মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে-প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
- সরকার চাইলেই কোটা আইন সংশোধন করতে পারে- মওদুদ-দৈনিক কালেরকণ্ঠ
- সরকারের হুমকির মুখে আত্মসমর্পন করেছে ইসি: রিজভী-দৈনিক ইত্তেফাক
- কার্লাইলের ভিসা বাতিলে বাংলাদেশের হাত নেই : কাদের-দৈনিক নয়া দিগন্ত
- নির্বাচনে জনসমর্থনে এগিয়ে থাকবে আ.লীগ ॥ বিএমআই রিসার্চ-দৈনিক
- রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানালেন এমিনি এরদোয়ান
ভারতের খবর:
- পিডিপি ভাঙার চেষ্টা হলে ফল ভয়ঙ্কর হবে, বিজেপি’কে হুমকি মেহবুবা মুফতির-দৈনিক আনন্দবাজার
- অনন্তনাগে সিআরপিএফ–এর উপর গেরিলা হামলা, নিহত ২
- সাময়িক খরচ বাঁচাতে ক্যান্টনমেন্ট বন্ধের ভাবনা সেনার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে-প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আদালতের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা পরিবর্তনের সুযোগ নেই। গতকাল সংসদের চলতি বাজেট অধিবেশনের সমাপনী দিনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সবাই অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কোটা নিয়ে আন্দোলন প্রসঙ্গে বলেন, আন্দোলনকারীরা যে কী চায় বারবার জিজ্ঞাসা করা হলেও সঠিকভাবে তারা বলতে পারে না। এ বিষয়ে সরকার থেকে মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
সরকার চাইলেই কোটা আইন সংশোধন করতে পারে: দৈনিক কালেরকণ্ঠ
নিয়ত ঠিক থাকলে শুধু কোটা সংস্কার কেন সবকিছুই করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলছেন আদালতের নাকি রায় আছে। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না। আমি মনে করি না যে এ ধরনের কোনো রায় আছে। যদি থেকেও থাকে অ্যাটর্নি জেনারেল সেটা যেকোনো সময় পরিবর্তন করতে পারেন।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ সব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, হাইকোর্টের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কোটা পদ্ধতি নিয়ে নাকি হাইকোর্টের আইনে বলা আছে। সরকার চাইলে এই আইন সংশোধন করতে পারেন। কিন্তু তা করছেন না।
সরকারের হুমকির মুখে আত্মসমর্পন করেছে ইসি: রিজভী-দৈনিক ইত্তেফাক
বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না- এমন নির্দেশনা থেকে নির্বাচন কমিশনের সরে আসার এমন সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না- এমন নির্দেশনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে সিইসি এ কথা জানান। এ সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পন। আগামী নির্বাচনগুলোতে সরকার খুলনা-গাজীপুর মার্কা নতুন মডেলের ভোট সন্ত্রাসের নির্বাচন নির্বিঘ্ন করতেই ইসি তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
কার্লাইলের ভিসা বাতিলে বাংলাদেশের হাত নেই : কাদের-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড আলেক্সান্ডার কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় আগামী কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কাদের বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করতে চাই স্বাধীন, নিরপেক্ষ ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়মকানুন, আচরণবিধি আমরা সরকারি দলের পক্ষ থেকে আমরা সব মেনে চলব। এবং আগামী তিনটি নির্বাচন—রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনও নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কে আসবে কে আসবে না, ভারতে আসতে কার অনুমতি লাগবে, কীভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়মকানুনের বিষয়।
নির্বাচনে জনসমর্থনে এগিয়ে থাকবে আ.লীগ ॥ বিএমআই রিসার্চ-দৈনিক জনকণ্ঠ
আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনসমর্থনে এগিয়ে থাকবে বলে মনে করছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ। দুইশর বেশি দেশে রাজনৈতিক ঝুঁকি নিরূপণে কাজ করা প্রতিষ্ঠানটি বলছে, বিএনপি নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে অনশন, মানববন্ধনের মত যেসব রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন, তাতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওপর তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।

