সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এঐরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ভালো সংসদ নির্বাচন করতে জনগণকে ঐক্যে শামিল হতে হবে: বলেছেন ড. কামাল -দৈনিক প্রথম আলো
  • তাজিয়া মিছিলে আগুন-আতশবাজি-ছুরি-তলোয়ার নিষিদ্ধ’-ইত্তেফাক
  • কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি-বলেছেন এরশাদ-কালেরকণ্ঠ
  • একনেকে দেড় লাখ ইভিএম মেশিন কেনার প্রকল্প অনুমোদন-যুগান্তর
  • ১ মাসে দেশের অনেক কিছুর পরিবর্তন হবে: মওদুদ-মানবজমিন
  • সীমাতিরিক্ত ঋণ ১৬ ব্যাংকের- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ৯০ কোটির ওষুধ গিলেছে বাগড়ি, সঙ্কট জেলায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ২০১৯–এর লোকসভা ভোটে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছে খুনি শম্ভুলাল-দৈনিক আজকাল
  • পদের লোভ দেখিয়ে বিজেপি নেত্রীকে ‘ধর্ষণ, গ্রেপ্তার আরএসএসের রাজ্য নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তা:

১. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি জাতিসংঘের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ নানা আলোচনা হচ্ছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. আমেরিকা থেকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বহিষ্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার পর্যবেক্ষণ কী?

ভালো সংসদ নির্বাচন করতে জনগণকে ঐক্যে শামিল হতে হবে: ড. কামাল-দৈনিক প্রথম আলো

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে, এ জন্য ঐক্য করেছি। দেশের বৃহত্তর স্বার্থে একটি ভালো সংসদ নির্বাচন করতে বাংলাদেশের জনগণকে এ ঐক্যে শামিল হতে হবে।

খুলনায় আয়োজিত জনসভায় অংশ নিতে যাওয়ার পথে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় যশোর প্রেসক্লাবে নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ড. কামাল এসব কথা বলেন।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

ড. কামাল বলেন, ‘সরকার জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে, তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে। জনগণের দায়িত্ববোধও আছে। এটাকে মনে রেখেই মত প্রয়োগ করতে হবে, যাতে এ দেশে শাসনব্যবস্থা, সমাজব্যবস্থা, অর্থনীতি—সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়।

ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক বলেন, ‘দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা বের হয়েছি। এটা কোনো দলীয় লক্ষ্যে নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। ফলে দেশের মালিককে তাদের অধিকার রায় সক্রিয় হতে হবে।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূরসহ যশোর জেলার নেতারা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সকাল সাড়ে আটটায় নেতারা যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে যশোর প্রেসক্লাবে যান। সেখানে তাঁরা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে সাংবাদিকদের উদ্দেশে ড. কামাল হোসেন প্রেস বিফ্রিং করেন।

তাজিয়া মিছিলে আগুন-আতশবাজি-ছুরি-তলোয়ার নিষিদ্ধ-ইত্তেফাক

সুদৃঢ়, সমন্বিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে উদযাপিত হবে তাজিয়া শোক মিছিল। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া শোক মিছিলে ডিএমপি’র পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 

হোসাইনী দালান ইমামবাড়া কেন্দ্রীক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটিই জানালেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।  

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।  

মঙ্গলবার সকাল ১১ টায় শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তাজিয়া শোক মিছিলের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ১০ মহরমকে ঘিরে বড় তাজিয়া মিছিল হবে। প্রতিটি শোকমিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইমামবাড়া সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক দর্শনার্থীর দেহ তল্লাশি করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে।  ‍পুলিশ ও র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিটি অনুষ্ঠানস্থল সুইপিং করানো হবে। যে সব রুট দিয়ে শোক মিছিল যাবে সে সব ‍রুটে থাকবে আমাদের রুফটপ ডিউটি, রোড ব্যারিকেড ব্যবস্থা, গাড়ি ও ফুট পেট্রোলিং। মিছিলের আগে, মাঝে, পাশে ও পিছনে থাকবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। শোক মিছিলের নিরাপত্তায় সাদা পোশাকে ও ইউনিফর্মে  পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি-বলেছেন এরশাদ-কালেরকণ্ঠ

