আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না : ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- রিজভীর চোখে ২১ আগস্টের হামলা একটি প্রহেলিকা- দৈনিক প্রথম আলো
- গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ-ভাঙচুর, যানচলাচল বন্ধ-ইত্তেফাক
- আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না : ওবায়দুল কাদের-কালেরকণ্ঠ
- গায়েবি মামলায় সারাদেশে আতংক বিরাজ করছে: রিজভী-দৈনিক যুগান্তর
- মংলা-বুড়িমারী বন্দরে সেবা দিতে সবক্ষেত্রে দুর্নীতি: টিআইবি-দৈনিক মানবজমিন
- রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতিতে প্রভাব ফেলতে পারবে না: অর্থমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
-
ভারতের শিরোনাম:
- আইএসআই-এর নির্দেশেই পুলিশ কর্তাদের খুন! প্রমাণ পেয়েই বাতিল বৈঠক, বলছে দিল্লি-আনন্দবাজার পত্রিকা
- রাফাল থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি: মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
- বনধের চক্রান্ত’ রুখতে পথে নামবে তৃণমূল, বললেন পার্থ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তা:
১. ঘুষ ছাড়া সেবা মেলে না বাংলাদেশর মোংলা ও বুড়িমারী বন্দরে- এটা হচ্ছে টিআইবি’র রিপোর্ট। আপনার পর্যবেক্ষণ কী?
২. গতকাল ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আহওয়াজ শহরে যে সামরিক কুচকওয়াজের আয়োজন করা হয় তাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ নিয়ে সারা বিশ্বে চলছে নানামুখী আলোচনা। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
রিজভীর চোখে ২১ আগস্টের হামলা একটি প্রহেলিকা-প্রথম আলো
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে ‘আওয়ামী রাজনীতির কুটিল পাটিগণিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারপ্রক্রিয়ারও সমালোচনা করেন।
রিজভী বলেন, ২১ আগস্ট বোমা হামলার পুরো বিষয়টাই একটি প্রহেলিকা। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের বিপজ্জনক ব্লুপ্রিন্ট। বিএনপিকে নিশ্চিহ্ন করার নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্ট বোমা হামলা মামলায় সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আইন-আদালতকে।
২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার নিম্ন আদালতের বিচারকাজ শেষ। রায় ঘোষণা হবে আগামী ১০ অক্টোবর। গত মঙ্গলবার আইনি বিতর্ক শেষ হওয়ার মাধ্যমে এই মামলার বিচারকাজ শেষ করে রায়ের তারিখ রাখেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ-ভাঙচুর, যানচলাচল বন্ধ-ইত্তেফাক
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে নিট এন্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা রবিবার সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। উত্তেজিত শ্রমিকরা মেট্রিক্স গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করে।
সকাল ১০টায় শুরু হওয়া অবরোধ বেলা ১২টা পর্যন্ত চলছিলো। অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত কোরবানির ঈদের সময় ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বর মাসের শুরুতে পরিশোধের কথা থাকলেও এখনো তা দেয়া হয়নি। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।
এছাড়াও শনিবার কারখানার পানি খেয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় তায়েরুনন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এসব ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর করে। এরই জেরে রবিবার সকালে আটটার দিকে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় গাছা থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্ট করে।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত রয়েছে। বিক্ষোভকারী শ্রমিকদের সমর্থনে আশপাশের কয়েকটি কারখানার হাজারো শ্রমিক রাস্তায় নেমে এসেছে। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না : ওবায়দুল কাদের
পত্রিকায় ছবি না ছাপিয়েও আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ঘরে ঘরে। আওয়ামী লীগ যেখানেই জনসভা করেছে লক্ষ লক্ষ লোক অংশ নিয়েছে। এটা গণমাধ্যম না দেখলেও জনগণ দেখেছে, দেশবাসী দেখেছে। আজ রবিবার সকালে চট্টগ্রামে কর্ণফুলীতে এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরও বলেন, এভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। সত্য ঢাকা দিয়ে রাখা যায় না। আমিও গণমাধ্যমের লোক ছিলাম। সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, দেশবাসীর কাছে তিনি মিথ্যাচার করেছেন। জাতিসংঘ মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানায়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা। তারা ভুয়া, প্রতারক। এ দল ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র থাকবে না, উন্নয়ন হবে না। দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শীষ এখন পেটের বিষ।
এ ছাড়াও জাতীয় ঐক্য জোটের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতায় নেতায় জোট করলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৬৪ ভাগ জনপ্রিয়তা যে দলের তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় না।
গায়েবি মামলায় সারাদেশে আতংক বিরাজ করছে: রিজভী-দৈনিক যুগান্তর
গায়েবি মামলার ছড়াছড়িতে সারাদেশে আতংকের পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।চলতি সেপ্টেম্বর মাসে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে তিন হাজারের ওপরে মামলায় তিন লাখ ২৫ হাজার লোককে আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, জাতীয় ঐক্য অবশ্যই সফল হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে বন্দুকের জোর বেশি দিন টেকে না, টিকতে পারে না। জনগণের বিজয় নিশ্চিত। গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষ্যে নাগরিক সমাবেশ হয়। সেখানে বিএনপি, বিকল্পধারা, জেএসডি, নাগরিক ঐক্যসহ কয়েকটি দল অংশ নেয়।
এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি বিএনপিসহ কিছু দলের সাম্প্রদায়িক ঐক্য। এটি কোনো জাতীয় ঐক্য নয়। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না। ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ তো আগেই জনগণকে ছেড়ে দিয়েছে। যারা জনগণকে ছাড়ে, জাতিকে ছাড়ে, তাদের সঙ্গে ঐক্য কিসের। ঐক্য করতে হলে যে কাজগুলো করা দরকার, সেগুলো করুন।
তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সংসদ ভেঙে দিন, সেনা মোতায়েন করুন নির্বাচনে, খালেদা জিয়ার মুক্তি দিন।
মংলা-বুড়িমারী বন্দরে সেবা দিতে সবক্ষেত্রে দুর্নীতি: টিআইবি-দৈনিক মানবজমিন
মংলা ও বুড়িমারী বন্দরে সেবা দিতে সবক্ষেত্রে শতভাগ দুর্নীতি হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। আজ রোববার টিআইবির কার্যালয়ে ‘মংলা বন্দর ও কাস্টম হাউজ এবং বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন : আমদানি-রফতানি প্রক্রিয়ায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এছাড়া এই দুই বন্দরে সেবা দিতে বছরে ৩১ কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে দাবি করা হয় টিআইবি’র পক্ষ থেকে। টিআইবি মনে করে, শুল্কায়ন কার্যক্রমকে দ্রুত ও সহজতর করতে মোংলায় কাস্টম হাউজের পূর্ণাঙ্গ কার্যালয় চালু করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুই বন্দরে অটোমেশন ও ওয়ান স্টপ সেবা চালু হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে অকার্যকরকের রাখা হয়েছে। কিছুক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। উভয় প্রতিষ্ঠানেই সুশান প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কাঠামো ব্যবস্থা উপস্থিত থাকলেও তার প্রায়োগিক পর্যায়ে নেই। এজন্য সকল পর্যায়ে ওয়ান স্টপ ও অটোমেশন ব্যবস্থা চালু নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতিতে প্রভাব ফেলতে পারবে না : অর্থমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
নির্বাচনের সময় দেশে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, অর্থনীতিতে এর প্রভাব পড়বে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে আইসিএমএবির (ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ) আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আঞ্চলিক বাধাগুলো ডিঙাতে চায় বাংলাদেশ।
২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজির উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে চায় বাংলাদেশ। এ যাত্রায় সহায়ক শক্তি হতে চান পেশাদার হিসাববিদরা। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আইসিএমএবি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
আইএসআই-এর নির্দেশেই পুলিশ কর্তাদের খুন! প্রমাণ পেয়েই বাতিল বৈঠক, বলছে দিল্লি-আনন্দবাজার পত্রিকা
ইমরান খানের চিঠিতে সদর্থক বার্তা। তার জেরে নিউইয়র্কে ভারত-পাক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের ঘোষণা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঘোষণা বাতিল করল দিল্লি। রাতারাতি কী এমন হল যে, এই বৈঠক বাতিল করতে হল? এই প্রশ্নে যখন তোলপাড় দুই প্রতিবেশী দেশ, তখনই তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য।
বিদেশমন্ত্রকের একটি সূত্রে দাবি করা হয়েছে, অপহৃত তিন স্পেশাল পুলিশ অফিসারকে খুনে নির্দেশ আসে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর কাছ থেকে। ইসলামাবাদের অঙ্গুলি হেলনেই অপরহণের ঘণ্টা খানেকের মধ্যে পুলিশ অফিসারকে খুন করে জঙ্গিরা। ওই তিন জনের সঙ্গে অপহৃত এক সাধারণ নাগরিককে ছেড়ে দেওয়ার নির্দেশও আসে আইএসআই-এর কাছ থেকেই। এই সংক্রান্ত আইএসআই-এর একটি বার্তা ভারতীয় গোয়েন্দাদের হাতে আসার পরই তড়িঘড়ি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনের ফাঁকে ভারত-পাক বিদেশমন্ত্রীর বৈঠক বাতিলের ঘোষণা করে নয়াদিল্লি।
রাফাল থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি: মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
রাফাল দুর্নীতি থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে বিজেপি। তাই নানারকম ফন্দি আঁটছে তারা। এবার রাফাল যুদ্ধবিমান দুর্নীতি নিয়ে বিদেশ থেকে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে রাফাল যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপর থেকে তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

গত দু’দিন আগে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি জানান, রাফালের ব্যাপারে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্সকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। আর তাতেই জল্পনা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন মমতা ব্যানার্জি। ফলে বিজেপি আরও বিপাকে পড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বনধের চক্রান্ত’ রুখতে পথে নামবে তৃণমূল, বললেন পার্থ-দৈনিক সংবাদ প্রতিদিন
ইসলামপুরকাণ্ডের প্রতিবাদে আগামী বুধবার ১২ ঘণ্টার বাংলার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ রুখতে তৎপর রাজ্য সরকারও। তৃণমূল কংগ্রেসে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বনধের নামে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু, দলের কর্মী-সমর্থকরা সেই চক্রান্ত ব্যর্থ করে দেবেন।

রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপির কর্মনাশা বনধকে বাংলার মানুষ সমর্থন করবেন না। বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। ২৬ তারিখ স্কুল-কলেজ, অফিস-কাছারি খোলা থাকবে। কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে সেই অশান্তি রুখতেই প্রতিটি ওয়ার্ড ও ব্লক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা পথে নামবেন। মানুষকে সঙ্গে নিয়ে মিছিল চলবে। বাস-ট্রেন চলবে না, এমন ঘটনা বাংলার মানুষ আর মেনে নেবেন না।
পার্সটুডে/বাবুল আখতার/২৩
শ্রোতবন্ধুরা! আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন