আগস্ট ১৮, ২০১৬ ১৫:৩৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
সুবিদ আলীর ‘জরুরি সংবাদ সম্মেলন’-প্রথম আলো
গৃহস্থালিতে নয়, চুরি ও লুটপাটেই গ্যাস উজাড়-যায় যায় দিন
কর্মরত পুলিশ সদস্যরা আহত হলে বিনামূল্যে চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী--মানবজমিন
জামিন নাকচ, কারাগারে রিজভী--যুগান্তর
বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে' -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
চিটফান্ড রুখতে নয়া ডিরেক্টরেট মমতার--আনন্দবাজার
শীর্ষ আদালতে গড়াল সেনাপ্রধানদের কোন্দল-আজকাল


পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। এইচএসসি পরীক্ষার ফলাফলের খবর প্রথমেই তুলে ধরছি।
প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, পাশের হার ৭৪.৭ শতাংশ-মানবজমিন
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে  দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এবছর এসএইচসি পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৪ শিক্ষার্থী। এর মধ্যে সিলেট বোর্ডে পাশের হার শতকরা ৬৮.৫৯ শতাংশ, কুমিল্লায় ৬৪.৪৯ শতাংশ ও রাজশাহীতে ৭৫.৪০ শতাংশ। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ এপ্রিল। প্রধানমন্ত্রী এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্রথম আলোর একটি খবরে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, এবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

জামিন নাকচ, কারাগারে রিজভী-যুগান্তর
নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন রিজভী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। 

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: রিজভী ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন: খালেদা
অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে রিজভীর মুক্তি দাবি করে খালেদা জিয়া বলেন, 'রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। তার জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি।'

যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৩১ আগস্ট আদালতে  হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।  
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ নির্দেশ দেন।
আজ আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে বিচারক প্রথমে ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।

 গৃহস্থালিতে নয়, চুরি ও লুটপাটেই গ্যাস উজাড়-যুগান্তর
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে উৎপাদিত মোট গ্যাসের ১২ শতাংশ গৃহস্থালির কাজে ব্যবহৃত হলেও তার চেয়ে বেশি গ্যাস ফুরোচ্ছে সিস্টেম লসের নামে পুকুরচুরি, অনিয়ম-দুর্নীতি, অপচয় আর অবৈধ সংযোগে। বিষয়টি ওপেনসিক্রেট হলেও তা ঠেকাতে কখনো কোনো উদ্যোগ নেয়নি সরকার। বরং দুর্নীতিবাজদের পকেট ভরতে বিভিন্ন সময় নতুন নতুন সুযোগ করে দেয়া হয়েছে। তাই এ চক্র এবার সরকারকে নয়-ছয় বুঝিয়ে আবাসিকের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সে পথ আরো প্রশস্ত করার পাঁয়তারা চালাচ্ছে বলে অনেকেই অভিযোগ তুলেছে।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, সরকার বিশেষ উদ্দেশ্যে বিদেশ থেকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির টার্গেট করেছে। আর সেই প্রকল্প সফল করতেই গৃহস্থালির কাজে দেশীয় গ্যাস সরবরাহ বন্ধ করার চিন্তাভাবনা করছে।
তাদের ভাষ্য, অনিয়ম-দুর্নীতি, অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লসের নামে প্রতিদিন যে গ্যাস চুরি হচ্ছে তা ঠেকানো গেলে বাসা-বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন হবে না। বরং সেখান থেকে উদ্বৃত্ত গ্যাস শিল্প-কারখানায় সরবরাহ করা যাবে। অথচ সরকার সে পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। যার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

সুবিদ আলীর ‘জরুরি সংবাদ সম্মেলন’-প্রথম আলো
জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ দাবি করা আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ‘জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা-২ এর পরিচালক লাবণ্য আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির মাননীয় সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্য গণমাধ্যমে বিকৃতভাবে প্রকাশ ও প্রচারের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।’
বুধবার সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ দাবি করেন সুবিদ আলী। ওই বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

'বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে'-কালের কন্ঠ
 খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন। খাদ্যমন্ত্রী এসময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলা করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে। দেশে আর কোন অরাজকতা সৃষ্টি করা হলে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। 

 রহস্যই থেকে গেলেন ইলিয়াস আলী–বাংলাদেশ প্রতিদিন
বৃহত্তর সিলেটের প্রখ্যাত রাজনীতিক আবদুস সামাদ আজাদ, সাইফুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, এস এম কিবরিয়াদের যোগ্য উত্তরসূরি হিসেবেই দেখা হচ্ছিল ইলিয়াস আলীকে। তিনিও চলছিলেন সে পথে দুর্বার গতিতে। বৃহত্তর সিলেটের গণ্ডি পেরিয়ে ক্রমেই জাতীয় রাজনীতিতে এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সব থমকে যায় ২০১২ সালের ১৭ এপ্রিল। সেদিন মধ্যরাতে ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। এরপর কেটে গেছে ৫২ মাস। কিন্তু আজও উদঘাটন হয়নি ইলিয়াস আলী ‘নিখোঁজ রহস্য। 

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
 

কাশ্মীর নিয়ে ভন্ডুল হতে পারে সার্কই-আনন্দবাজার
ভারত-পাকিস্তান চলতি ছায়াযুদ্ধের জেরে অনিশ্চিত হয়ে পড়েছে সার্ক শীর্ষ বৈঠক। নভেম্বরে ইসলামাবাদে হওয়া এই শীর্ষ বৈঠকে ভারত আদৌ যোগ দেয় কি না, তার ওপরই নির্ভর করছে সব কিছু।
দিল্লি ও ইসলামাবাদের ছায়াযুদ্ধের কেন্দ্রবিন্দু অবশ্যই সেই কাশ্মীর। চার সপ্তাহ হয়ে গেল লাগাতার কার্ফু, প্রাণহানি ও সংঘর্ষ চলছে উপত্যকায়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত-বিরোধী প্রচার চালানোর কৌশল নিয়েছে পাকিস্তান। পাল্টা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লার মঞ্চ থেকে বালুচিস্তানের প্রসঙ্গ তোলায় দ্বৈরথ নতুন মাত্রা পেয়েছে।

শীর্ষ আদালতে গড়াল সেনাপ্রধানদের কোন্দল-সংবাদ প্রতিদিন
প্রাক্তন সেনাপ্রধান, এখনকার কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক নথিতে যদিও সরাসরি ভি কে সিংয়ের নাম করেননি জেনারেল সুহাগ, তবে স্পষ্ট বলেছেন, তদানীন্তন সেনাপ্রধান রহস্যময় কারণে, ক্ষতিকর উদ্দেশ্যে, অকারণে শাস্তি দিতে তাঁর পদোন্নতিতে বাগড়া দিয়েছিলেন। এই প্রথম দেশের কোনও সেনাপ্রধান তাঁর পূর্বসূরির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ শীর্ষ আদলতকে জানালেন। যদিও জেনারেল সুহাগের এই বক্তব্য নতুন নয়। ২০১২ সালে সামরিক আদালতের সামনে একই কথা বলেছিলেন।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