দেশের মানুষ স্বৈরাচার দেখেছে তবে এতটা বর্বরতা দেখেনি: বিএনপি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলোর দিকে নজর দেব।
বাংলাদেশের শিরোনাম:
-
প্রতারণা করে ক্ষমতায় টিকতে পারবেন না: ফখরুল- প্রথম আলো
-
বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তারের ‘কারণ' জানালেন নৌমন্ত্রী-প্রথম আলো
-
নারী নিগ্রহের দায় আওয়ামী লীগের নয়, সরকারের: সেতুমন্ত্রী- ইত্তেফাক
-
প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্র-কালের কণ্ঠ
-
ভারত-বাংলাদেশ সীমান্তের ৮ কিলোমিটার ‘অপরাধমুক্ত' ঘোষণা-যুগান্তর
-
দেশের মানুষ স্বৈরাচার দেখেছে তবে এতটা বর্বরতা দেখেনি: খসরু
ভারতের শিরোনাম:
- রেহাই নেই প্রধানমন্ত্রীরও, যোগীর রাজ্যে নাক ভাঙল মোদির মূর্তির
- স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
-
রাজ্যসভায় সমর্থন কংগ্রেস প্রার্থীকে, চমকে দিয়ে ঘোষণা মমতার: আনন্দ বাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
প্রতারণা করে ক্ষমতায় টিকতে পারবেন না: ফখরুল- প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। তারপরও প্রতিটি কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।
এমন কোনো কর্মসূচি নেই, যেখানে আপনারা বাধা দেননি। শুধু ঢাকায় নয়, সারা দেশেই। এমনও জেলা আছে, যেখানে দাঁড়াতেই দেননি। অথচ আপনারা বললেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিই না।” এটা জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণা করে আপনারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’
বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তারের ‘কারণ' জানালেন নৌমন্ত্রী-প্রথম আলো
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করার ‘কারণ’ ব্যাখ্যা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে বলে মত দেন তিনি।
মন্ত্রীর অভিযোগ, বিএনপি তাদের কর্মসূচির নামে গণতন্ত্রের আন্দোলনের নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরে এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। শাজাহান খানের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই। সরকার কখনই বিএনপির ওপরে কোনো হয়রানি করছে না। রাজনৈতিক উদ্দেশে বিএনপি এ অভিযোগ তুলেছে।
নারী নিগ্রহের দায় আওয়ামী লীগের নয়, সরকারের: সেতুমন্ত্রী- ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ মার্চ রাজধানীর রাস্তায় নারী নিগ্রহের ঘটনা যেহেতু সমাবেশ স্থলে ঘটেনি, তাই এর দায় আওয়ামী লীগের নয়। তবে সরকারের দায় রয়েছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দফতর বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘জনসভার বাইরে ঢাকার রাস্তায় কোথায় কি হয়েছে এটা আমাদের দলের বিষয় নয়। এই সরকারের আমলে এ ধরনের ঘটনায় কেউ ছাড় পায়নি এবং বুধবার যদি ঘটে থাকে কেউ ছাড় পাবে না।
প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্র-কালের কণ্ঠ
ভারতে ত্রিপুরা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।
ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
ভারত-বাংলাদেশ সীমান্তের ৮ কিলোমিটার ‘অপরাধমুক্ত' ঘোষণা-যুগান্তর
বাংলাদেশ-ভারত সীমান্তের ৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা ‘ক্রাইম ফ্রি জোন’ বা অপরাধমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এ ঘোষণা দেয়।
এ জন্য দুপুরে যশোরের শার্শা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও সীমান্তে ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কাল্যাণী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বিএসএফের মহাপরিচালক শ্রী কে কে শর্মাসহ দুই দেশের পদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
