সেপ্টেম্বর ২০, ২০১৮ ১২:৩৫ Asia/Dhaka
  • অন্তর্জ্বালা থেকে সিনহা মনগড়া কথা বলেছেন: কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চাপ, হুমকির মুখে দেশ ত্যাগ করেছি (ভিডিওসহ)-দৈনিক মানবজমিন
  • অন্তর্জ্বালা থেকে সিনহা মনগড়া কথা বলেছেন: কাদের: - দৈনিক প্রথমআলো
  • সিনহার বক্তব্যে পরিস্কার বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে: রিজভী-দৈনিক যুগান্তর
  • খালেদার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে-ইত্তেফাক
  • প্রধানমন্ত্রীর ফ্ল্যাট পেলেন সাবেক তিন খেলোয়াড়-কালেরকণ্ঠ.
  • বন্যাকবলিত ৫ জেলার বিশেষ ব্যবস্থায় লেখাপড়া চালিয়ে নেওয়ার নির্দেশ-দৈনিক সমকাল
  • শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় : দুদু-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:        

  • দ্বিপাক্ষিক আলোচনা চালুর আর্জি জানিয়ে মোদীকে চিঠি ইমরানের-আনন্দবাজার পত্রিকা
  • ‌কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের মারার ছক কষছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কুমারস্বামীর-দৈনিক আজকাল
  • মাঝ আকাশে ৩০জন যাত্রী অসুস্থ,এয়ারপোর্টে ফিরল বিমান-দৈনিক বর্তমান

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন (২০ সেপ্টেম্বর)

১. বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে তবে এর পক্ষে-বিপক্ষে এখনো নানা আলোচনা চলছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. ইসরাইলের কিছু কর্মকাণ্ডের কারণে সিরিয়ায় রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ার করেছেন। রাশিয়ার এই হুঁশিয়ারি ইসরাইল কী আমলে নেবে বলে মনে হয়?

চাপ, হুমকির মুখে দেশ ত্যাগ করেছি (ভিডিওসহ)-দৈনিক মানবজমিন

একটা হ-য-ব-র-ল অবস্থা। আমি কিছুই বুঝলাম না। ওয়াহাব মিয়া বলছেন যে তিনি সারারাত ঘুমাননি। অভিযোগগুলো নিয়ে অনেক চিন্তা করেছেন। অভিযোগগুলো সিরিয়াস। আমি বললাম, এসব কি অভিযোগ যে আমি জানলাম না। আমাকে রাষ্ট্রপতি জানালেন না। তোমরা আমার বিচার করবা? সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? প্রধান বিচারপতিকে যদি এতো তাড়াতাড়ি সরানো যায়।এতো তাড়াতাড়ি যদি সরকারের ফর্মূলা হয়ে যায়। তাহলে বিচার বিভাগ থাকবে ? ওয়াহাব মিয়া কিছুই বলছেন না। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আমেরিকার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি চ্যানেল টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। নিজের আত্মজীবনীমূলক ‘অ্যা ব্রোকেন ড্রিম’ বই প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশে বিদেশে। যেখানে তিনি দাবি করেছেন বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চাপ ও হুমকির মুখে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। এই ইস্যুতে টাইম টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সবিস্তারে বর্ণনা করেছেন কীভাবে এবং কেন তাকে দেশ ত্যাগে বাধ্য হতে হয়েছে।

