জুলাই ১৪, ২০১৮ ১০:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করেছি: শেখ হাসিনা-দৈনিক প্রথম আলো
  • দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই : ফখরুল-দৈনিক যুগান্তর
  • আওয়ামী লীগের টার্গেট অংশগ্রহণমূলক নির্বাচন-দৈনিক নয়া দিগন্ত
  • ভারতে কার্লাইয়ের ভিসা বাতিলে বাংলাদেশের হাত নেই : সেতুমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করা সম্ভব নয়: মওদুদ-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জের, থারুরের বিরুদ্ধে সমন জারি কলকাতার আদালতের -সংবাদ প্রতিদিন 
  • দমদম বিমানবন্দরের কাছে উদ্ধার লরি ভর্তি পচা মাংস-দৈনিক আনন্দবাজার
  • আবারও বাড়ল পেট্রল–ডিজেলের দাম-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ সফরে গেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করছেন। এ বৈঠকে শেখ হাসিনা দু দেশের মধ্যকার সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেছেন। খবরটি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

২. জাতিসংঘকে মার্কিন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সিরিয়া। প্রশ্ন হচ্ছে জতিসংঘ কী কোনো ব্যবস্থা নেবে?

পর্যালোচনার বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর

স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করেছি: শেখ হাসিনা -দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। আজ শনিবার বাংলাদেশ সফরে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। তাঁর সরকারি বাসভবন গণভবনে এ আলোচনা হয়। খবর ইউ্এনবির। এ আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা বলেন, ‘কোনো সমস্যা সমাধানের আমরা সব সময় আলোচনার পক্ষে। স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আমরা এ আলোচনার মাধ্যমেই করেছি।’এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতির পরিপ্রেক্ষিতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী ব্যক্তি, গোষ্ঠীকে কখনোই বাংলাদেশ তার নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।’

দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুর ১২টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই উদ্বোধন করেছেন। আজ শনিবার দুপুর ১২টায় এ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের ভেতর পৌঁছালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ আয়োজকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভকে স্বাগত জানান।

দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই : ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা না থাকায় অনুমতির পরও কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জিয়া পরিষদের আলোচনাসভা করতে না দেয়ার প্রতিবাদে ইনস্টিটিউশনের সামনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সারা দেশে যে কথা বলা ও সভা-সমাবেশ করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া। এ সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। আজ প্রশাসন আমাদের জিয়া পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

ফখরুল বলেন, এ স্বৈরাচারী সরকার জনগণের বুকের ওপর পাথরের মতো চেপে বসেছে। বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতার-নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, সভা-সমাবেশের রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়েছে।

ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করা সম্ভব নয়: মওদুদ-দৈনিক মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

একটা ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে উৎখাত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জিয়া আদর্শ একাডেমির আয়োজনে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। মওদুদ আহমদ বলেন, এই সরকারকে উৎখাতের একমাত্র পথ হলো জাতীয় ঐক্যমত সৃষ্টি করে মাঠে নামা। আপনারা মাঠে নামার জন্য প্রস্তুত হন। মাঠে নামতে হবে যদি আপনারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। যদি আপনারা দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে চান, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে চান তাহলে মাঠে নামতে হবে।  বিএনপির অপর নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, হামলা করে সরকার তার পতন ঠেকাতে পারবে না।

আওয়ামী লীগের টার্গেট অংশগ্রহণমূলক নির্বাচন-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশ আওয়ামী লীগ

