পদ্মা সেতু ইস্যু: ড. ইউনূস, টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: আ.লীগ
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মেয়র মিরুসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর-ইত্তেফাক
- ড. ইউনূস, টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: আ.লীগ-প্রথম আলো
- বিচারকদের শৃংখলাবিধি গেজেট প্রকাশে শেষ সময় ২৭ ফেব্রুয়ারি-যুগান্তর
- প্রমাণ করেছি দুর্নীতি করিনি : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- বাংলাদেশে কোনো গরিব থাকবে না : অর্থমন্ত্রী-কালের কণ্ঠ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরসহ ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেফতার- সমকাল
- টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার-বাংলাদেশ প্রতিদিন
- বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড-মানবজমিন
- বাংলাদেশে কোনো গরিব থাকবে না : অর্থমন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভারতে হিন্দুদের জনসংখ্যা কমছে, বাড়ছে সংখ্যালঘুরা: রিজিজু-সংবাদ প্রতিদিন
- শশীকে শেষবার কী বলেছিলেন আম্মা?-আজকাল
- ওদের মদের নেশা, খুনের পরিকল্পনা, ঠান্ডা মাথা দাগি অপরাধীদের হার মানায়-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
প্রমাণ করেছি দুর্নীতি করিনি : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চ্যালেঞ্জ ছিল, প্রমাণ করেছি আমার কোনো দুর্নীতি করিনি। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা সেতু প্রকল্প নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিকে প্রথম আলোর খবর- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়টি বিশ্বব্যাংক প্রমাণ করতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ধন্যবাদ জানানো হয়।
মন্ত্রিপরিষদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বারবার বলেছেন, এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, হয়ে থাকলে বিশ্বব্যাংককে তা প্রমাণ করতে হবে। কিন্তু বিশ্বব্যাংক সেটি প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। এটি প্রধানমন্ত্রীর অবিচল অবস্থানের কারণেই সম্ভব হয়েছে।
পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বিশ্বব্যাংক বাংলাদেশকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী-সাংসদেরা। তারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে।
ড. ইউনূস, টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: আ.লীগ-প্রথম আলো
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে ড. মুহাম্মদ ইউনূস, টিআইবি ও বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ষড়যন্ত্র করেছিলেন। তাঁদের এখন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বিষয়ে আজ সোমবার আনুষ্ঠানিক ব্রিফিং করে আওয়ামী লীগ। সেখানেই দলের প্রচার সম্পাদক ও অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ এসব কথা বলেন।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ ব্যক্তিকে ই-মেইল দিয়েছিলেন।
মেয়র মিরুসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর-ইত্তেফাক
সাংবাদিক আব্দুল হাকিম হত্যা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে শুনানি শেষে শাহজাদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা ও ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের দুই মামলায় পৃথক শুনানি হয়। শুধু হত্যা মামলায় মেয়র মিরু ও তার দুই ভাই মিন্টু-পিন্টুসহ ছয়জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
বিচারকদের শৃংখলাবিধি গেজেট প্রকাশে শেষ সময় ২৭ ফেব্রুয়ারি-যুগান্তর
অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা সংক্রান্ত গেজেট প্রকাশে সরকারকে শেষবারের মতো ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিলেন আপিল বিভাগ।
