সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৫:৩৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা সহজ নয়: স্বাস্থ্যমন্ত্রী- প্রথম আলো
-মানবজমিন
স্কুলছাত্রী রিশার সন্দেহভাজন খুনী ওবায়দুল ৬ দিনের রিমাণ্ডে-যুগান্তর
জিকা শনাক্তে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
লাগাতার কর্মবিরতির হুমকি বাস মালিক-শ্রমিকদের-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
গান্ধী হত্যায় দায়ী আরএসএস, বক্তব্যে অনড় রাহুল-সংবাদ প্রতিদিন
রাস্তা থেকে তুলে ধর্ষণ, খালে বালিকার দেহ-আনন্দবাজার
রান্নার গ্যাসের দাম ফের বাড়ল-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
বিজিবিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ‘সীমান্ত ব্যাংক’-প্রথম আলো
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালনায় বিজিবির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণের লক্ষ্যে সীমান্ত ব্যাংক নামে একটি তফসিলি ব্যাংকের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানার ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির উদ্বোধন করেন তিনি।
সীমান্ত ব্যাংকের উদ্বোধন এ বাহিনীর সব সদস্যের জন্য সরকারের পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, এই ব্যাংক বিজিবির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণ বয়ে আনবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।’

১০ সেপ্টেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের অনুরোধ-বাংলাদেশ প্রতিদিন/প্রথম আলো
১০ সেপ্টেম্বরের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে বলেছেন তিনি।
সচিবালয়ে আজ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক আলোচনা সভায় এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের সময় টাকা বহন করার জন্য যে যখন নিরাপত্তা চাইবে, নিরাপত্তার জন্য পুলিশ দেয়া হবে। এ ছাড়া নাশকতা প্রতিরোধে ঈদগাহগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

প্রাণভিক্ষার জন্য আবারও সময় চেয়েছেন মীর কাসেম-যুগান্তর
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য আবারও সময় চেয়েছেন। 
বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলসুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য জানিয়েছেন। 
প্রশান্ত কুমার বনিক জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি প্রাণভিক্ষা চাওয়ার জন্য আবারও কিছু  সময় চেয়েছেন। তবে সেই সময় কতটা এটা নিশ্চিত করে তিনি কিছু জানান নি। 
এ বিষয়ে জেলসুপার সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলীকে এ সময়টা আর কতটুকু দেয়া হতে পারে সেটা সরকার ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।


পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিল বিভাগের রায়-শপথ ভঙ্গ করেছেন সরকারের দুই মন্ত্রী-ইত্তেফাক
বিচার ব্যবস্থা নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করায় সরকারের খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শপথ ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ বলেছেন, বিচারপতি ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দুই মন্ত্রী বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদাকে খাটো করেছেন। তাঁরা সর্বোচ্চ আদালত নিয়ে কুৎসা রচনা করেছেন। আর এ কুৎসা রটনা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আর এই উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে তারা আইনভঙ্গ করেছেন। সংবিধান সুরক্ষা ও সমুন্নত রাখার দায়িত্ব পালনে যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করেছেন এই দুই মন্ত্রী। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের যে শপথ করেছিলেন সেটিও ভঙ্গ করেছেন। আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে এ রায় দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের রাজনীতি বিষয়ক প্রতিবেদন: অগোছালো সংগঠন, সাজা নিয়ে আতঙ্ক
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, ঊনচল্লিশ বছরে পা রাখল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় জন্ম নেওয়া এ দলটি আজ নানা সংকটের আবর্তে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আজ বিচারের মুখোমুখি। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের বেশ কিছুদিন পর কমিটি ঘোষণা হলেও নানা দুর্বলতায় ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। কাঁচা হাতে করা কমিটি গঠনে হয়েছে নানা ত্রুটিবিচ্যুতি। সারা দেশে পুরো দলই এখন অগোছালো। বিগত ৫ জানুয়ারি সরকারবিরোধী নিষ্ফল আন্দোলনে নেতা-কর্মীরা মামলা-হামলায় কাবু। দীর্ঘ ৯ বছর ক্ষমতার বাইরে থাকা এ দলের ‘ঢাউস’ কমিটি হলেও নতুন নির্বাচনের আন্দোলনে ফলপ্রসূ কোনো ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রবাস বন্ধু কল সেন্টার উদ্বোধন-যুগান্তর
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসবন্ধু কল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ কল সেন্টার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।  
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টার আর একটি নতুন সংযোজন হলো প্রবাসবন্ধু কল সেন্টার।  
  
প্রবাসে কর্মরত কর্মীদের সেবা প্রদানে এ কল সেন্টার একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশী কর্মীরা বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। সেই প্রবাসী বন্ধুদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার জন্য এখন থেকে এ কল সেন্টার কাজ করবে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গান্ধী হত্যায় দায়ী আরএসএস, বক্তব্যে অনড় রাহুল-আনন্দবাজার
২০১৪ সালে এক জনসভায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য দায়ী সংঘ পরিবার৷ আর তাঁর এই বক্তব্যের জন্যই দিন কয়েক আগে আরএসএস-এর এক সদস্য তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ সংঘ পরিবারের বিরুদ্ধে এমন মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে৷

রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিঙ্গুরে জমি ফেরাতে তৎপর মমতা-সংবাদ প্রতিদিন
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা দেখালেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের জমিতে সমীক্ষা চালাবে রাজ্য সরকার। সমীক্ষা চালানোর পর চার সপ্তাহের মধ্যে কৃষকদের জমির ভাগ নির্ধারণ করা হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১