একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ-প্রথম আলো
- ভাঙ্গায় জামায়াতের ৪৬ নেতাকর্মী আটক-ইত্তেফাক
- তীব্রতর হচ্ছে এমপিওভুক্তির আন্দোলন, সময় বেঁধে দিলেন শিক্ষকরা-কালেরকণ্ঠ
- সাবজেলে বন্দি শেখ হাসিনার কীভাবে স্কয়ারে চিকিৎসা হয়েছিল-রিজভীর প্রশ্ন-যুগান্তর
- সিএমএইচে সুযোগ পেলে শেখ হাসিনাকে স্কয়ারে নিয়ে যেতাম না-ওবায়দুল কাদের-যুগান্তর
- গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণা শুরু আজ থেকে-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কারও বাড়িতে ধর্না দেওয়া যায় না, কেজরীকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের-দৈনিক আনন্দ বাজার
- বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা নিয়ে হাজির আহমেদ প্যাটেল, জল্পনা তুঙ্গে-দৈনিক আজকাল
- কংগ্রেসের সঙ্গে জোটে ‘না, মধ্যপ্রদেশে একা লড়ার সিদ্ধান্ত মায়াবতী-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তা:
কথাবার্তার প্রশ্ন (১৮ জুন)
১. ২৩ জুনের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অনশনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘদিন ধরে সমস্যা ঝুলে আছে। এ ইস্যুতে সরকারের করণীয় কী হতে পারে?
২. ইয়েমেনের হুদায়দা বন্দর দখলে নেয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট ব্যাপক হামলা চালাচ্ছে এবং গতকাল বিমানবন্দর দখলের দাবি করেছিল কিন্তু হুথি সমর্থিত সেনারা সে দাবি নাকচ করে দিয়েছে। আসলে কী হচ্ছে সেখানে এবং এর সমাধান কোথায়?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ-প্রথম আলো
বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে। আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। ২৫ জুন বিকেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাঁকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হবে। ২৫ জুন এখনকার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভাঙ্গায় জামায়াতের ৪৬ নেতাকর্মী আটক-ইত্তেফাক
ভাঙ্গায় সোমবার সকালে গোপন বৈঠক চলাকালে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের ৪৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। উপজেলার সোনামুয়ী গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে তাদের আটক করা হয়। ওসি কাজী সাঈদুর রহমান জানায়, সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে সোনামুখি গ্রামের কয়েলবাড়ি মসজিদ থেকে সকালে ৪৬ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। জামায়াতের উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে ভোর রাত থেকে তারা সেখানে গোপন বৈঠক শুরু করেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
তীব্রতর হচ্ছে এমপিওভুক্তির আন্দোলন, সময় বেঁধে দিলেন শিক্ষকরা-কালেরকণ্ঠ
নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জাতীয় প্রেস ক্লাবের মূল সড়কের বিপরীত পাশে তাদের এ কর্মসূচি পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের মূল সড়কের সামনে অবস্থান নিয়ে এমপিভুক্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। পুলিশের অনুমতি না থাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নিতে পারছেন না তারা। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সহস্রাধিক ভুক্তভোগী খোলা আকাশের নিচে এ আন্দোলনে যোগ দিয়েছেন।
নন এমপিও শিক্ষক-কর্মচারী সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার সাংবাদিকদের বলেন, আমরা ১৮ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছি। আমাদের বেতন-ভাতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের মুখের দিকে তাকিয়ে এমপিওভুক্তির ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
সাবজেলে বন্দি শেখ হাসিনার কীভাবে স্কয়ারে চিকিৎসা হয়েছিল-রিজভীর প্রশ্ন-যুগান্তর
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাবজেলে বন্দি ছিলেন, তখন কীভাবে তার স্কয়ার হাসপাতালে চিকিৎসা হয়েছিল তা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপি চায় না।’ ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রিজভী বলেন, সাবজেলে থাকাকালীন কীভাবে শেখ হাসিনার স্কয়ার হাসপাতালে চিকিৎসা হয়েছিল তার উত্তর দেবেন কি আপনি? তিনি (শেখ হাসিনা) কি এ রকম একটি পরিত্যক্ত ভবনে ছিলেন? পৃথিবীর কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রীকে কি এ রকম স্যাঁতসেঁতে পরিবেশে রাখে?