দেশের মানুষ স্বৈরাচার দেখেছে তবে এতটা বর্বরতা দেখেনি: খসরু-মানব জমিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিগুলো যেভাবে বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার । বাংলাদেশের মানুষ স্বৈরাচারী সরকার দেখেছে কিন্তু এই ধরনের বর্বর হামলা আগে তারা দেখেনি । শুক্রবার জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বিএমএ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) । এসময় সরকারকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার দুর্নীতি মামলার বিচার করেছেন । দুই লক্ষ কোটি টাকা যে প্রশ্নবিদ্ধ তার উত্তর আপনাদের কে দেবে? তিনি বলেন, চার লক্ষ কোটি যে প্রশ্নবিদ্ধ তার উত্তর কে দেবে? এগুলোর উত্তর দিতে হবে বলেই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আপনারা জনগণকে বাইরে রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
রেহাই নেই প্রধানমন্ত্রীরও, যোগীর রাজ্যে নাক ভাঙল মোদির মূর্তির-সংবাদ প্রতিদিন
হীরক রাজের মূর্তির নাক ভাঙা কেন? সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবিতে খুদে পড়ুয়ার গুলতির ঘায়ে নাক ভেঙেছিল হীরক রাজের মূর্তির। ছবির সেই দৃশ্যর পুনরাবৃত্তি দেশে। মূর্তি ভাঙার সংস্কৃতির নিন্দা করেছিলেন তিনি। এবার তিনিও সেই রাজনীতি থেকে বাদ গেলেন না।
রাজার মূর্তিই এবার ভেঙে খান খান। যোগীর রাজ্যের কৌশাম্বীতে একটি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি স্থাপিত ছিল। এবার সেটিও আক্রমণের হাত থেকে রেহাই পেল না। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মূর্তি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক কারণ নয়, কেউ বা কারা এই দুষ্কর্ম করেছে। স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গুরুত্বপূর্ণ এই রায়ে দেশবাসীকে স্বেচ্ছামৃত্যুর অধিকার দিল দেশের শীর্ষ আদালত।
মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে সবাইকে নয়, সেরে ওঠার আর কোনওরকম সম্ভাবনা নেই, এরকম রোগীকেই স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তাও নির্দিষ্ট কিছু শর্ত। এদিনের রায়ে বলা হয়েছে, যাঁদের সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই, বহুদিন ধরে চিকিৎসা চলছে, তাঁদের জন্যই কেবল স্বেচ্ছামৃত্যু। তবে এর জন্য অবশ্যই মেডিক্যাল বোর্ডের সম্মতি লাগবে। আর সেই সম্মতি ছাড়া স্বেচ্ছামৃত্যু সম্ভব নয়।
রাজ্যসভায় সমর্থন কংগ্রেস প্রার্থীকে, চমকে দিয়ে ঘোষণা মমতার: আনন্দ বাজার
কংগ্রেসকে প্রায় সরাসরি জোটবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যসভা নির্বাচনে বাংলার পঞ্চম আসটিতে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে সমর্থন করবে তৃণমূল— দলের কোর কমিটির বৈঠক থেকে ঘোষণা করে দিলেন মমতা নিজেই।
অভিষেক মনু সিঙ্ঘভিকে কংগ্রেস যে এ রাজ্য থেকে টিকিট দিচ্ছে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। রাহুল গাঁধী এবং অধীর চৌধুরীর মধ্যে হওয়া আলোচনার ভিত্তিতে আজ সকালেই স্থির হয়েছে, এ রাজ্যে একটি আসনে লড়বে কংগ্রেস এবং সেই আসনে টিকিট দেওয়া হবে সিঙ্ঘভিকে। কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে সে কথা এখনও না জানালেও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে সিঙ্ঘভির প্রার্থী হওয়ার খবর। তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করে দেন, সিঙ্ঘভিকে সমর্থন করবে তাঁর দল। এর আগে অবশ্য তৃণমূল জানিয়েছিল, রাজ্যসভা নির্বাচনে পাঁচটি আসনেই তারা লড়বে।
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য আজ নজরুল মঞ্চে কোর কমিটির বর্ধিত সভা ডেকেছে তৃণমূল। সেই মঞ্চ থেকেই তৃণমূল চেয়ারপার্সন এ দিন রাজ্যসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চারটি আসনে তৃণমূল লড়বে, প্রার্থী হবেন নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু।
পঞ্চম প্রার্থীর নাম আর ঘোষিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন দেবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার ফলে অভিষেক মনু সিঙ্ঘভির জয় প্রায় নিশ্চিত হয়ে গেল।#
পার্সটুডে/বাবুল আখতার/৯