শুক্রবার প্রকাশিত বিএমআই রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাগারে যাওয়ার পর দলটির শক্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে ‘দুর্বল নেতৃত্বের’ বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না বলেই এ গবেষণা সংস্থার বিশ্লেষকদের ধারণা।
রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানালেন এমিনি এরদোয়ান
তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান ন্যাটো সম্মেলনে এক বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও তাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার নিয়ে কথা বলেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১১-১২ জুলাই ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয়।
ন্যাটো সম্মেলনে এমিনি এরদোয়ান তার স্বামী প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে সঙ্গ দিয়েছেন। অন্য রাষ্ট্রীয় নেতাদের স্ত্রীদের সঙ্গে তিওয়ারুনে রাজকীয় মিউজিয়ামে পরিদর্শন করেছেন তিনি। অন্য দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে বৈঠকে এমিলি এরদোয়ান গত বছর বাংলাদেশ ও মিয়ানমার সফর নিয়ে কথা বলেন। তিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, তুরস্ক সব সময় রোহিঙ্গাদের পাশে আছে। তুরস্কের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের সহায়তা করে যাচ্ছে। তিনি রোহিঙ্গাদের অধিকার রক্ষায় জোর দাবি তুলে ধরেন। এসময় তিনি রোহিঙ্গাদের সহায়তায় অন্য রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
পিডিপি ভাঙার চেষ্টা হলে ফল ভয়ঙ্কর হবে, বিজেপি’কে হুমকি মেহবুবা মুফতির-দৈনিক আনন্দবাজার
দল ভাঙানোর খেলা খেললে কাশ্মীরের পরিস্থিতি হবে ভয়ঙ্কর। সেক্ষেত্রে উপত্যকায় একাধিক ইয়াসিন মালিক বা সালাউদ্দিনের মতো বিচ্ছিন্নতাবাদীর জন্ম হতে পারে। শুক্রবার বিজেপিকে এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি।
পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি)ভাঙার চেষ্টা করছে বিজেপি, এই খবরেই এখন সরগরম কাশ্মীর উপত্যকা। কিছুদিন আগেই মুফতির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেবিজেপি। বিধানসভায় গরিষ্ঠতা না থাকায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দেন তিনি। অভিযোগ, তারপরই বিজেপি নেমেছে বিধায়ক কেনাবেচার খেলায়।
অনন্তনাগে সিআরপিএফ–এর উপর গেরিলা হামলা, নিহত ২
গেরিলা হামলায় নিহত হলেন সিআরপিএফ–এর দুই জওয়ান। শুক্রবার সকালে জম্মু–কাশ্মীরের অনন্তনাগ জেলার শিরপোরা এলাকায় অচাবল চওকে গাড়ি করে এসে টহলরত সিআরপিএফ বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা সামলিয়ে পাল্টা জবাব দেয় সিআরপিএফ–ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনা এবং রাজ্য পুলিসের বাহিনী। ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সিআরপিএফ জওয়ানরা।

এদিন সকালে নিয়মিত টহলে বেরিয়েছিল বাহিনী। তখনই হামলা হয়। জঙ্গিদের গুলিতে গুরুচর জখম হন সিআরপিএফ–এর তিন জওয়ান। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় এএসআই মীনা এবং কনস্টেবল সন্দীপের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনও চিকিৎসা চলছে আরেকজনের। গোলাগুলিতে জখম হয়েছেন এক সাধারণ নাগরিকও। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের খোঁজে সেনাবাহিনী দীর্ঘক্ষণ ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালালেও কেউ ধরা পড়েনি।
সাময়িক খরচ বাঁচাতে ক্যান্টনমেন্ট বন্ধের ভাবনা সেনার
প্রায় ২৫০ বছর আগে উত্তর ২৪ পরগণার বারাকপুরে দেশের প্রথম ক্যান্টনমেন্ট স্থাপন করেছিলেন ব্রিটিশরা৷ তারপরে সমগ্র দেশে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৬২-তে৷ তবে এবার এই ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ আর এই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে খোদ সেনাই৷ উদ্দেশ্য, একদিকে সামরিক ব্যয় কমানো৷ পাশাপাশি, ক্যান্টনমেন্টগুলির অধীনস্থ জমিকে সেনার নিজস্ব কাজে ব্যবহার করা৷ যেখানে কেবলমাত্র সেনারই ক্ষমতা থাকবে

সূত্রের খবর, সেনার পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে যে অংশে জনবসতি রয়েছে সেই অঞ্চলগুলি স্থানীয় পুরসভা বা কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হবে৷ বাকি অংশ থাকবে সেনার দায়িত্বে৷ সেনার উচ্চপদস্থ কর্তারা মনে করেন, এর ফলে অনেকটাই কমানো যাবে সামরিক খরচ৷ চলতি বছরেই যার জন্য ব্যয় হচ্ছে ৪৭৬ কোটি টাকা৷ সূত্রের খবর, ২০১৫-তে প্রথমবার এমন একটি পরিকল্পনা নেওয়ার কথা ভাবা হয়েছিল সেনার পক্ষ থেকে৷ কিন্তু বিভিন্ন কারণে তা কার্যকর করা যায়নি৷ তবে এবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ গত সেপ্টেম্বরে এই সংক্রান্ত একটি সমীক্ষাও শেষ করেছে সেনা৷#
পার্সটুডে/বাবুল আখতার/১২