সরকারি দল আওয়ামী লীগের টার্গেট এবার অংশগ্রহণমূলক নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বও চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হোক। ৫ জানুয়ারির বিতর্ক ঘুচিয়ে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেতেই মূলত এ কৌশল কাজে লাগানো হচ্ছে। তারই অংশ হিসেবে আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে আওয়ামী লীগ। এর পাশাপাশি নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে ও প্রাণবন্ত করতে ছোট ছোট অনিবন্ধিত রাজনৈতিক দলকে কিছু প্রণোদনা দিয়ে অংশীদার করতে চায় ক্ষমতাসীনেরা নীতিনির্ধারণী পর্যায় সূত্রে এমন আভাস পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন জোট ও জোটের বাইরে ৩৬টি নিবন্ধিত দল নিয়ে কাজ করছে সরকার। ছোট ছোট অনিবন্ধিত দলের সাথেও বিভিন্ন মাধ্যমে আলাপ-আলোচনা চলছে। তবে বিএনপির বিষয়ে কোনো ছাড় দেবে না ক্ষমতাসীনেরা। এমনকি আগামী নির্বাচনে বিএনপির সংলাপ বা নির্বাচনকালীন সরকারের দাবির বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক মনোভাব দেখানো হবে না। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জের, থারুরের বিরুদ্ধে সমন জারি কলকাতার আদালতের-দৈনিক সংবাদ প্রতিদিন

কংগ্রেস নেতা শশী থারুর

‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে আরও বিপাকে কংগ্রেস নেতা শশী থারুর। এবার থারুরের বিরুদ্ধে সমন জারি করল কলকাতার একটি আদালত। তিরুবনন্তপুরমের সাংসদের বিরুদ্ধে মামলা করেছেন কলকাতার আইনজীবী সুমিত চৌধুরি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই সমন জারি করেছে আদালত।

ঘটনার সূত্রপাত হয় থারুরের বিতর্কিত মন্তব্য থেকে। তিরুবনন্তপুরমেই এক অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রকে তুলোধোনা করেন কংগ্রেস নেতা। বলেন, “যেভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র গড়ার দিকে এগোচ্ছে বিজেপি। তাতে আগামী লোকসভা নির্বাচনে জিতে আসলে তারা নিজেদের সর্বেসর্বা মনে করবে। গণতান্ত্রিক দেশের সংবিধান বলতে আমরা যা বুঝি, তা হয়তো আর বেঁচেবর্তে থাকবে না। নিজেদের সুবিধামতো দেশের সংবিধানেও আমূল পরিবর্তন আনবে বিজেপি। সেই বিকৃত সংবিধানের উদ্দেশ্যই হবে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। একই সঙ্গে সংখ্যালঘুদের সমানাধিকার হরণ করা। এই নয়া সংবিধান ভারতকে ‘হিন্দু পাকিস্তানে’ পরিণত করবে।

আবারও বাড়ল পেট্রল–ডিজেলের দাম-দৈনিক আজকাল

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি

কয়েকদিন আগে পর্যন্তও দাম কমছিল। কিন্তু ফের একবার উর্ধ্বমুখী পেট্রল–ডিজেলের দাম। এই নিয়ে টানা তৃতীয়দিন দাম বাড়ল পেট্রোপণ্যের। নয়া দাম অনুযায়ী, কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৭৯ টাকা ৬১ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭১ টাকা ৭৬ পয়সা। দেশের বাকি তিন মহানগরেও বেড়েছে পেট্রল–ডিজেলের দাম। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯৫ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে।নয়া এই দাম শনিবার সকাল ৬ টা থেকে কার্যকর হয়েছে।

দমদম বিমানবন্দরের কাছে উদ্ধার লরি ভর্তি পচা মাংস-দৈনিক আনন্দবাজার

ভাগাড় কাণ্ড এবং পচা মাংসের রেশ যেন কিছুতেই কাটছে না। তদন্ত, তল্লাশি, ধরপাকড় চলছে সবই। তবু এর মধ্যেও পচা মাংস উদ্ধার হয়েই চলেছে। যার সর্বশেষ ঘটনাটি ঘটল দমদম বিমানবন্দরের কাছে। শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরের দুই নম্বর গেটের কাছে উদ্ধার হল এক লরি পচা মাংস। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দরের কাছে যখন চেকিং চলছিল, ঠিক সেই সময় এই লরিটি আটকায় পুলিশ। লরির ডালা খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পচা মাংস ও হাড়। লরির চালক ও দুই খালাসিকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, বেড়াচাপা থেকে যশোর রোড হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পার করে বিহারে যাওয়ার কথা ছিল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