দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা:পুলিশ কর্মকর্তাদের ছুটি বাতিল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ জুন শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মুক্ত সময়ের চেয়ে বন্দী খালেদা বেশি সুস্থ্: হাছান /প্রথম আলো
- খালেদার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা:প্রথম আলোর আরেকটি শিরোনাম।
- বাড্ডায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা: ইত্তেফাকের শিরোনাম।
- প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন: ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা:পুলিশ কর্মকর্তাদের ছুটি বাতিল / বাংলাদেশ প্রতিদিন
- ভূমিধ্বস, বন্যার ঝুঁকিতে ২ লাখ রোহিঙ্গা: মানব জমিন
ভারতের শিরোনাম:
- দেশের ২২ শহরে জল ফুরোবে দু’বছরেই: আনন্দবাজার পত্রিকা
- নোট বাতিলে বিরক্ত,সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল: সংবাদ প্রতিদিন
- ফের বিতর্কে ফেসবুক,ধরা পড়ল নতুন ত্রুটি: আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন,বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মুক্ত সময়ের চেয়ে বন্দী খালেদা বেশি সুস্থ্: হাছান
প্রথম আলো এই শিরোনামে লিখেছে,আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন হাছান মাহমুদ। খালেদা জিয়ার অসুস্থতা, তাঁর প্যারোলে মুক্তির দাবি এবং ঈদ যাত্রা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে দেখা যেত গাড়ি থেকে উঠতে ও নামতে কারও হাত ধরতেন। কিন্তু সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে গেলে কারও সাহায্য ছাড়াই তিনি গাড়িতে ওঠা-নামা করেছেন। স্বাভাবিকভাবে এটাই মনে হয় খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর এখন বেশি সুস্থ্য আছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবিকে রহস্যজনক বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে বলেছেন। তাহলে কি প্রকারান্তরে ওনাকে পালানোর সুযোগ করে দিতে বলছেন? বিএনপি নেতারা কেন হঠাৎ করে তার প্যারেলো মুক্তির কথা বলছেন, সেটি রহস্যজনক। অতীতে আমরা দেখতে পেয়েছি-তারেক রহমান মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিল। আর ফিরে আসেননি। এবং রাজনীতি না করার কথা বলে বিদেশে বসে রাজনীতি করা শুরু করেছেন।
খালেদার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা: প্রথম আলো
পবিত্র ঈদুল ফিতরের দিনে বিএনপি নেতারা কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। আর অন্য নেতা–কর্মীরা কারাগারের সামনে অবস্থান করবেন। এটাই বিএনপি ঈদের কর্মসূচি।
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, নির্বাহী কমিটি এবং দলের সব পর্যায়ের নেতা–কর্মীরা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বেলা সাড়ে ১১টায় পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর নেতা–কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন।
সংবাদ সম্মেলন শেষে রিজভী প্রথম আলোকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন দেখা করবেন। এ জন্য কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে লিখিত আবেদন করা হয়েছে। আর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের নেতা–কর্মীরা কারাগারের সামনে গিয়ে অবস্থান করবেন। এটাই ঈদের দিনে বিএনপির কমর্সূচি।
সাধারণত ঈদের দিনে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান করে থাকেন। এবার তিনি কারাগারে থাকায় এই অনুষ্ঠান হচ্ছে না। তাই কারাগারের সামনে নেতা–কর্মীরা অবস্থান করবেন বলে জানান রুহুল কবির রিজভী।
বাড্ডায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা:ইত্তেফাকসহ বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম।
রাজধানীর বাড্ডায় মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে ফরহাদ অালী (৪৫) নামে অাওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ফরহাদ অালী বাড্ডা ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অাজ দুপুরে বাড্ডার অালীর মোড়ে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের দুইটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থলে তিনি নিহত হন।
প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন: ইত্তেফাকের আরেকটি শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওইদিন তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একইস্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা:পুলিশ কর্মকর্তাদের ছুটি বাতিল । জাতীয় ঈদগাহ, শোলাকিয়াসহ প্রধান ঈদ জামাতে অতিরিক্ত নিরাপত্তা: বাংলাদেশ প্রতিদিন
রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিশেষ নিরাপত্তা ছক নিয়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দারা এখন মাঠে। ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত এ অবস্থা বলবত্ থাকবে। এ অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া সহকারী পুলিশ পরিদর্শক থেকে তার ওপরের সব পুলিশ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য দিয়ে বলেছে, কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান, বারিধারা ও বনানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে উচ্চ পর্যায়ের দফায় দফায় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ভূমিধ্বস, বন্যার ঝুঁকিতে ২ লাখ রোহিঙ্গা: মানব জমিন
বর্ষা মৌসুম তার আগমন বার্তা জানান দিয়েছে বাংলাদেশে। দেশটির কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পগুলো ইতোমধ্যে মৌসুমি বর্ষণে পর্যুদস্ত। জাতিসংঘ সতর্কবার্তা দিয়েছে যে, এসব ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আনুমানিক ২ লাখ ভূমিধ্বস ও বন্যায় ঝুঁকিতে রয়েছে। আর এর মধ্যে অর্ধেকের বেশিই শিশু। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।
মৌসুমের প্রথম বর্ষণ হয় গেল সপ্তাহে। এতে সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট প্লাবিত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিলের এক বিবৃতি অনুযায়ী, এক শিশু ভূমিধ্বসে মারা গেছে।
ইউনিসেফের অনুমান মতে ভারী বর্ষণে ৯০০ আশ্রয় শিবির ও ২০০ ল্যাট্রিন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি বরবাদ হয়ে গেছে। ক্ষতির এই পরিসংখ্যার আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দেশের ২২ শহরে জল ফুরোবে দু’বছরেই: আনন্দবাজার পত্রিকা
ভারতের জলসঙ্কট নিয়ে নীতি আয়োগ বাজিয়ে দিল, বিপদের ঘণ্টা।আশঙ্কার সুরে আয়োগ জানিয়েছে, ২০২০ সালের মধ্যে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুর মতো দেশের প্রধান ২২টি শহরের ভূগর্ভস্থ জল নিঃশেষিত হবে। এর সঙ্গে, জনবিস্ফোরণের ফলে ২০৩০ সালের মধ্যেই দ্বিগুণ হবে জলের চাহিদা।
যে ২২ শহরের জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে, সেগুলির মধ্যে রয়েছে, দিল্লি , চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, নাগপুর, হায়দরাবাদ, সাগর, কোয়্মবত্তুর, শোলাপুর, বিজয়ওয়াড়া, ঔরঙ্গাবাদ, উজ্জয়নী, ভোপাল , লাতুর, কোচি, গুড়গাঁও, ইনদওর, অমরাবতী।
দেশে পানীয় জলের জোগান কেমন, তার ব্যবহারই বা কতটা সঠিক, এ রকমই নানা বিষয় খতিয়ে দেখে ‘কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইনডেক্স’ নামে একটি রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিতিন গডকড়ী এই রিপোর্টটি প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, ‘‘সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জলসঙ্কটের মুখে পড়েছে দেশ।’’
রিপোর্টে বলা হয়েছে, পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না দেশের প্রায় ৬০ কোটি মানুষ। পানীয় জলের সমস্যা প্রতি বছর কেড়ে নেয় প্রায় দু’লক্ষ মানুষের প্রাণ। প্রশ্ন ওঠে, জনবিস্ফোরণের চাপেই কি ধীরে-ধীরে শেষ হয়ে যাচ্ছে জলসস্পদ? নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক ব্যর্থতাও?
নীতি আয়োগের রিপোর্টে কিন্তু জোড়া সমস্যারই ইঙ্গিত রয়েছে।
‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল: সংবাদ প্রতিদিন
২০১৯-এর লোকসভার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির৷ দ্বিতীয়বারের জন্য দিল্লির তখত দখল করতে বদ্ধপরিকর মোদি-শাহ জুটি৷ ঠিক সেই লক্ষ্যেই সমগ্র দেশে ‘জন সম্পর্ক যাত্রা’ শুরু করেছে বিজেপি। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের প্রচার করছেন খোদ দলের শীর্ষ নেতৃত্ব৷ আর এই কর্মসূচি পালনেই শুক্রবার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তবে কার্যত হতাশ হয়েই ফিরতে হল তাঁকে৷ দু’জনের দেখা হল,কথাও হল৷ তবে নোট বাতিলে খুশি নন, অসুবিধা হয়েছে অনেকের, রাহুলকে এ অভিযোগ জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷
ফের বিতর্কে ফেসবুক,ধরা পড়ল নতুন ত্রুটি: আজকাল
আবারও বিতর্কে বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। ফের একবার ধরা পড়ল তার ত্রুটি। আর ফেসবুক কর্তৃপক্ষ নিজেই সেকথা স্বীকার করে নিয়েছে। বৃহস্পতিবার ফেসবুক জানিয়েছে, সম্প্রতি মে মাসে ফেসবুকে একটি ‘বাগ’(প্রোগামিংয়ে ত্রুটি) দেখা দেয়, যা কিনা প্রায় ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লক্ষ) ব্যবহারকারীকে তাঁদের সবধরনের পোস্টকে ‘পাবলিক’ করতে বলে। অনেকেই ভাবেন এটা হয়ত ফেসবুকের নির্দেশ। কিন্তু মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছে, ফেসবুক কখনই এ ধরনের কোনও নির্দেশ দেয়নি। এটা আসলে একটি বাগ। এই প্রসঙ্গে ফেসবুকের এক আধিকারিক এরিন এগান জানান, ‘আমরা সম্প্রতি একটি ‘বাগ’–এর খোঁজ পেয়েছি। যা কিনা নিজে থেকেই ফেসবুক ব্যবহারকারীদের তাঁদের পোস্টকে ‘পাবলিক’ করার নির্দেশ দিয়েছিল। মোট ১৪ মিলিয়ন ব্যবহারকারী এই নির্দেশ পেয়েছেন। গোটা ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
পার্সটুডে/নাসির মাহমুদ/১৫/ ৮৩৪