বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ সেপ্টেম্বের শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সড়ক দুর্ঘটনা: খুলে দেওয়া চোখ আবার বন্ধ-প্রথম আলো
- ৭ মার্চ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
- ইভিএমে যে কেউ জাল ভোট দিতে পারে-দৈনিক যুগান্তর
- নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে: বদরুদৌজা চৌধুরী
ভারতের শিরোনাম:
- ডিএ-রায়: ‘ঘেউ ঘেউ' মন্তব্য ফিরিয়ে নিন মুখ্যমন্ত্রী, বলছে সব বিরোধী –দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আসন ভাগাভাগিতে অসন্তুষ্ট নীতীশ, ছাড়তে পারেন বিজেপির হাত-দৈনিক আজকাল
- ফের বাড়ল জ্বালানির দাম, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের-সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. টেনশনে আওয়ামী লীগের এমপিরা……এটা মানবজমিন অনলাইনের একটি শিরোনাম। প্রশ্ন হচ্ছে- কেন তারা টেনশনে?
২. ইদলিবে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সিরিয়া তবে কোনো কোনো দেশ এর বিরোধিতা করছে। এর কারণ কী?
সড়ক দুর্ঘটনা: খুলে দেওয়া চোখ আবার বন্ধ-প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায় থেকেও বলা হচ্ছিল, শিক্ষার্থীরা চোখ খুলে দিয়েছে। ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল এবং সাম্প্রতিক সড়ক-নৈরাজ্য দেখে মনে হচ্ছে, রাজপথে নেমে শিক্ষার্থীরা যে চোখ খুলে দিয়েছিল, তা আবার বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন। ঈদুল আজহার সময় সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে সমিতি। লিখিত বক্তব্য দেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বক্তব্যে বলা হয়, ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে মোট ২৭০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭৮ জন। দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে সড়কপথে। ২৩৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৫৯ জন। আহত হয়েছে ৯৬০ জন
৭ মার্চ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে নির্মিত ৭ মার্চ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি এ ভবনটির উদ্বোধন করেন। ১৯৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১১ তলা বিশিষ্ট ৭ মার্চ ভবন নির্মাণ করে ঢাবি কর্তৃপক্ষ। এই ভবনে এক হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী ১২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন।
বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দানব সরকারকে অপসারণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনও উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপোসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাদেরকে ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।' আজ শনিবার সকালে শেরেবাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এরা গণতন্ত্র বিরোধী ও সমাজ বিরোধী সরকার।
ইভিএমে যে কেউ জাল ভোট দিতে পারে-দৈনিক যুগান্তর
ইভিএম পদ্ধতির সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন, ইভিএম পদ্ধতির মাধ্যমে যে কেউ জাল ভোট দিতে পারে। এটা পরীক্ষিত। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ, প্রতিরোধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, ‘গত পরশু নির্বোধ নির্বাচন কমিশন ইভিএমের একটি সিদ্ধান্ত নিয়েছে। ইতিহাসে নেই, কোনো কমিশনের সদস্য কমিশনের মিটিং বয়কট করে, সেটাও হয়েছে। এ মুহূর্তে ইভিএম হওয়ার কোনো মানে নেই। যারা ইভিএম চালাবেন তারাও শেখেন নাই। যারা ভোট দেবেন তারাও জানেন না। তিনি বলেন, নির্বাচনে ইভিএম চলবে কি চলবে না তা নিয়ে হুদা কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য ডেকেছিল। সেখানে উপস্থিত সবার সামনে আমাদের দলের সাধারণ সম্পাদক ছয় ছয়টি জাল ভোট দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, নির্বাচন কমিশনার আপনাদের চোখের সামনে ছয়বার জাল ভোট দেয়া হল আপনি কিছুই করতে পারলেন না। আপনার ইভিএম কিছু করতে পারল না। এই ইভিএম চলবে না। সেই ইভিএম তৈরি করেন যেটা একবারের বেশি কোনো মানুষকে গ্রহণ করবে না।
নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে: বদরুদৌজা চৌধুরী-দৈনিক নয়া দিগন্ত
যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদৌজা চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙ্গে দিতেই হবে। নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের ৭/১০ দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাদেরকে অবশ্যই ম্যাজিস্টেসি পাওয়ার দিতে হবে। ইভিএম দিয়ে কোনো ভোট গ্রহণ চলবে না। আজ জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউঞ্জে ‘গণতন্ত্র ন্যায় বিচার : প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র উদ্যোগে এআলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো। আমরা কোনো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হতে দিব না। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবো। সংখ্যাগরিষ্টতার জোরে কোনো দল যেন দেশ শাসন করতে না পারে। জনগণ আর স্বেচ্ছাচারী সরকার দেখতে চায় না।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
ডিএ-রায়: ‘ঘেউ ঘেউ’ মন্তব্য ফিরিয়ে নিন মুখ্যমন্ত্রী, বলছে সব বিরোধী -দৈনিক আনন্দবাজার পত্রিকা
বড়সড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। কলকাতা হাইকোর্ট শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিল, মহার্ঘ ভাতা (ডিএ) পাওয়া সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার। আর এই রায় জেনেই বিরোধীরা সম্মিলিত ভাবে বহুচর্চিত ‘ঘেউ ঘেউ' মন্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ওই মন্তব্যের জন্য এ বার ক্ষমা চান মুখ্যমন্ত্রী, উঠল এমন দাবিও। আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন ‘কনফেডারেশন’-এর মামলার প্রেক্ষিতেই মূলত এই রায় দিল হাইকোর্ট। এর আগে স্যাটে রাজ্য সরকার জানায়, ডিএ কর্মীদের অধিকার নয়। বরং তা সরকারের ইচ্ছার উপরে নির্ভরশীল। তার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় কর্মী সংগঠন। শুক্রবার হাইকোর্ট জানাল, স্যাটের রায় খারিজ করা হচ্ছে। ডিএ অবশ্যই কর্মীদের অধিকার, তা সরকারের ‘দয়ার দান' নয়।
আসন ভাগাভাগিতে অসন্তুষ্ট নীতীশ, ছাড়তে পারেন বিজেপির হাত-দৈনিক আজকাল
নীতীশ যে নীতিতে বিশ্বাসী। সেই নীতিতেই ফিরছেন তিনি। ২০১০–এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়বে ২০টি আসনে আর জেডিইউকে দেওয়া হয়েছে ১২টি আসন। সেখানে রামবিলাস পাশোয়ানের দল লোক জনশক্তি পার্টি লড়বে ছ’টি আসনে।
গত লোকসভা নির্বাচনেও এই ছ’টি আসনে জয়ী হয়েছিল লোক জনশক্তি পার্টি। বিজেপির এই সিদ্ধান্তেই নাকি বেজায় অসন্তুষ্ট হয়েছে নীতীশ কুমার। শাসক দল হিসেবে আরও কিছু আসন চেয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। যদিও জেডিইউ নেতা কেসি ত্যাগি জানিয়েছেন আসন ভাগাভাগির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তাঁর কথায় বলতে গেলে এখনও আশা আছে জেডিইউর।সূত্রের খবর বিজেপি ১৬টি আসনে লড়ুক এমনই চেয়েছিল জেডিইউ।
ফের বাড়ল জ্বালানির দাম, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের
নিজের রেকর্ড নিজেই ভাঙছে পেট্রল-ডিজেলের দাম৷ শনিবার সেই ধারা অব্যাহত রেখে সর্বকালীন রেকর্ড ছুঁল জ্বালানি তেলের দাম৷ আজ, শহর কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১.৪৪ টাকা৷ ডিজেল বিক্রি হচ্ছে ৭৩.০৬ টাকায়৷ চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম৷অন্যদিকে, টানা পতনের মুখে ভারতীয় মুদ্রা৷ ডলারের তুলনায় হু হু করে নামছে টাকার মূল্য৷ আজ ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৭ পয়সা৷ শুক্রবারের তুলনায় শনিবার একটু টাকার দামে লাগাম টানা গেলেও সাম্প্রতিককালে এই পতন সর্বাধিক বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ টাকার মূল্যের পতনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷#
পার্সটুডে/বাবুল আখতার/১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন