জুলাই ১৭, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়া অনেক অসুস্থ কথাটি সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভাবনা-দৈনিক নয়া দিগন্ত
  • মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর-দৈনিক ইত্তেফাক
  • বছরে ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে: মান্না-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • কুলভূষণ কাণ্ডে ফের আন্তর্জাতিক আদালতে পাকিস্তান, দেবে ভারতের অভিযোগের জবাব-সংবাদ প্রতিদিন 
  • মোদী ও শাহের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি লোপ পেতে বসেছে-দৈনিক আনন্দবাজার
  • গণপিটুনি রুখতে নতুন আইনের প্রস্তাব, ৪ সপ্তাহে রিপোর্ট সুপ্রিম কোর্টকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কেউ যেন একবেলাও না খেয়ে থাকে সেজন্য ভাতার ব্যবস্থা করেছে সরকার-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের লক্ষ্য। এ দেশের কোনো মানুষ যেন একবেলাও  উপোস না থাকে সেজন্যই বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইলেকট্রনিক উপায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগে ভাতার টাকা ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে যেত। এখন ডিজিটাল বাংলাদেশ। আজ আমরা সেই ডিজিটাল পদ্ধতিতে যার যা প্রাপ্য তার কাছেই পৌঁছে দেব। কেউ আর কমিশন খেতে পারবে না। সরাসরি টাকা আপনার হাতে পৌঁছে যাবে। প্রতিটি জায়গায় নামের তালিকা করে ডাটাবেজ করে রাখব। ১ কোটি ৪০ লাখ মা এখন মোবাইল ফোনে টাকা পাচ্ছে। সে কারণে তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড-দৈনিক প্রথম আলো

ভল্টোর  সোনার রুপ পরিবর্তন

এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে  বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা ৯৬৩ কেজি সোনা যাচাই করে গুরুতর অনিয়ম মিলেছে। ছিল সোনার চাকতি, হয়ে গেছে মিশ্র ধাতু। ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট। ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে এনবিআর চিঠি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, এটি অকল্পনীয়। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আশা করি বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করবে এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দেবে। 

খালেদা জিয়া অনেক অসুস্থ কথাটি সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক অসুস্থ কথাটি সঠিক নয়। তিনি নতুন কোনো রোগে আক্রান্তও হননি যাতে তার স্বাস্থ্যহানি হয়। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বক্ষণিক তার খোঁজ খবর নেয়া হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) সঙ্গেও কথা হয় বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাঝে একদিন তাকে (খালেদা জিয়া) সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছিল। এপরপর আর সেখানে যেতে রাজি হননি তিনি।

ভোট ডাকাতিতে সহযোগিতা করছেন সিইসি : মোশাররফ-দৈনিক ইত্তেফাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন গঠনে শুরু থেকেই সরকারের গলদ রয়েছে। গঠনের সময় লোক দেখানো আলোচনা করে তারা তাদের পরীক্ষিত লোকদেরকে এখানে স্থান করে দিয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জনতার মঞ্চের নেতৃত্বদানকারী অর্থাৎ আওয়ামী লীগের একজন নেতাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে। ইতোমধ্যে তিনি (সিইসি) যে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছেন প্রত্যেকটি জায়গায় জনগণের পাশে না থেকে সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করেছেন, তাদের ভোট ডাকাতিতে সহযোগিতা করেছেন। তিনি বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে কেউ বিশ্বাস করে না। এদের দ্বারা জাতীয় নির্বাচন সুষ্ঠু আশা করা যায় না।

বছরে ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে: মান্না-দৈনিক মানবজমিন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

বাংলাদেশ থেকে এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ জাতীয় প্রেসক্লাবে, ‘ক্যম্পোইন এগেইনস্ট স্টেট কোরাপশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের কাছে চলে যাওয়া টাকা শেষ পর্যন্ত দেশে না থেকে পাচার হয়ে যায়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে ২০০৫ থেকে ২০১৪ এই দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে ৬ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২০১৪ সালে হয়েছিল ৭৩ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের নিরিখে ২০১৪ সালকে ভিত্তি ধরে এটা যৌক্তিকভাবে অনুমান করাই যায়। পাচারের অংকটি এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভাবনা-দৈনিক নয়া দিগন্ত

আওয়ামী লীগ

নির্বাচনী রাজনীতিতে কোনোভাবেই হারতে রাজি নয় আওয়ামী লীগ। স্থানীয় থেকে জাতীয় সব নির্বাচনেই এ ধারা অব্যাহত রাখতে চান ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে যা কিছু দরকার সবই করা হচ্ছে। এর মাধ্যমে এক দিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মনোবল বাড়ানো এবং অন্য দিকে ভোটের রাজনীতিতে বিএনপি-জামায়াত জোটের কোনো জনসমর্থন নেই বলে দেশ-বিদেশে প্রমাণ করতে চান তারা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কুলভূষণ কাণ্ডে ফের আন্তর্জাতিক আদালতে পাকিস্তান, দেবে ভারতের অভিযোগের জবাব-দৈনিক সংবাদ প্রতিদিন

কূলভূষণ যাদব

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবকে নিয়ে পর্যুদস্ত হওয়ার পর  প্রতিশোধ নেওয়ার জন্য সম্ভবত বদ্ধপরিকর পাকিস্তান। তাই এবার আরও আটঘাট বেধে ময়দানে নেমেছে তারা। আজ আন্তর্জাতিক আদালতে পাকিস্তান তাদের জবাব দেবে বলে দেশটির একটি টেলিভিশন চ্যানেলে জানিয়েছে। ভারতের শেষ উত্তরের পরিপ্রেক্ষিতে ৪০০ পাতার প্রত্যুত্তর পেশ করছে পাকিস্তান। এটি পাকিস্তানের দ্বিতীয় প্রতিক্রিয়া। প্রাক্তন ভারতীয় নেভি কম্যান্ডার কুলভূষণ যাদবকে ২০১৬ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের মিলিটারি কোর্ট। তাঁকে ভারতীয় গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে এই সাজা শোনায় আদালত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগও তোলে পাকিস্তান।

গণপিটুনি রুখতে নতুন আইনের প্রস্তাব, ৪ সপ্তাহে রিপোর্ট সুপ্রিম কোর্টকে-দৈনিক আজকাল

ভারতের সুপ্রিম কোর্ট

গণপিটুনি রুখতে সংসদকে নতুন আইন তৈরির প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। সেই আইনে এধরনের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তি দেওয়ার প্রস্তাবও সংসদকে দিয়েছে সুপ্রিম কোর্ট। গুজবের জেরে গণপিটুনিতে মৃত্যু, গোরক্ষকদের বেধড়ক মারধরে মৃত্যুর ঘটনায় সমাজসেবী তেহসিন পুনাওয়ালা এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং ডিওয়াই চন্দ্রচূড় বলেন, কোনও নাগরিকেরই আইন হাতে তুলে নেওয়া বা নিজেই আইন হয়ে যাওয়ার অধিকার নেই। এই ঘটনা লৌহমুষ্টিতে রুখতে হবে। অরাজকতা বন্ধ করতে রাষ্ট্রকেই কড়া পদক্ষেপ করতে হবে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