 আমি নিশ্চিত এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমি কেন্দ্রভিত্তিক কমিটি করার নির্দেশ দিয়েছি। ওখানে যেন কেউ জোর করে সিল মারতে না পারে। কেউ সিল মারতে এলে প্রতিহত করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর প্রচারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গিয়ে সাড়ে পাঁচ হাজার মামলা প্রত্যাহার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের নেতাকর্মীদের ৬ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আমার একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। কেন হয়নি জানেন, তারা আমাকে বিশ্বাস করে না। তারা জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায়।

একনেকে দেড় লাখ ইভিএম মেশিন কেনার প্রকল্প অনুমোদন-যুগান্তর

১২ হাজার ৫৪৪ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, আজ মঙ্গলবার একনেক বৈঠকে ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১২ হাজার ৫৪৪ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আট হাজার ৮৪২ কোটি ৩৩ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫৭ কোটি এক লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে তিন হাজার ৪৪৫ কোটি ৬০ লাখ টাকা খরচ করা হবে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ দত্ত।

১ মাসে দেশের অনেক কিছুর পরিবর্তন হবে: মওদুদ-মানবজমিন

আগামী এক মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ-এর আয়োজনে ‘ভোটাধিকার- ন্যায় বিচার ও মানবাধিকার:বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  মওদুদ বলেন, সময় আর বেশি দেরি নেই। সময় ফুরিয়ে আসছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। সামনে আমরা কিভাবে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনবো সেটির চ্যালেঞ্জ। তিনি বলেন, আর মাত্র এক মাস সময় আছে। এই সময়ের মধ্যে দেশের অনেক কিছুর পরিবর্তন হবে। আমাদেরকে এমন প্রস্তুতি নিতে হবে যাতে এই সরকারকে বাধ্য করা যায় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে।

সীমাতিরিক্ত ঋণ ১৬ ব্যাংকের- দৈনিক নয়াদিগন্ত

সীমাতিরিক্ত ঋণ বিতরণের অভিযোগ উঠেছে ১৬ বাণিজ্যিক এবং বিদেশী ব্যাংকের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে ব্যাংকগুলোর এ আগ্রাসী ব্যাংকিংয়ের কারণে বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে ব্যাংকিংব্যবস্থা ভেঙে পড়া এবং জনগণের আস্থার সঙ্কট দেখা দেয়ারও আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে ব্যাংকগুলোর এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে আর্থিক খাতে বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে তফসিলি ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সম্পদ-দায় ব্যবস্থাপনা গাইডলাইনের ১.৩.১ অনুচ্ছেদ অনুসারে একটি প্রচলিত ব্যাংক মোট আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং শরিয়াহভিত্তিক ব্যাংক ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষকেরা গত বছরের ঋণ আমানতের সমন্বিত বিবরণী পর্যালোচনা করে দেখেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্ধারিত মাত্রায় ঋণ অমানতের অনুপাত নামিয়ে আনতে নির্দেশনা দেয়া হলেও ব্যাংকগুলো তা সংরক্ষণ করতে পারেনি। পাঁচটি ব্যাংক পর্যায়ক্রমে ঋণ আমানতের অনুপাত না কমিয়ে বরং দিন দিন বৃদ্ধি করেছে। একটি ব্যাংক ১০৬ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে শুধু ওয়ান ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও অন্য ব্যাংকগুলোকে শুধু সতর্ক করা হয়। ৩১ ডিসেম্বরের প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষকেরা দেখতে পান জরিমানার পর ওয়ান ব্যাংক ঋণসীমা নির্ধারিত অবস্থানে নামিয়ে আনতে পারলেও প্রিমিয়ার ব্যাংকের ঋণসীমা আগের চেয়ে বেড়ে যায়। যেমন, গত বছরের ২৮ সেপ্টেম্বরে প্রিমিয়ার ব্যাংকের ঋণ আমানতের অনুপাত ছিল ৯০ দশমিক ৫৯ শতাংশ, ডিসেম্বরে তা না কমে বরং বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ৮২ শতাংশে। এ ছাড়া অন্য ব্যাংকগুলোরও ৩১ ডিসেম্বরের ঋণ আমানতের অনুপাত বেড়ে গেছে।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

