'অপারেশন 'হিট স্ট্রংয়ে' তামিমসহ ৩ জঙ্গি নিহত'
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
নৌ-ধর্মঘটে স্থবির ব্যবসা-বাণিজ্য-মানবজমিন
পাবনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ-যুগান্তর
মীর কাসেমের রিভিউ আবেদন শুনানি রোববার-ইত্তেফাক
ফরিদপুর শাখা প্রধানসহ আনসারউল্লাহ'র ৪ সদস্য আটক-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
হরিয়ানা বিধানসভায় ধর্ষণ কমানোর দাওয়াই দিলেন নগ্ন সাধু-সংবাদ প্রতিদিন
টেট মামলা তুললে ৬৫ হাজার শিক্ষকের নিয়োগ ১৫ দিনে, আশ্বাস মমতার-আনন্দবাজার
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন, হত ৪-আজকাল
শ্রোতাবন্ধুরা ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
অপারেশন 'হিট স্ট্রংয়ে' তামিমসহ ৩ জঙ্গি নিহত-যুগান্তর
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বড় কবরস্থানে একটি বাড়িতে অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার 'মূলহোতা' তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টা ধরে অপারেশন 'হিট স্ট্রং-২৭' নামে এ অভিযান পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পাইকপাড়ার 'দেওয়ান বাড়িতে' অভিযানে জঙ্গিনেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত বাকি জঙ্গিদের নাম-পরিচয় জানাতে পারেননি।
কানাডা প্রবাসী বাংলাদেশী তামিম চৌধুরীকে গুলশান ও শোলাকিয়া ঈদগাহে হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তাকে ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
‘জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল’-ইত্তেফাক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেয়া হয়েছিল। জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোড়ায় বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম-তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
নারায়ণগঞ্জ অভিযানের মধ্য দিয়ে জঙ্গি তামিম চৌধুরী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ। বাকি পলাতক জঙ্গিদের আমরা শিগগিরই ধরতে পারব বলে আশা করি।’
জঙ্গিদের সবাইকে নির্মূল করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।
চাকরি বাজারে বিদেশিদের আধিপত্য-বাংলাদেশ প্রতিদিন
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিশেষ বিশেষ ক্ষেত্রের চাকরির বাজারে ক্রমেই বিদেশিদের আধিপত্য বাড়ছে। অনেক ক্ষেত্রে যোগ্য বাংলাদেশি থাকার পরও নিয়োগ দেওয়া হচ্ছে বিদেশিদের। আবার বাংলাদেশি কর্মী ছাঁটাই করে বিদেশিদের নিয়োগ দেওয়ার ঘটনাও সম্প্রতি ঘটিয়েছে ঢাকায় অবস্থিত কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি। টেলিকম খাতের অন্যতম কোম্পানি হুয়াইতে এক যুগের বেশি সময় কাজ করার পরও ছাঁটাই হতে হয়েছে অর্ধশতাধিক বাংলাদেশিকে। তাদের পরিবর্তে চীন, কোরিয়া, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা পাচ্ছেন নতুন নিয়োগ। চাকরিচ্যুত বাংলাদেশিদের যৌক্তিক কোনো কারণও দর্শাচ্ছেন না নিয়োগ কর্তারা। বিপরীত দিকে যথাযথ অনুমোদন ছাড়া ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরিতে যোগ দিচ্ছেন বিদেশিরা। অবশ্য শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোই নয়, বাংলাদেশি অনেক কোম্পানিও এখন বিদেশি কর্মকর্তা নিয়োগের দিকে ঝুঁকছেন। অনেকেই বিদেশি কর্মকর্তা নিয়োগ করলে নিজের কোম্পানির সম্মান বাড়ছে বলে মনে করছেন। তাই বিশেষজ্ঞ বা কারিগরি কোনো কাজে নয়, নিছক প্রশাসনিক দায়িত্বেও নিয়োগ পাচ্ছেন বিদেশিরা। ফলে উৎসাহ হারাচ্ছেন আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশি চাকরি প্রত্যাশীরা। দেশ হারাচ্ছে মেধাবী ও দক্ষ কর্মীদের।
হায়েনার সঙ্গে কখনও ঐক্য হতে পারে না-যুগান্তর
