একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বিএনপি নির্বাচনে আসবেই : প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন'-রিজভীর দাবি-মানব জমিন
- সময় বলে দেবে কোটা নিয়ে সমাধান কী? বললেন নৌমন্ত্রী শাজাহান খান-দৈনিক প্রথম আলো
- সিলেট নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত সম্পর্কে ফাটল-দৈনিক ইত্তেফাক
- অনশন কর্মসূচিতে ১৮২ শিক্ষক অসুস্থ-কালেরকণ্ঠ
- ফরেনসিক প্রতিবেদনে মিলেছে রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণের প্রমাণ-দৈনিক ইনকিলাব
ভারতের খবর:
- সুর বদল, জনস্বার্থেই জমি নিতে রাজি মমতা-আনন্দবাজার পত্রিকা
- কাশ্মীরে মিলল অপহৃত কনস্টেবলের দেহ-দৈনিক আজকাল
- খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ-দৈনিক প্রতিদিন
বিএনপি নির্বাচনে আসবেই : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবেই। তাই এ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। আর এটা মাথায় নিয়েই নির্বাচনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সম্মেলন কক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলীয় সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেক এমপি-মন্ত্রীর জরিপ রিপোর্ট আমার কাছে আছে।
প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেনরিজভীর দাবি-মানব জমিন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। তিনি বলেন, যে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহৌৎসব চলে, কেন্দ্রে শুধু আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা থাকে, অন্য কোন দলের এজেন্টকে পুলিশ দিয়ে গ্রেফতার করে বা তুলে নিয়ে যাওয়া হয় বা পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়, নিজেদের দলীয় ক্যাডাররা লাইন ধরে নৌকায় সিল মারে এরকম নির্বাচনকে তিনি বুঝিয়েছেন নিশ্চয়। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবেও না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আজ বৃহস্পতিবার নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
সময় বলে দেবে কোটা নিয়ে সমাধান কী? বললেন নৌমন্ত্রী শাজাহান খান
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, কোটা আন্দোলনে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুরে আচমত আলী খান সেতুর অ্যাপ্রোচ থেকে বাবনাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সময় বলে দেবে কোটা বিষয়ে সমাধান কী? কোটা আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে বলে আমি বিশ্বাস করছি না। কোটা আন্দোলন জামায়াত-শিবির গোপনে করতে পারে। এ হামলার পেছনে তাঁদের হাত রয়েছে।’ শাজাহান খান বলেন, ‘কোটা আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, দেশে কোনো কোটা পদ্ধতি থাকবে না। এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়ার পরই কার্যকর হবে।’
সিলেট নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত সম্পর্কে ফাটল-দৈনিক ইত্তেফাক
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে বিএনপির সাথে জোটসঙ্গী জামায়াতের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে কোন সমঝোতায় আসেনি জামায়াত। তারা তাদের মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রার্থিতা প্রত্যাহারে অপারগতা জানানোর পর এ নিয়ে দুই দলই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জোটের কয়েকটি শরিকদলও এখন জামায়াতের বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলছে। আবার কোন কোন দল জামায়াতের পক্ষে কথা বলছে। এরই মধ্যে জামায়াত গতকাল সিলেটে স্থানীয় ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছিলো। সেখানে জোটের ১০ টি দল অংশ নেয়। বিএনপিসহ বাকি ১০ টি দল এই বৈঠক বয়কট করে।
অনশন কর্মসূচিতে ১৮২ শিক্ষক অসুস্থ
