কোটি টাকা-একাংশ পাচারের আশঙ্কা-বাংলাদেশ প্রতিদিন
অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে বিতরণকৃত মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার কোটি টাকা। এই ঋণের একটি অংশ পাচার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে অফসোর ব্যাংকিং সুবিধায় ৩৪০ কোটি টাকা পাচারের বিষয় ধরা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে। এ ছাড়া বিদেশে অফসোর কোম্পানি খুলে অর্থ পাচারের যে তথ্য পানামা পেপারস কেলেঙ্কারিতে উঠে এসেছে সেখানে এসব ঋণ গেছে কিনা সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে।
ব্লগার হত্যার পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিলে পুরস্কার-প্রথম আলো/ইত্তেফাক
ব্লগার, লেখক এবং প্রকাশক হত্যাকাণ্ডের মূল পরিকম্পলনাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সেলিম ওরফে ইকবাল ওরফে মামুনকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।
সৌদি যেতে সরকার নির্ধারিত অর্থের বেশি নিলে ব্যবস্থা-যুগান্তর
সৌদি আরবে যেতে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। এর বেশি অর্থ কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরবে দক্ষ অদক্ষ শ্রমিকের বাজার উন্মুক্ত হয়েছে। ওখানে শ্রমিক পাঠাতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে তা নির্ধারণ করে দেবে সরকার।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
বিচার বিভাগের সঙ্গে লড়াইয়ে বাকিদের পাশে চাইছে বিজেপি-আনন্দবাজার
শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতে এ বার অন্য রাজনৈতিক দলগুলিকে পাশে টানার চিন্তাভাবনা শুরু করল নরেন্দ্র মোদী সরকার। যদিও তাতে সাফল্য কতটা মিলবে, তা নিয়ে সংশয় রয়েছে সরকারের অন্দরেই।
এক দিকে বিচারপতি নিয়োগের নতুন প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতের সঙ্গে মোদী সরকারের মতভেদ মিটছে না। অন্য দিকে নিয়োগের জন্য নাম পাঠানো সত্ত্বেও মোদী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না বলে তোপ দেগেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর স্বয়ং। গোটা সরকারকে চমকে দিয়ে, সোমবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর লালকেল্লার বক্তৃতার কিছু পরেই এক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, কেন মোদীর দেড় ঘণ্টার বক্তৃতায় একবারও বিচারপতি নিয়োগের প্রশ্ন এল না?
সুপ্রিম কোর্ট বনাম মোদী সরকারের এই সংঘাতে আদালতের পাশেই দাঁড়াচ্ছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।
জঙ্গি হামলায় হত ৩ রক্ষী, জম্মুতে সেনাপ্রধান-আজকাল
বহু বছর বাদে জঙ্গি নিশানায় জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলা। মঙ্গলবার রাত ২.৩০ নাগাদ শ্রীনগর জাতীয় সড়কের উপর বারামুলা জেলায় পুলিস ও সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনা জওয়ান ও এক পুলিস কর্মীর। আহত হন পাঁচ জন। রাতের অন্ধকারে সড়কের উপরেই প্রায় ২০ মিনিট ধরে গুলি লড়াই চলে। বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতীয় সেনাকে।
সম্পর্কের টানাপোড়েনেই স্ত্রী-সন্তানকে খুন করে আত্মঘাতী যুবক-সংবাদ প্রতিদিন
স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পেরে সন্তান-সহ স্ত্রীকে পরিকল্পনা করেই খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী৷ স্ত্রীকে এক সহকর্মীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখার পর থেকেই বিবাদ শুরু আর তার জেরেই এই ঘটনা৷ এমনই মনে করছেন মৃতের পরিবার ও তদন্তকারীরা৷ বারাসতের ন’পাড়ার একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুর পর এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ মৃতের আত্মীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্ত্রী ঈশিতাকে নবদ্বীপে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে দমদমের বাপের বাড়ি থেকে নিয়ে আসেন সুরজিৎ৷ এর পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি৷ সোমবার বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় তিনজনের পচাগলা দেহ৷ তাই সুরজিৎ খুন করার উদ্দেশ্যেই স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে এসছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