হায়েনার সঙ্গে কখনও ঐক্য হতে পারে না। যারা জঙ্গি সৃষ্টি করে, লুটপাট চালিয়ে ধ্বংস করতে চায় দেশকে। তাদের সঙ্গে ঐক্য নয়। বাঘ আর হরিণে কখনও ঐক্য হতে পারে না। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুরর্বাসন ও প্রণোদনা কর্মসূচির এক অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না-প্রধানমন্ত্রী-যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে শনিবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিচিত্র দেখানো হয়।
জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার হবে আত্মঘাতী: বিএনপি-ইত্তেফাক
জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করে নেয়া হলে তা ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত হবে বলে সরকারকে সতর্ক করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা (সরকার) এ রকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সংবাদে আমরা এবং গোটা জাতি বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছি।’
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে দুটি পত্রিকায়। এরপর বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।
নৌ-ধর্মঘটে স্থবির ব্যবসা-বাণিজ্য-মানবজমিন
নৌ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। পণ্যবাহী সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ফলে দেশের নৌপথে পরিচালিত ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে।এদিকে নৌপথে পণ্য পরিবহন মুখ থুবড়ে পড়ায় বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন সংকট ও বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকরা সোমবার (২২শে আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেন।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সন্ত্রাসের অভিযোগে জাকিরের বিরুদ্ধে মামলার পথে কেন্দ্র-সংবাদ প্রতিদিন
জাকির নায়েকের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বিতর্কিত ইসলাম প্রচারক ও জনপ্রিয় টেলি-ব্যক্তিত্ব জাকির নায়েকের বিরুদ্ধে ৫০ জনেরও বেশি ব্যক্তিকে সন্ত্রাসবাদে অনুপ্রাণিত করা ও ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ বা আইআরএফ-এর ছাতার তলায় দেশবিরোধী কাজকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ আনছে কেন্দ্র৷
সরকারি সূত্রে খবর, জাকিরকে সাঁড়াশি চাপে ফেলতে দু’টি অ্যাকশন প্ল্যান ছকে ফেলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একদিকে যেমন জাকিরের বিরুদ্ধে ঢাকার গুলশন হামলায় অভিযুক্তদের অনুপ্রাণিত করার অভিযোগ আনা হচ্ছে, তেমনই, দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ফেসবুকের মতো প্রচারমাধ্যমে তাঁর বক্তব্যের সিডিও তৈরি করে ফেলেছেন গোয়েন্দারা৷ যেখানে জাকির বারবার মুসলিম যুবকদের হাতে অস্ত্র তুলে ‘কাফের’দের উপযুক্ত শাস্তি দিতে বলেছেন৷
হরিয়ানা বিধানসভায় ধর্ষণ কমানোর দাওয়াই দিলেন নগ্ন সাধু-সংবাদ প্রতিদিন
গালে ফ্রেঞ্চ কাট দাড়ি৷ চোখে চশমা৷ চেহারায়, চাকচিক্যে আধুনিক হলেও তিনি একেবারে নগ্ন৷বিধানসভায় বসে আছেন মন্ত্রী, এমএলএ-দের বসার জায়গার বেশ উপরেই৷ আর শোনাচ্ছেন একের পর এক ‘কড়ে বচন’৷
বিধানসভার বাদল অধিবেশনে প্রথমবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিয়ানা৷ ‘কড়ে বচন’ সেশনে বাইরে থেকে আমন্ত্রিত হয়ে কেউ তাঁর ভাবনা জানাতে পারেন৷ সেখানেই রামবিলাস পাসোয়ানের আমন্ত্রণে হাজির হয়েছিলেন জৈন ধর্মাবলম্বী এই সাধু৷ শোনালেন তাঁর ভাবনার কথা৷ সাম্প্রতিক নানা ইস্যুতে কী তাঁর মতামত? রাজনীতির উপর ধর্মের নিয়ন্ত্রণ জরুরি বলেই মনে করেন তরুণ সাগর নামে এই দিগম্বর সাধু৷ ধর্ম তাঁর কাছে স্বামীর মতো, রাজনীতি সেখানে পত্নী৷ অর্থাৎ পত্নী তথা মহিলাদের উপর পতি তথা পুরুষের নিয়ন্ত্রণকেই জোর গলায় প্রচার করলেন সাধু৷ তাঁর বক্তব্য, পত্নী তথা রাজনীতির নিয়মের অনুশাসনে থাকা বাধ্যতামূলক৷ আর তাই এর উপর ধর্মের নিয়ন্ত্রণও প্রাসঙ্গিক৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