বিরোধী প্রতিপক্ষের প্রতি আওয়ামী লীগের আচরণ ২৫ মার্চের পর পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়ে কোনো অংশেই কম নয় বলে মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, অগণতান্ত্রিক সরকারের মিথ্যাবাদী গোয়েবলমের ভূমিকা পালন করছেন ওবায়দুল কাদেররা। যারা গণবিচ্ছিন্ন তাদের ‘হাইপার প্রোপাগান্ডার’ ওপর নির্ভর করতে হয়। সরকারের টিকে থাকার নিভু নিভু দীপটিকে টিকিয়ে রাখার জন্যই ওবায়দুল কাদের মরিয়া হয়ে উঠেছেন।
সিএমএইচে সুযোগ পেলে শেখ হাসিনাকে স্কয়ারে নিয়ে যেতাম না-ওবায়দুল কাদের-যুগান্তর
সাবজেলে বন্দি থাকাবস্থায় বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসা করানোর সুযোগ পেলে স্কয়ারে নিয়ে যেতাম না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সিএমএইচ হল সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমাদের জানা নেই। আমার এখন সন্দেহ হয় বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত কিনা।
‘আমার তো মনে হয়, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, রাজনীতি করার ইস্যু খুঁজছেন। তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু গুরুত্বপূর্ণ,’ বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা কি প্রতিদিন জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন? তার আত্মীয়রা জেলখানায় দেখা করতে যাবেন। তারা গেছেন এবং ঠিকই দেখা করতে পেরেছেন। মনে রাখতে হবে- এটি জেলখানা, কারও বাসাবাড়ি নয়। জেলখানায় প্রতিদিন নেতারা দেখা করতে যাবেন এ সুযোগ জেলকোডে নেই।
গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণা শুরু আজ থেকে-দৈনিক মানবজমিন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৬শে জুন। গত ১৫ই মে এই ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া এবং পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। নতুন করে ২৬শে জুন এ ভোট হওয়ার দিন ধার্য করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দুই মেয়র প্রার্থী বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমসহ অপর প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
কংগ্রেসের সঙ্গে জোটে ‘না, মধ্যপ্রদেশে একা লড়ার সিদ্ধান্ত মায়াবতী-দৈনিক প্রতিদিন
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পথে ফের ধাক্কা খেল বিরোধীরা । মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট জল্পনায় জল ঢেলে দিল মায়াবতীর পার্টি বিএসপি । বহুজন সমাজ পার্টির মধ্যপ্রদেশ সভাপতি নর্মদা প্রসাদ আহিরওয়ার জানিয়ে দিয়েছেন, এখনও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি তাদের। এখনও পর্যন্ত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বিধানসভা নির্বাচনে একাই লড়বে মায়াবতীর দল। তাঁরা লড়বে ২৩০ টি আসনে। কদিন আগেই ইঙ্গিতপূর্ণভাবে সমভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের বার্তা দিয়েছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কমল নাথরা প্রয়োজনে ছোট সঙ্গী হিসেবে বিএসপিকে ৪০ টি পর্যন্ত আসন ছাড়তে রাজি ছিলেন। প্রকাশ্যে একথা স্বীকারও করে নিয়েছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু বিএসপির তরফে সাড়া মিলল না। বিএসপির প্রদেশ সভাপতি জানিয়ে দিলেন তাঁরা কোনও দলের সঙ্গে জোট নিয়ে কথা বলেননি। এই মন্তব্যের পরে আবার অবস্থান বদলেছে কংগ্রেসও। তারা বলছে, বিএসপি নয় সমমনোভাবাপন্ন দল বলতে তাঁরা ছোট দলগুলিকে বোঝাতে চেয়েছেন।
কারও বাড়িতে ধর্না দেওয়া যায় না, কেজরীকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের-দৈনিক আনন্দবাজার
লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের বাড়ির সামনে ধর্না দেওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। বলল, এ ভাবে ধর্মঘট করা যায় না। কারও অফিস বা বাড়িতে ঢুকে ধর্না বা ধর্মঘট করা ঠিক নয়। গত এক সপ্তাহ ধরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সরকারি বাসভবনে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
কেজরীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই দিল্লি সরকারের কাজে সহযোগিতা করছেন না দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তিনি দিল্লি সরকারের কাজে বাধা দিচ্ছেন। এরই প্রতিবাদে লেফটেন্যান্ট গভর্নরের বাড়ির সামনে ধর্না দিচ্ছেন কেজরী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা নিয়ে হাজির আহমেদ প্যাটেল, জল্পনা তুঙ্গে
বিজেপি বিরোধী আঞ্চলিক জোটের মুখ যে তিনিই তা আরও একবার পরিষ্কার হয়ে গেল দিল্লিতেই। শুরুটা হয়েছিল নীতি আয়োগের বৈঠক থেকে। যেখানে তিনি বলতে পেরেছিলেন, ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনও সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাঁর প্রচেষ্টায় বিজেপি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলগুলি একছাতার তলায় আসতে শুরু করেছে। এবার কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর দূত আহমেদ প্যাটেল বঙ্গ ভবনে এসে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। ফুলের তোড়া, ফলের ঝুরি নিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ রাজ্য কংগ্রেস এখানে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও আজকের বৈঠক, যে তা অনুমোদন করে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। অন্যদিকে দিল্লিতে কেজরিওয়াল সরকার লেফটন্যান্ট গভর্নর অনিল বাইজালের দপ্তরে গিয়ে ধর্ণা, অবস্থান শুরু করেছে। যা অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলি সমর্থন করেছে।
শ্রোতবন্ধুরা! আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