রোববার সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আবারো সময় আবেদন করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আবেদন গ্রহণ করে শেষবারের মতো সরকারকে এই সময় দিলেন বলে আদেশে উল্লেখ করা হয়।
আপিল বিভাগের আদেশে বলা হয়, আশা করি এই সময়ের আগেই অথবা ২৭ ফেব্রুয়ারি অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার তা আদালতকে জানাবেন।
এর আগে গতকাল রোববার অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা সংক্রান্ত গেজেট প্রকাশে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এবং সময় ক্ষেপণের বিষয়ে আজ সোমবারের মধ্যে লিখিত ভাবে জানাতে নিদের্শ দিয়েছিলেন আপিল বিভাগ।
এদিন অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত পৃথক বিধিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করতে আপিল বিভাগের নির্দেশ ছিল। কিন্তু সময় চাইলে আদালত একদিনের মধ্যে সময় ক্ষেপণের ব্যাখ্যা তলব করেছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরসহ ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেফতার- সমকাল
রাজধানীর মিরপুর এলাকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, ডেপুটি রেজিস্টার ও উপ পরিচালককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন- প্রোক্টর ও উপ-রেজিস্টার এইচ এন তায়েহীদ জামাল, ডেপুটি রেজিস্টার (আইন শাখা) সিদ্দিকুর রহমান স্বপন ও উপ পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) শেখ মো. মোফাজ্জল হোসেইন। দুদকের জন সংযোগ বিভাগ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক সূত্র জানায়, ২০১২ সালে আব্দুল হাফিজ নামের এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের অবৈধভাবে সিলেকশন গ্রেড প্রদান করে সরকারের ১ কোটি ৪ লাখ ৩৯৩ টাকা ক্ষতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশে কোনো গরিব থাকবে না : অর্থমন্ত্রী
আগামী ২০২৪ সালে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, যদিও বিশ্ব সভ্যতার টার্গেট অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হওয়ার কথা কিন্তু বাংলাদেশ তার আগেই দারিদ্র্যমুক্ত হবে। ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৬০ শতাংশ। বর্তমানে এই হার ২২ শতাংশ। ২০২৪-২৫ সালে এই হার আরো কমে আসবে।
নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ-নয়া দিগন্ত
প্রধান (সিইসি) নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, রাষ্ট্রপতি ইসি নিয়োগ দিতে পারেন।
আদালতে আজ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড-মানবজমিন
বিমান পরিচালনায় বাধা সৃষ্টি করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরী হচ্ছে। গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। আইনটির চূড়ান্ত অনুমোদনের আগে আজ সোমবার নতুন করে বিভিন্ন অপরাধের জন্য সাজার মাত্রা বাড়িয়ে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিমান চলাচলে বাধা সৃষ্টি করে এবং মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তবে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলাম সাংবাদিকদের বলেন, ১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এই খসড়া তৈরি হয়েছে।
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার-বাংলাদেশ প্রতিদিন
কক্সবাজারের টেকনাফের হ্নীলা পয়েন্ট দিয়ে পাচারের সময় ২ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোর ৫ টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে হ্নীলা বিওপির জওয়ানরা হ্নীলা ইউনিয়নের উয়াব্রাং লবণের মাঠ এলাকা থেকে ইয়াবার এই চালনটি আটক করে। তবে চোরাচালানকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে বস্তায় মুড়ানো প্যাকেটগুলো ফেলে কেওড়া বন দিয়ে নাফনদীর দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ। এগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ওদের মদের নেশা, খুনের পরিকল্পনা, ঠান্ডা মাথা দাগি অপরাধীদের হার মানায়-আনন্দবাজার
