খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী নন, দুর্নীতির নেত্রী : দাবি হাছান মাহমুদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই: কাদের– প্রথম আলো
- কারাবিধির দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে : রিজভী-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী নন, দুর্নীতির নেত্রী : হাছান-কালেরকণ্ঠ
- দুর্যোগ মোকাবেলায় ১৬শ' মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক-যুগান্তর
- বাংলাদেশে গণতন্ত্র উল্টোপথে হাঁটছে: জর্জটাউন ইউনিভার্সিটির সেমিনারে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা-মানবজমিন
- খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- শেষ মুহূর্তে মমতার চিন সফর বাতিল-আনন্দবাজার পত্রিকা
- দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়-দৈনিক আজকাল
- সরকারি হাসপাতালে বৃদ্ধার উপর নির্মম অত্যাচার, হাত-পা বেঁধে মেঝেতে ফেলে রাখল আয়া-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই: কাদের–
প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই, রাজনীতি হচ্ছে হিসাবের অঙ্ক—আগামী নির্বাচনে বিএনপিকে আলোচনায় ডাকার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘রাজনীতিতে করুণা করা, ভালোবাসা দেওয়া, প্রেম করা—এগুলো নেই।’

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির সঙ্গে সংলাপ ও অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বিএনপিকে রাখার সুযোগ নেই। গতবার তারা সেই ট্রেন মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, বেগম জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা আজও কানে বাজে।’
কারাবিধির দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে : রিজভী-দৈনিক ইত্তেফাক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, সরকার ও কারা কর্তৃপক্ষ কারাবিধির দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছেন। তিনি ভীষণভাবে অসুস্থ। অথচ তার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে সরকার।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমার বার বার বলেছি পিজি বা সিএমএইচে খালেদা জিয়ার প্রকৃত চিকিৎসা হবে না। কারণ সেখানে ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই-এর সুবিধা নেই। আছে শুধু ইউনাইটেডে। চিকিৎসকের বক্তব্যেও সেটি পরিস্কার হলো।
খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী নন, দুর্নীতির নেত্রী : হাছান-কালেরকণ্ঠ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যে অর্জন, দেশের যে অগ্রযাত্রা তা অনেকের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে সরকারের অর্জনগুলো তাদের গাঁয়ের কাটা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা দাবি উপস্থাপন করছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী নন। তিনি হলেন সন্ত্রাস, দুর্নীতি আর ঘৃণার নেত্রী। বিএনপি নেত্রী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র উল্টোপথে হাঁটছে: জর্জটাউন ইউনিভার্সিটির সেমিনারে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরামানবজমিন
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করে দেশটিতে গণতন্ত্র পিছন দিকে হাঁটছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশীয় রাজনীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। তারা বলেন, বাংলাদেশ তথা দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে দেশটির আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

এ লক্ষ্যে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলতে সকল দলের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সমান সুবিধা নিশ্চিত করতে হবে। আর এই কাজ বাহির থেকে এসে কেউ করে দিতে পারবে না; দেশের রাজনৈতিক দলগুলোকেই আলাপ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ঐকমত্যে পৌঁছতে হবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:
শেষ মুহূর্তে মমতার চিন সফর বাতিল-আনন্দবাজার পত্রিকা
শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর।শুক্রবার রাতেই বিশেষ প্রতিনিধি দল নিয়ে তাঁর বিমান ধরার কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই সাংবাদিক বৈঠক করে নবান্ন জানিয়ে দিল মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল।

কারণ হিসেবে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রক থেকে প্রয়োজনীয় ছাড়পত্র এসে পৌঁছয়নি নবান্নে। এমনকি চিনা বিদেশ মন্ত্রক থেকেও কোনও রকম যোগাযোগ করা হয়নি নবান্নের সঙ্গে। এ দিন অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে সাংবাদিকদের জানান, পরিস্থিতি বিবেচনা করেই মুখ্যমন্ত্রী চিন সফর বাতিল করেছেন।
দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়-দৈনিক আজকাল
প্রকাশ্য সভায় তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুমকি দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷ কিন্তু তাতেও গেরুয়া নেতারা যেন কিছুতেই কুবাক্য প্রয়োগে রাশ টানছেন না৷
দিলীপ ঘোষের পর এবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ সভাপতির পথ অনুসরণ করেই তিনিও দিলেন এনকাউন্টারের হুমকি৷ নাম না করে তোপ দাগলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷ তাঁর বিরুদ্ধেও ইতিমধ্যে সিউড়ি থানায় রুজু হয়েছে মামলা৷
সরকারি হাসপাতালে বৃদ্ধার উপর নির্মম অত্যাচার, হাত-পা বেঁধে মেঝেতে ফেলে রাখল আয়া-দৈনিক প্রতিদিন
বার্ধক্যজনিত নানা রোগের ভুগছেন৷ রক্তে শর্করার মাত্রাও নিম্মমুখী৷ ৬৯ বছরের এক বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করেছিলেন বাড়ির লোকেরা৷ কিন্তু, চিকিৎসার বদলে জুটল নির্মম অত্যাচার! রাতভর ওই বৃদ্ধাকে হাত-পা বেঁধে আয়ারা হাসপাতালের মেঝেতে ফেলে রাখেন বলে অভিযোগ৷ পরিবারের লোকেদের দাবি, যন্ত্রণার কাতরালেও, রোগীর দিকে ফিরেও তাকাননি কর্তব্যরত নার্স ও ডাক্তাররা৷ অমানবিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে৷ এদিকে আবার দু’দিন ধরে হাসপাতালে আসছেন না সুপার৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানাতে পারেননি রোগীর পরিবারের লোকেরা৷
শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আগামি আসরে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন।#
পার্সটুডে/বাবুল আখতার/২২