এমপিভুক্তির দাবি পূরণের লক্ষ্যে শুরু করা অনশন কর্মসূচির ১২তম দিনে এ পর্যন্ত ১৮২ শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। অনশনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে, শিক্ষকরা আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু ২০১৮-১৯ সালের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আবারো শিক্ষকদের গভীর অন্ধকারে তলিয়ে যেতে হচ্ছে। ভাবতে অবাক লাগে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, শিক্ষামন্ত্রী প্রহসনের এমপিও নীতিমালা করে শিক্ষকদের রাজপথে ঠেলে দিলেন।
ফরেনসিক প্রতিবেদনে মিলেছে রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণের প্রমাণ-দৈনিক ইনকিলাব
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ ও জখমের শিকার হওয়ার যে বিভৎস বিবরণ দিয়েছেন, চিকিৎসকদের ফরেনসিক প্রতিবেদনেও তার প্রমাণ উঠে এসেছে। কক্সবাজারের আশ্রয় শিবিরে আহত রোহিঙ্গাদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয়া মেডিকেল বিশেষজ্ঞদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা মানবাধিকারের জন্য চিকিৎসকদের (পিএইচআর) প্রতিবেদনটি জুলাইয়ের শেষ দিকে প্রকাশ করা হবে। কিন্তু তার আগেই রয়টার্স সেটি দেখতে সক্ষম হয়েছে। দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের নিপীড়নের বিবরণকে সমর্থন করে চিকিৎসা বিশেষজ্ঞদের এটিই প্রথম বড় কোনো উদ্যোগ। পিএইচআর বিশ্বব্যাপী বড় বড় নৃশংস ঘটনাগুলোর চিকিৎসা সম্পর্কিত তদন্ত করছে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
কাশ্মীরে মিলল অপহৃত কনস্টেবলের দেহ-দৈনিক আজকাল
উদ্ধার হল জঙ্গিদের হাতে অপহৃত পুলিস কনস্টেবলের দেহ। তাঁকে বৃহস্পতিবার অপহরণ করেছিল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এলাকায়। শহিদ কনস্টেবলের নাম জাভেদ আমেদ দার। সোপিয়ানের ভেহলি গ্রামের বাসিন্দা দার বৃহস্পতিবার রাতে একটি ওষুধের দোকানে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে অপহরণ করে জঙ্গিরা। ওই সময় দার কর্তব্যরত অবস্থায় ছিলেন। খবর ছড়িয়ে পড়ার পরে তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। এরপরে শুক্রবার ভোরে দারের দেহ উদ্ধার করা হয় কুলগামের পারিওয়ান এলাকা থেকে। দারের দেহে বুলেটের ক্ষত ছিল। ঘটনার পিছনে লস্কর জঙ্গিদের হাত আছে বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের খোঁদে পারিওয়ানে শুরু হয়েছে তল্লাশি। সতর্ক করা হয়েছে সেনাকেও। গতমাসে পাম্পোরে একে ৪৭ রাইফেল সহ থানা থেকে নিখোঁজ হয়ে যান এক পুলিস আধিকারিক।
খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্যবিতর্কে বিজেপি সাংসদ
ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনও অবদান নেই খ্রিস্টানদের। ঠিক এই ভাষাতেই বিদ্বেষমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠল মুম্বইয়ের বিজেপি সাংসদ গোপাল শেট্টির বিরুদ্ধে৷ যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে কংগ্রেস৷ কটাক্ষ করে তাঁদের বক্তব্য, ভারতের ইতিহাস ও পরম্পরা সম্পর্কে গেরুয়া শিবিরের নূন্যতম জ্ঞান নেই৷ উত্তেজনার আঁচ পেয়ে, নিজের বক্তব্যের আসল ব্যাখ্যা দিতে ময়দানে নেমেছেন অভিযুক্ত বিজেপি সাংসদ৷ নিজের দোষ ঢাকতে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন তিনি৷ বলেন, তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে৷ আসলে তিনি এমন কিছুই বলতে চাননি৷ নিজের বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে তাঁর সংযোজন, ভারত একটাই দেশ৷ আর দেশের অগ্রগতিতে সকল স্তরের মানুষ একসঙ্গে কাজ করছে৷
সুর বদল, জনস্বার্থেই জমি নিতে রাজি মমতা
সাত বছর আগে, ২০১১ সালে ক্ষমতায় এসে যে-কোনও ধরনের জমি অধিগ্রহণে ‘না' বলে দিয়েছিলেন তিনি। এত দিন পরে ‘জনস্বার্থ’-এ জমি অধিগ্রহণে সায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি অধিগ্রহণে রাজ্য সরকারের এই অবস্থান বদলের মধ্যে অবশ্য অন্য একটি স্তরও ছিল। সেটা হল অধিগ্রহণের বদলে সরাসরি জমি কিনে নেওয়া। ২০১৬ সালে ফের কুর্সিতে বসে দু’-একটি প্রকল্পে জমি নিতে রাজি হন মমতা। দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পগুলির জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ করতে বলেন তিনি। সেই কাজে কোথাও তেমন গোলমাল হয়নি। এ বার নানা উন্নয়ন প্রকল্পে জনস্বার্থে জমি অধিগ্রহণে আর ‘না’ করছেন না মুখ্যমন্ত্রী।#
পার্সটুডে/বাবুল আখতার/৬