৯০ কোটির ওষুধ গিলেছে বাগড়ি, সঙ্কট জেলায়- দৈনিক আনন্দবাজার পত্রিকা

দ্বিতীয় দিনেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বাগড়ি মার্কেটের আগুন। মার্কেটের সব তলায় রয়েছে ওষুধের দোকান। ওষুধের শতাধিক দোকান প্রায় পুরো বিধ্বস্ত। অন্য ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। ফলে ওষুধের বাজারে টান তো পড়বেই। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই থেকে আড়াই মাস লাগতে পারে বলে মনে করছেন ওষুধ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৯০ কোটি টাকার ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যানিং স্ট্রিটের ওই ছ’তলা বাজার থেকে মূলত দক্ষিণবঙ্গের ১২-১৩টি জেলায় ওষুধ সরবরাহ হয়। মার্কেটের ওষুধের দোকান পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রভাব পড়বে। ফলে শহরতলি ও গ্রামাঞ্চল অনেক বেশি ভোগান্তির শিকার হতে পারে বলে ওষুধ ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা।

২০১৯এর লোকসভা ভোটে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছে খুনি শম্ভুলাল-দৈনিক আজকাল

শম্ভুলাল রেগার। নামটা মনে আছে নিশ্চয়। মুর্শিদাবাদের মুসলিম শ্রমিক মহম্মদ আফরাজুলকে প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে খুন করেছিল সে। সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে নিজেই। কেন এই নৃশংস খুন। সেটাও সকলের জানা। এহেন যোগ্য প্রার্থীকে হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির। তাই ২০১৯–এর লোকসভা নির্বাচনে আগ্রা থেকে প্রার্থী করা হচ্ছে শম্ভুলালকে। উত্তর প্রদেশ নবনির্মাণ সেনার টিকিটে লড়বে সে। যোধপুর জেল থেকেই ভোটের লড়াইটা করবেন শম্ভুলাল।

শম্ভুলাল রেগার

উত্তর প্রদেশ নবনির্মাণ সেনার সর্বভারতীয় সভাপতি অমিত জানি বলেছেন, শম্ভুলাল জেলে থাকলেও তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন তিনি। আগ্রা থেকে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা  করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল তাকে। তাতে রাজিও হয়েছে সে।  রাজসামাদে যে কাজ তিনি করেছেন তাঁতে হিন্দু ধর্মের তিনি যে একজন যোগ্য সেনানি তাতে কোনও সন্দেহ নেই। আগ্রার জন্য এমনই একটা মুখ চাইছিল দল।

এরকম একজন দাগী খুনের আসামীকে প্রার্থী করা হচ্ছে কেন এই প্রশ্ন করা হয়েছিল অমিত জানিকে। তার উত্তরে তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন, যদি মুক্তার আনসারি, শাহবুদ্দিনের মত লোকেরা যদি নির্বাচনে লড়তে পারে তাহলে শম্ভুলাল কেন নয়।

পদের লোভ দেখিয়ে বিজেপি নেত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার আরএসএসের রাজ্য নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপির এক প্রাক্তন নেত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হল আরএসএস-এর রাজ্য নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়কে। সোমবার বিকেলে দিল্লির দেশবন্ধু নগর সংঘেরই পঞ্চায়েত সংক্রান্ত একটি দপ্তর থেকে লালবাজারের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন। রাজ্য বিজেপির ওই প্রাক্তন নেত্রী দিনকয়েক আগেই বেহালা মহিলা থানায় অমলেন্দুবাবুর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন। আরএসএস নেতার গ্রেপ্তারির ঘটনাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে আরএসএসও।

পার্সটুডে/বাবুল আখতার/১৮

শ্রোতবন্ধুরা!  আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।