একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
-
পত্রপত্রিকার পাতার খবরের বিশ্লেষণ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ঢাবিতে বহিরাগতদের অবস্থান-ঘোরাফেরা বন্ধ-দৈনিক প্রথম আলো
- র্যাবের বিরুদ্ধে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে তুলে নেয়ার অভিযোগ-দৈনিক যুগান্তর
- খালেদার রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ ১২ জুলাই-দৈনিক নয়া দিগন্ত
- সরকারি চাকরিতে ৭৫ভাগই মেধায় নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ঢাবি উপাচার্যকে আলী রিয়াজের খোলা চ্যালেঞ্জ, কোথায় সেই ভিডিও?-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কংগ্রেসে গণতন্ত্র রক্ষা করেছে বলেই ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী, মত মল্লিকার্জুনের-সংবাদ প্রতিদিন
- নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
- টাটার চেয়ারম্যান পদ থেকে অপসারণ বেআইনি নয়, সাইরাস মিস্ত্রির আবেদন খারিজ আদালতে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বিএনপি নেতা ড. খন্দকার মোশোররফ হোসেন দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অচিরেই আন্দোলন হবে। আর সে আন্দোলনে এই সরকারের পতন হবেই। তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?
২. মার্কিন সামরিক বাহিনী অঙ্গীকার করে বলেছে, ইরানকে তেল রপ্তানি করতে দেবে না এবং পারস্য উপসাগরে তারা তেল রপ্তানির পথ খোলা রাখবে। আপনার কী মনে হয় পরিস্থিতি দিন দিন সংঘর্ষের দিকে যাচ্ছে?
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:
ঢাবিতে বহিরাগতদের অবস্থান-ঘোরাফেরা বন্ধ-দৈনিক প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি ছাড়া বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা করতে পারবেন না। একই সঙ্গে বহিরাগতরা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতির প্রয়োজন হবে। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভার এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বহিরাগতদের অবস্থানের বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলগুলোয কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনা ও সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য ৫ জুলাই প্রভোস্ট কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে ছাত্রত্ব নেই এমন অছাত্রকে কর্তৃপক্ষ হলে অবস্থান করতে দেবে না, কয়েক দিনের মধ্যেই অছাত্রদের হল ছাড়ার নির্দেশনা দিয়ে নোটিশ দেওয়া হবে।
ঢাবি উপাচার্যকে আলী রিয়াজের খোলা চ্যালেঞ্জ, কোথায় সেই ভিডিও?-দৈনিক মানবজমিন
কোটা সংস্কার নিয়ে চলমান আন্দালনকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্টের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি কোটাসংস্কার আন্দোলনে যুক্তদের তালেবান, আল শাবাব এবং বোকো হারামের সঙ্গে তুলনা করে একটি ভিডিওকে ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক দুনিয়ায় দীর্ঘদিন জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেন অধ্যাপক আলী রিয়াজ। আর গবেষণার প্রয়োজনেই তিনি সেই ভিডিওটি প্রদর্শনের খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন উপাচার্যকে।
খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে বিএনপির নেতা-কর্মীরা-দৈনিক যুগান্তর
উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তাঁর মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করছে বিএনপি। আজ সোমবার সকাল নয়টা থেকে রাজধানীর গুলিস্তানের ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে। জেলা পর্যায়েও একই কর্মসূচি পালন করছেন দলটির নেতা-কর্মীরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের জেলা সদরেও আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল নয়টার আগ থেকে অনশনে যোগ দিতে বিএনপির হাজারো নেতা-কর্মী মহানগর নাট্যমঞ্চের সামনে হাজির হন। সেখানে মাদুর বিছিয়ে অনশনে বসেন তাঁরা। বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, অনশন কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।
খালেদার রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ ১২ জুলাই-দৈনিক নয়া দিগন্ত
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার (৯ জুলাই) এ বিষয়ে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন নির্ধারণ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কংগ্রেসে গণতন্ত্র রক্ষা করেছে বলেই ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী, মত মল্লিকার্জুনের-দৈনিক সংবাদ প্রতিদিন
‘কংগ্রেস গণতন্ত্রকে রক্ষা করে এসেছে৷ তাই একজন ‘চা-ওয়ালা’ আজ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷’ – এভাবেই বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ খাড়গে বলেন, “বিভিন্ন দেশে ভাষণ দিতে যান প্রধানমন্ত্রী৷ তিনি জিজ্ঞাসা করেন গত ৭০ বছরে কংগ্রেস ঠিক কী কী কাজ করেছে? বিগত বছরগুলিতে আমরা দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি৷ তাই তাঁর মতো একজন ‘চা-ওয়ালা’ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷ সময় সুযোগ পেলেই ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সম্পর্কে যাচ্ছেতাই বলতে থাকে বিজেপি৷ সেই আক্রমণকে রুখে দিয়েই বলছি, কংগ্রেস একটা পরিবার আর আমরা সবাই সেই পরিবারের সদস্য৷”
ধর্ষকদের ক্ষমা নেই, নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড বহাল রাখল শীর্ষ আদালত-দৈনিক সংবাদ প্রতিদিন/আনন্দবাজার
ধর্ষকদের রেয়াত নয়৷ কোনও যুক্তিতেই তাদের অপরাধ লঘু হয়ে যায় না৷ যারা মানবেতর কাজ করেছে তাদের জন্য কোনওরকম মানবিক যুক্তি খাটে না৷ তাই শেষমেশ নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ গোটা দেশের চোখ ছিল আজ শীর্ষ আদালতের দিকে৷ ২০১২ সালের ডিসেম্বরের সেই স্মৃতি আজও ভুলতে পারেনি দেশবাসী৷ চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল দিল্লির নির্ভয়াকে৷ ধর্ষণের পর চালানো হয়েছিল অত্যাচার৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর৷ ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’ হিসেবেই বিবেচিত হয়েছিল এই ধর্ষণের ঘটনা৷ ছয় দোষীর মধ্যে এক নাবালককে ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছিল৷ অপর ধর্ষক আত্মহত্যা করেছিল৷ বাকি চার দোষীর মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়৷ তার বিরোধিতা করে ধর্ষকদের আইনজীবী৷ তাঁর দাবি ছিল, মৃত্যুদণ্ড আসলে ঠান্ডা মাথায় খুন৷ বহু দেশেই এই প্রথা নিষিদ্ধ হয়েছে৷ তাই ধর্ষকদের যাবজ্জীবন সাজা চেয়েছিল ওই আইনজীবী৷ সেই মামলারই শুনানি ছিল আজ৷ তবে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, ধর্ষকদের রেয়াত করার কোনও প্রশ্নই নেই৷ তাই তিন অভিযুক্তের মৃত্যুদণ্ডের সাজাই বহাল থাকল৷
টাটার চেয়ারম্যান পদ থেকে অপসারণ বেআইনি নয়, সাইরাস মিস্ত্রির আবেদন খারিজ আদালতে-দৈনিক আজকাল
টাটা গোষ্ঠির চেয়ারম্যান পদ থেকে বেআইনিভাবে তাঁকে সরানো হয়েছে। আদালতে এমনই অভিযোগ জানিয়েছিলেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি। সোমবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল (এনসিএসটি) সাইরাস মিস্ত্রির সেই অভিয়োগ খারিজ করে দেয়। এনসিএলটির মুম্বই বেঞ্চ জানিয়েছেন, তাঁর অপসারণে কোনও রকম বেআইনি ঘটনা চোখে পড়েনি আদালতের। টাটা গোষ্ঠির বোর্ড সদস্যদের বিশ্বাস হারিয়েছিলেন তিনি। সেকারণেই তাঁকে সর্বসম্মত সিদ্ধান্তে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয় বলে জানিয়েছে মুম্বই বেঞ্চ। এনসিএলটি–র এই রায় দানের পরেই টাটা সন্সের শেয়ারের দাম চড়তে শুরু করে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