সরকারের শীর্ষ পর্যায়ের অব্যাহত চাপ, গৃহবন্দি, বিশেষ বাহিনীর চাপ, সুস্থ থাকার পরও কেন তাকে ক্যান্সারের রোগি বানিয়ে দেয়া হয়েছে তাকে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা  বলেন, এর মধ্যে ১১টার সময় আমাকে আমার সেক্রেটারি এসে বলছে, স্যার ডিজিএফআই’র প্রধান এসেছেন আপনার সাথে কথা বলবে। তিনি এসে বললেন, স্যার আপনাকে লম্বা ছুটিতে যেতে হবে। হুয়াট? তিনি বললেন, হাই অথরিটি থেকে আমাকে অর্ডার দেয়া হয়েছে। দেখেন, আর্মি অফিসারকে দিয়ে অপদস্ত করা হয়েছে। এরপরে তো কিছুই করার থাকে না। এরমধ্যে আবার ডাক্তার আসলো। আমি বললাম আপনাদের তো ইনভাইটেশন দেই নাই। কেন এসেছেন? বললাম, কই আপনাদের কানে যে দেয়, ওইটা কোথায়? ব্লাড প্রেসার মাপে ওই যন্ত্র কোথায়? কিছুই আনেন নাই।  মুছকি হাসতেছে। বলল, স্যার আপনি বুঝেন তো। আপনি তো আমাদের চেয়েও সুস্থ। এভাবে মশকারা করলো। একদিন একজন আসে। আরেকদিন আরেকজন আসে। ৬ তারিখে রাত ১০টার সময় আবার ডিজিএফআইয়ের প্রধান আসলেন। আমাকে চার্জ করছে। স্যার আপনাকে ভর্তি হতে হবে। আপনি অসুস্থ। হোয়াট? আমি কেন ভর্তি হবো? একজন আর্মি অফিসারকে দিয়ে একজন প্রধান বিচারপতিকে একেবারে পা দিয়ে লাথি দেয়া হয়েছে। আমাকে চার্জ করেছে ডিজিএফআই চিফ। স্যার আপনাকে ভর্তি হতে হবে। স্যার আপনি অসুস্থ। তিনি বললেন, আমি যা বলছি তাই ফাইনাল। ওয়াহাব মিয়াসহ সবাইকে প্রধান বিচারপতি করার লোভ দেখানো হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, আমি ষোড়শ সংশোধনীর রায় দেয়ার আগের দিন পর্যন্ত আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না।  

অন্তর্জ্বালা থেকে সিনহা মনগড়া কথা বলেছেন: কাদের: - দৈনিক প্রথমআলো

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা বইয়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক হওয়ার অন্তর্জ্বালা থেকে বিদেশে বসে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা মনগড়া কথা বলেছেন। আজ বৃহস্পতিবার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি সাবেক হয়ে গেছেন। সাবেক হওয়ার অন্তর্জ্বালা আছে। কী পরিস্থিতিতে সাবেক হয়েছেন, তা সবাই জানে। বই লিখে মনগড়া কথা বলবেন বিদেশে বসে, সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে? ক্ষমতা যখন থাকে না, তখন অনেক অন্তর্জ্বালা গড়ে ওঠে।

মন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন করেন, প্রধান বিচারপতি থাকা অবস্থায় এখন বইতে যা লিখেছেন, তখন বলার সৎ সাহস একজন বিচারপতির কেন ছিল না? এখন বিদায় নিয়ে কেন পুরোনো কথা নতুন করে বলছেন, যা খুশি তা-ই বলছেন? তিনি বলেন, ‘এটা হয়, এটা হতেই পারে। এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তিনি (এস কে সিনহা) যদি সত্যই বলতেন, তাহলে যখন প্রধান বিচারপতি ছিলেন, তখন বললেন না কেন? সত্য কথা দেশের জনগণের মাঝে এসে বললেন না কেন? এখন বিদেশে বসে আপন মনে ভুতুড়ে কথা চাপছে। এটা আমাদের ও দেশের মানুষের বিশ্বাস করতে হবে? এর যৌক্তিকতা নেই।

সিনহার বক্তব্যে পরিস্কার বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এসকে সিনহার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে- বন্দুকের নলের মুখে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। এর পর সাজানো মামলায় রায় দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে এক নম্বর মিশন কার্যকর করেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এখন দ্বিতীয় মিশন কার্যকর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের মামলায় আগামী ১০ অক্টোবর রায় দেয়া হবে। দীর্ঘ ১৪ বছর ঝুলন্ত রাখার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা সুপরিকল্পিত নীল নকশারই অংশ।

রায় প্রকাশের আগেই সরকারের মন্ত্রী ও নেতারা নানা ধরনের বক্তব্য রাখছেন। বলছেন- এই রায় প্রকাশিত হওয়ার পর বিএনপি বিপাকে পড়বে। তার মানে সরকার জানে কি রায় হতে যাচ্ছে অথবা সরকারই ২১ আগস্ট মামলার রায় লিখে দিচ্ছে,” বলেন রিজভী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে ন্যায়বিচার সমুন্নত রাখা হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