নিয়মিত মদের আড্ডায় বসত ওরা। মদ কেনার টাকা নিয়েই মৃদু খটাখটি। হঠাৎ আঁতে লেগে যাওয়া। তার পরেই খুনের পরিকল্পনা।
১৫-১৭ বছরের তিন কিশোর, পাড়ার লোকে যাদের হরিহর আত্মা বলে জানত— তাদের মধ্যে খুন হয়ে গেল এক জন। ১৫ বছরের দেবাশিস ভৌমিক। খুনের অভিযোগ উঠল অন্য দুই বন্ধুর নামেই। পুলিশের দাবি, জেরায় দুই কিশোর কবুল করেছে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন। খুনের আগেও একপ্রস্ত মদ্যপান। তার পর সেই মদের বোতল দিয়েই বন্ধুর মাথায় আঘাত। কৃষ্ণনগরে বৃহস্পতিবারের এই ঘটনায় শনিবার রাতে দুই কিশোর গ্রেফতার হয়।
ভারতে হিন্দুদের জনসংখ্যা কমছে, বাড়ছে সংখ্যালঘুরা: রিজিজু-সংবাদ প্রতিদিন
কংগ্রেসের অভিযোগের মোক্ষম জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কিরেণ রিজিজু জানালেন, ভারতে হিন্দুদের সংখ্যা ক্রমশই কমছে৷ টুইট করে সোমবার তিনি এই কথা জানিয়েছেন৷
ঘটনার সূত্রপাত অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগকে ঘিরে৷ তাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে অরুণাচল প্রদেশকে হিন্দু রাজ্যে পরিণত করতে চাইছে৷ এই অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে বলেন, “ভারতে হিন্দুদের সংখ্যা কমছে, কারণ হিন্দুরা জোর করে কাউকেই ধর্মান্তরিত করে না৷”
তাঁর অভিযোগ, অতি উৎসাহিত হয়ে কংগ্রেস প্ররোচনামূলক দাবি করছে৷ হিন্দুরা কখনই জোর করে কাউকে নিজেদের ধর্ম গ্রহণ করতে বলে না৷ আর তাই ভারতে সংখ্যালঘুদের জন্মের হার বিস্ফোরক হারে বাড়ছে৷ কোনও প্রতিবেশী রাষ্ট্রে এরকম দ্রুতহারে সংখ্যালঘুরা বাড়ছেন না৷
শশীকে শেষবার কী বলেছিলেন আম্মা?-আজকাল
শিবিরে ভাঙন রুখতে এবার আম্মাকেই হাতিয়ার করলেন শশিকলা। তাঁর শেষ কথাতেই বেঁধে রাখতে চাইলেন বিধায়কদের। আম্মা মৃত্যুর আগে শেষবার তাঁকে বলেছিলেন, ‘কেউ আমাদের দল ভাঙতে পারবে না’। এই প্রসঙ্গ তুলে এনে তাঁর শপথ, ‘দলকে বাঁচিয়ে রাখতে প্রাণ পর্যন্ত দেব। ফের আমরাই তামিলনাড়ুতে সরকার গড়ব।’ মিনিট কয়েক পরেই জানিয়ে দিলেন, এই লড়াইয়ে পাশে চান রিজর্টে ‘বন্দী’ ১২৯ বিধায়ককেও। তাঁদের উদ্দেশে বললেন, ‘প্রত্যেকের মেরিনা বিচে আম্মার স্মৃতি সৌধের সামনে বসে সরকার গঠনের পণ করা উচিত।’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ ঘিরে পনিরের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ১২৯ জন বিধায়ককে মহাবলিপুরমের কাছে একটি রিজর্টে পাঠিয়ে দেন শশিকলা। পনিরসেলভাম–শিবিরের অভিযোগ, তাঁদের জোর করে আটকে রাখছেন শশী। সাহস থাকলে ছেড়ে দিন। শশী অবশ্য ঝুঁকি নিতে রাজি নন। ঝামেলার মধ্যেই রবিবার রিজর্টে গিয়ে বিধায়কদের সঙ্গে দেখা করেন তিনি। আম্মার প্রসঙ্গ টেনে তাঁদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন। বিভিন্নভাবে বোঝান, তিনিই আম্মার যোগ্য উত্তরসূরি। তাই বিধায়কদের কর্তব্য, তাঁর পাশে থাকা। বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁটা দিতেও ছাড়েননি। বলেন, ‘আপনারা তেমন শিক্ষিত নন। তবে আম্মা ছিলেন। তা সত্ত্বেও তিনি আপনাদের প্রশিক্ষণ দিয়েছেন, যাতে একদিন আপনারা বিধায়ক হতে পারেন। উনি কী করেছেন, কীভাবে আপনাদের এখানে টেনে তুলেছেন, ভুলবেন না।’ তার পর কান্না জড়ানো গলায় বলেন, ‘এখনও আম্মার কথা ভাবলে কান্না পায়। তিনি আর আপনারা আমার ওপর যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই নিয়ে ভাবি।’ তবে জানিয়ে দেন, বিধায়করা পাশে থাকলে সমস্ত দায়িত্বই সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