জুন ২৭, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
  • একই দৈনিকের আরেকটি খবর-গাজীপুরের নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দাবি বিএনপির-
  • অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই-দৈনিক ইত্তেফাক
  • তৃতীয় দিনে নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন-দৈনিক কালেরকণ্ঠ
  • পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি, উদ্ধারকাজ চলছে-মানব জমিন
  • শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি : জাতিসঙ্ঘ মহাসচিব-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • বাণিজ্য সংঘাত: দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন ট্রাম্প-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, বললেন সেনাপ্রধান- দৈনিক আজকাল
  • দেশের সেরা বাংলাই, রাজ্যের ৩১টি প্রকল্পকে পুরস্কৃত করল স্কচ ফাউন্ডেশন-দৈনিক প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তা:

কথাবার্তার প্রশ্ন (২৭ জুন)

১. গাজীপুর সিটির ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এর কারণ কী?

২. ইয়েমেনে লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। একথা বলেছে ইরান। আসলে কী তাই?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন ওবায়দুল কাদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিএনপির প্রত্যাখ্যানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটিকে বিদেশিদের কাছে নালিশ করতে বলেছেন। আজ বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নালিশ করতে বলুন বিদেশিদের কাছে। তাঁদের নালিশ গাজীপুরের লোক গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। ওবায়দুল কাদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি তাদের সেই পুরোনো কৌশল—জিতলে আছি, হারলে নাই নীতি—থেকে বেরিয়ে আসতে পারেনি। তিনি বলেন, বিএনপি মহাসচিব ও অন্য নেতারা জনগণের রায়কে গ্রহণ না করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছেন। মন্ত্রী জানান, তিনি শুনেছেন, বিএনপি আদালতকে বলেছে গণশুনানি করার জন্য।

গাজীপুরের নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দাবি বিএনপির-দৈনিক প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মিলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তামাশা করেছে। সরকার নতুন নতুন রূপে ভোট ডাকাতির ফর্মুলা আবিষ্কার করছে, যাতে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে পারে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল আজ সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তারা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গাজীপুরের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটি প্রমাণ করেছে।

অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই-দৈনিক ইত্তেফাক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদেরকে পেপারবুক সরবরাহ করতে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

 এর আগে দুদক আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানায়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান। পরে কায়সার কামাল বলেন, আমরা আদালতের কাছে শুনানির জন্য যুক্তিসংগত সময় চেয়েছিলাম। যেহেতু ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশনার রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় চাওয়া হয়। আদালত আমাদের আবেদন নাকচ করে দিয়ে ৩ জুলাই দিন ধার্য করে দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত। এর পর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

তৃতীয় দিনে নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন-কালেরকণ্ঠ

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা। আজ বুধবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাব ফটকের অপর পাশে এ কর্মসূচি পালন করতে দেখা যায় তাঁদেরকে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শপথ গ্রহণ করেছেন তাঁরা। এ জন্য দেশের বিভিন্ন জেলার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তাঁরা জানান, গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে তাঁরা এমপিওভুক্তির দাবিতে রাজপথের আন্দোলন স্থগিত করেছিলেন। এরপরও তাঁরা বিভিন্ন কর্মসূচিতে পুলিশি আটকের শিকার হয়েছেন। গত ১৬ দিন ধরে বিভিন্ন রকম কর্মসূচির ২৫ জুন থেকে তারা  বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করা শুরু করেছেন। তাঁরা বলেন, অনশনরত শিক্ষকরা গত ২০  থেকে ২৫ বছর আগে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকতা করে আসছেন। কিন্তু শিক্ষকরা সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এক টাকাও বেতন পান না। দেশের প্রায় ৮০ হাজার শিক্ষকের জীবনযাত্রার মান অত্যন্ত করুণ ও অবজ্ঞার। এ অবস্থায় তাঁরা নিজেদের পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছেন, যা তাদের পাঠদানের দায়িত্ব থেকে বিরত রাখছে।

পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি, উদ্ধারকাজ চলছে

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং পয়েন্টে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে যাওয়ার পথে মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলো দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করে। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড বাকীদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে।

শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি : জাতিসঙ্ঘ মহাসচিব

শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিও গুতেরাস। মঙ্গলবার বিকেলে জাতিসঙ্ঘ সদর দফতরের রোজ গার্ডেনে ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের (আনকা) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এসময় বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বেগম খালেদা জিয়া কারাগারের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ সফরটিতে শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাচ্ছে। আনকা’র সভাপতি সারউইনের স্বাগত বক্তব্য শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন মহাসচিব আন্তেনিও গুতেরাস। এসময় মহাসচিব বলেন, বর্তমানে দু’টি পেশার লোক সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। আর তারা হচ্ছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিকগণ । গত বছরেই প্রায় ৮১ জন সাংবাদিক নিহত হয়েছেন। মহাসচিব সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় সদস্য রাষ্ট্রসমূহের সরকারের প্রতি আহ্বান জানান।  বক্তব্য শেষে কেক কেটে আনকা’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠকের ছবি সম্বলিত একটি বড় প্লেকার্ডের সামনে ছবি তুলেন গুতেরাস।

অনুষ্ঠানে সদস্য রাষ্ট্রসমূহের দূতাবাসের রাষ্ট্রদূত, জাতিসঙ্ঘের উচ্চপদস্থ কর্মকর্তাসহ জাতিসঙ্ঘ সংবাদদাতারা অংশ নেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ইমরান আনসারী, মুশফিকুল ফজল আনসারী ও শিহাব উদ্দিন কিসলু। বিভিন্ন দেশের ফুড আর বৈচিত্র্যময় মিউজিকের তালে নেচে-গেয়ে সাংবাদিকরা উদযাপন করেন তাদের ঐতিহাসিক এ দিনটি। উল্লেখ্য, জাতিসঙ্ঘ মহাসচিব আগামী ১ জুলাই দু’দিনের সফরে বাংলাদশে পৌঁছবনে।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি

বাণিজ্য সংঘাত: দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন ট্রাম্প-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ফের ভারতের বিরুদ্ধে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। আগামী সপ্তাহেই দু’দেশের উচ্চপর্যায়ের বৈঠক। তার আগেই মার্কিন পণ্যের উপর ভারত মাত্রাতিরিক্ত শুল্ক চাপাচ্ছে বলে অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতের মতো বেশ কয়েকটা দেশ মার্কিন পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে।

বস্তুত শুল্ক নিয়ে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কের অবনতি হয়েই চলেছে। ইউরোপ ক্ষুব্ধ। যে কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল দীর্ঘ বন্ধুত্বের, বানিজ্য সংঘাতে সেই সম্পর্কও বিষিয়ে যেতে বসেছে। আরও অবনতি হয়েছে চিন-মার্কিন সম্পর্কের। কিছু দিন আগেই ভারত থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর চাপানো মার্কিন শুল্কের প্রতিবাদে আগেই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বারস্থ হয়েছিল ভারত সরকার। ‘বদলা’ হিসেবে দিল্লিও সম্প্রতি ২৯টি মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে চিংড়ি, আপেল, গাড়ি।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, বললেন সেনাপ্রধান

ভারতের নারীরা সবচেয়ে অসুরক্ষিত বলে রাষ্ট্রপুঞ্জ যে রিপোর্ট দিয়েছে তার পাল্টা জবাব দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। নিজের নীরবতা ভেঙে বুধবার তাঁর দাবি এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। এই রিপোর্টের কোনও ভিত্তি নেই। ভারতে মহিলারা সব থেকে অসুরক্ষিত। সারা বিশ্বের মধ্যে ভারতের মেয়েরাই যৌনতামূলক হিংসা এবং নারী পাচার, নিগ্রহের সব থেকে বেশি শিকার বলে মঙ্গলবারই রিপোর্ট দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। যা সরাসরি খারিজ করে দিলেন দেশের সেনাপ্রধান। কেন্দ্রীয় সরকারের মুখ বাঁচাতেই এই মন্তব্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন তিনি বলেন, ‘‌আমরা এই রিপোর্ট নিয়ে ভাবিত নই। কারণ বেশিরভাগ রিপোর্টই হয় উদ্দেশ্যপ্রণোদিত। মানবাধিকারের রেকর্ডে ভারতীয় সেনাবাহিনী একেবারে সঠিক জায়গায় রয়েছে। ভারত ইতিমধ্যেই এই রাষ্ট্রপুঞ্জের রিপোর্টকে বিভ্রান্তিকর, বিতর্কিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছে।

দেশের সেরা বাংলাই, রাজ্যের ৩১টি প্রকল্পকে পুরস্কৃত করল স্কচ ফাউন্ডেশন

ফের দেশের শিরোপা পেল বাংলা। বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিকতা ও অভিনবত্বের বিচারে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল এ রাজ্যের ৩১টি প্রকল্প। এরআগে আর কোনও রাজ্যের এতগুলি প্রকল্প পুরস্কার পায়নি। স্কচ ফাউন্ডেশনের পুরস্কারের নিরিখেও এটা রেকর্ড। রাজ্যের সাফল্যে স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন জানিয়েছেন তিনি। স্কচ অ্যাওয়ার্ডে ৩১টি প্রকল্প পুরষ্কৃত হওয়ার রাজ্যে উন্নয়নের  ছবিটা আরও স্পষ্ট হবে বলে মত প্রশাসনিক মহলের।

জাতীয় তো বটেই, আন্তর্জাতিক স্তরে বাংলার বিভিন্ন প্রকল্পের সাফল্য অবশ্য নতুন নয়। কন্যাশ্রী প্রকল্পকে তো সেরার শিরোপা দিয়েছে খোদ রাষ্ট্রসংঘ। উদ্ভাবনী বা অভিনবত্বের বিচারে বাংলাই এখন মডেল দেশের অন্য রাজ্যগুলির। এবার স্কচ ফাউন্ডেশনের অ্যাওয়ার্ডে এ রাজ্যেরই জয়জয়কার।

শ্রোতবন্ধুরাআপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