দেশের মানুষের মুখ বন্ধ করতে গণমাধ্যমের হাত-পা বেঁধে ফেলতে সংসদে পাস হল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। সরকারের লাখ লাখ কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিতেই এ কালো আইন করা হয়েছে”, রিজভীর মন্তব্য।

বিএনপির এ নেতা বলেন, গণমাধ্যমে অথবা যে কোনো মাধ্যমেই যাতে দুর্নীতির কোনো খবর প্রকাশিত না হয়, অথবা প্রকাশ করতে না পারেন, সে জন্যই এ ন্যক্কারজনক কালো আইন তৈরি করা হয়েছে।

খালেদার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে-ইত্তেফাক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলার আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে বৃহস্পতিবার পুরান কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।  গত ১৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের  দিন ধার্য করেন ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। এর আগে কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হতে অনিহা প্রকাশ করেন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে-খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হলে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানান।

প্রধানমন্ত্রীর ফ্ল্যাট পেলেন সাবেক তিন খেলোয়াড়-কালেরকণ্ঠ

জাতীয় ফুটবল ও হকি দলের সাবেক তিন খেলোয়াড়কে ঢাকার মিরপুরে তিনটি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্ল্যাটপ্রাপ্তরা হলেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবার, জাতীয় ফুটবল দল ও আবাহনী লিমিটেডের সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলী ও জাতীয় হকি দলের প্রয়াত খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের ফুটবল ও হকিতে জাতীয় দলের দুই ফুটবলার ও একজন হকি খেলোয়াড়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ফ্ল্যাটগুলো দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী খেলোয়াড় ও তাদের পরিবারের কাছে তাদের ফ্ল্যাট হস্তান্তর করেন। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পক্ষে তার স্ত্রী ইয়াসমীন মোনেম এবং হকি খেলোয়ার জাহিদুর রহমান পুশকিনের পক্ষে তার স্ত্রী ফাহমিদা রহমানের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন। এছাড়া জাতীয় ফুটবলার আবাহনীর সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলীর কাছে তার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।

ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সলাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ।

বন্যাকবলিত ৫ জেলার বিশেষ ব্যবস্থায় লেখাপড়া চালিয়ে নেওয়ার নির্দেশ-দৈনিক সমকাল

উত্তরাঞ্চলসহ দেশের বন্যাকবলিত পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ নির্দেশের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উত্তারাঞ্চেলসহ বন্যাকবলিত পাঁচ জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে বা তলিয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের আশপাশে উঁচু স্থান বা বাড়িতে ক্লাস চালিয়ে নেওয়া যেতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি রাজশাহী, বগুড়া, শেরপুর, জামালপুর ও  কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি তলিয়ে গেছে। এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। অনেক এলকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না।

দেশের পাঁচ জেলায় পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন নদীগুলোতে বাড়ছে পানি প্রবাহ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ক্লসরুমগুলোকে পাঠ উপযোগী করে তোলা হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, পানি শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে দ্রুত মেরামত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় : দুদু- দৈনিক নয়াদিগন্ত

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বিএনপি গ্রহণ করবে না জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০১৪ সালের নির্বাচনেও বিএনপি যেতে চেয়েছিল কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি। সেটি সেই সময়ে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এখনো বলি- বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তার সাথে আলোচনা করেন তাহলে দেশে সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনাদেরকে পাগল ছাড়া কিছুই ভাববো না।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণের শর্ত জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যাবে কিন্তু পরিষ্কার কথা হচ্ছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা গ্রহণ করবো না। বর্তমান যে নির্বাচন কমিশন তিনি এক সময় চাকরি হারিয়েছিলেন শেখ হাসিনা তাকে নিয়ে এসেছে তার উপকারের জন্য। তিনি নিজেও বলেছেন দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারবে না।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

দ্বিপাক্ষিক আলোচনা চালুর আর্জি জানিয়ে মোদীকে চিঠি ইমরানের-আনন্দবাজার পত্রিকা

এক দিন আগেই জম্মুতে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানের মুণ্ড কেটে নিয়েছে পাক সেনা। তার পর সেখানে কার্যত যুদ্ধের আবহ। এমনই এক পরিস্থিতিতে প্রকাশ্যে এল ইমরানের খানের চিঠি। যে চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা ফের চালু করার আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ‘মোদী সাহাব সম্বোধন করে ইমরান দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা শুরুর আর্জিও জানিয়েছেন। যদিও নয়াদিল্লির তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শপথ নিয়েই বলেছিলেন, ভারত এক কদম এগোলে পাকিস্তান দু’পা এগোবে। এ বার সেটাই যেন প্রমাণের চেষ্টা করলেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠির জবাবে ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান গত ১৪ সেপ্টেম্বর একটি চিঠি পাঠান। কিন্তু এত দিন তা চাপাই ছিল। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার জম্মুর রামগড় সেক্টরে পাক সেনা এক ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার পরই সীমান্তে উত্তেজনা ছড়ায়। তার পরই এই চিঠি প্রকাশ্যে আসে।

চিঠিতে ইমরান লিখেছেন, ‘‘ভারত-পাক সম্পর্ক যে জটিল, তা অস্বীকার করার উপায় নেই। জম্মু-কাশ্মীর-সহ দু’দেশের অনেক বিষয় নিয়ে সংঘাত রয়েছে। সেগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সেতুবন্ধন করে আমরা আমাদের নিজ নিজ দেশের জনগণ তথা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসর্গ করতে পারি।’

‌কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের মারার ছক কষছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কুমারস্বামীর-দৈনিক আজকাল

কর্নাটকের শাসকদলকে শেষ করতে ছক কষছে বিজেপি। সেনাবাহিনীর যুদ্ধ বিমান ব্যবহার করে কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের নিকেষ করার পরিকল্পনা চলছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

বৃহস্পতিবার বিএস ইয়েদুরাপ্পাকে তীব্র আক্রমণ করে কুমারস্বামী অভিযোগ করেছেন, ‘‌যেকোনও মূল্যে শাসকদলকে সরাতে চায় রাজ্যের বিরোধী দল বিজেপি। এবং সেটা করার জন্য সবরকম পথে যেতেই তারা প্রস্তুত। কুমারস্বামীর অভিযোগ, জিডিএস এবং কংগ্রেসের কয়েকজন বিধায়ককে বিজেপি নেতারা বলেছেন তাঁদের মুম্বই এবং বেঙ্গালুরু নিয়ে যাবেন। সেখানে থেকে সেনাবাহিনীর বিমানে করে বেঙ্গালুরুতে নিয়ে আসবেন । এই সব কথা বলার অর্থ কী?‌’‌

এখানেই শেষ নয় কুমারস্বামীর অভিযোগ, দল ভাঙানোর জন্য বিধায়কদের পাঁচ কোটি টাকা করে দেওয়ার প্রলোভন দিচ্ছে বিজেপি। বাস্তবে যেকোনও পর্যায়ে যেতে প্রস্তুত বিজেপি। এমনই অভিযোগ করেছেন তিনি।

মাঝ আকাশে ৩০জন যাত্রী অসুস্থ,এয়ারপোর্টে ফিরল বিমান

মাঝ আকাশে যাত্রীরা আচমকাই অসুস্থ হওয়ার ফলে মুম্বই বিমানবন্দরে ফিরল জয়পুরগামী জেট এয়াওয়েজের বিমান। আজ, সকালে মুম্বই বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশে পাড়ি দিয়েছিল জেট এয়াওয়েজের ৯ডব্লু৬৯৭ বিমান। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই মাঝ আকাশে বেশ কয়েক যাত্রীর নাক ও কান থেকে রক্ত বের হতে শুরু করে। অভিযোগ, এক বিমান কর্মী বায়ুচাপ নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যাওয়ার ফলেই এই বিপত্তি। এর ফলেই ১৬৬ জন বিমানযাত্রীর মধ্যে একাধিক ব্যক্তির নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। অনেকের তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়। বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি ফের মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমানটি। অবতরণের পরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ যাত্রীদের। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর এক অফিসার জানিয়েছেন, পাইলট এবং কেবিন ক্রুর গাফিলতিতেই এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পাইলট সহ এক বিমানকর্মীকে তাঁদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে জেট এয়াওয়েজের মুখপাত্র ঘটনায় দুঃখপ্রকাশ করে জানান, যাত্রীদের জয়পুরে নিয়ে যাওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে।#https://www.facebook.com/iribbangla/

 পার্সটুডে/বাবুল আখতার/২০

শ্রোতবন্ধুরা!  আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।