একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা-দৈনিক প্রথম আলো
- ভোট কারচুপি’র অভিযোগে মামলা করবে ঐক্যফ্রন্ট-দৈনিক যুগান্তর
- ব্যারিস্টার মইনুলকে হাসপাতালে ভর্তির নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- আইনের শাসন প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ: মাহী-বাংলাদেশ প্রতিদিন
- সরকারেই থাকবে জাপা-দৈনিক মানবজমিন
- পুনঃনির্বাচনের দাবিতে ইসিতে স্মারকলিপি দিলো ঐক্যফ্রন্ট-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
সংসদ থেকে পালিয়েছেন মোদি, রাফালে নিয়ে নয়া কটাক্ষ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন
বিহারে গোরক্ষকদের রোষের বলি প্রৌঢ়, নির্মমভাবে পিটিয়ে হত্যা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন খবর
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা-দৈনিক প্রথম আলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের সদস্যরা শপথ নেওয়ার পর জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপির সদস্যরা শপথ নেন। তবে শপথ নেননি বিএনপির ৫ ও গণফোরামের ২ নির্বাচিত প্রতিনিধি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শপথ নিচ্ছি না। শেখ হাসিনা আবার সংসদ নেতা হয়েছেন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।
পুনঃনির্বাচনের দাবিতে ইসিতে স্মারকলিপি দিলো ঐক্যফ্রন্ট-দৈনিক নয়া দিগন্ত
নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ এসে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দেয়ার পর মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনের মাধ্যমে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর আগে ২ জানুয়ারি (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিষয়টি অবহিত করে এই জোট। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
সরকারেই থাকবে জাপা-দৈনিক মানবজমিন
ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মহাজোটে ছিলাম, আছি থাকবো। জাতীয় পার্টির পার্লামেন্টারী পার্টির বৈঠকে এমন সিদ্ধান্তই হয়েছে। তিনি বলেন, আমরা মহাজোট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। মহাজোটের সঙ্গেই থাকার বিষয়ে সংসদ সদস্যরা অভিমত দিয়েছেন। পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদেরও সরকারে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তারা বিরোধীদল যেতে আগ্রহী না। বিগত সংসদের মতোই সরকারে থাকতে চায়। এর আগে শপথ শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদের কার্যালয়ে এ বৈঠক হয়।
ভোট কারচুপি’র অভিযোগে মামলা করবে ঐক্যফ্রন্ট-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারা দেশের ২৯৯ আসনে ধানের শীষের প্রার্থীদের নিয়ে এ বৈঠক বেলা ১২টায় শুরু হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। জাতীয় সংসদ ভবনে যখন নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হল, তখন পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসল বিএনপি। বৈঠকে শুধু বিএনপি-ই নয়, সঙ্গে দুই রাজনৈতিক জোটের শরিক দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সূত্রমতে, প্রার্থীদের কাছ থেকে ‘ভোট কারচুপি’, ‘কেন্দ্র দখল’, ‘ভোট ডাকাতি’র তথ্য ও অভিযোগের প্রমাণ সংগ্রহ করেছে বিএনপির হাইকমান্ড। সেগুলো যাচাই-বাছাই করে অভিযোগ আকারে দেয়া হবে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে। বিদেশি কূটনীতিকদেরও বিষয়গুলো জানানো হবে।
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা-নির্বাচনী সহিংসতা ও অনিয়মের তদন্ত চায় কানাডা-দৈনিক মানবজমিন
নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে কানাডা। তবে সদ্য সমাপ্ত ১১তম সংসদ নিবাচনের অনিয়মের বিশ্বস্ত দাবি বা অভিযোগে হতাশা ব্যক্ত করে দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে তদন্ত চেয়েছে। তদন্ত কাজে সকল পক্ষের সাথে স্বচ্ছভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে। গতকাল ইস্যু করা এক বিবৃতিতে কানাডা নির্বাচনী সহিংসতায় হতাহত বাংলাদেশী নাগরিক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে। প্রথম আলোর একটি খবেরে লেখা হয়েছে, এইচ আর ডব্লিউ- বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত চায়।
সাজা দিলে দিয়ে দেন, আমি আর আসব না: খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে এসে খালেদা জিয়া শুনানির সময় বিচারককে এই অসন্তোষের কথা জানান। আদালতের স্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সময় খালেদা জিয়া বিচারকের উদ্দেশে বলেন, এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আমার আইনজীবীরা বসতে পারেন না। আপনারা সাজা দিলে দিয়ে দেন। যা সাজা দেয়ার দিয়ে দেবেন, তাও আমি এ আদালতে আসব না। এর বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। পুরোনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি
‘জরুরি অবস্থার একনায়কের নাতি’! খোঁচা জেটলির, রাহুলের নিশানায় মোদীই-দৈনিক আনন্দবাজার
রাফায়েল নিয়ে বুধবার সংসদে ঝড় উঠেছিল। সেই ঝড়ের রেশ বৃহস্পতিবারও পুরোদমে জারি। এবার মোদীর সাক্ষাৎকার নিয়ে তরজায় জড়ালেন অরুণ জেটলি ও রাহুল গাঁধী। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে রাহুলকে টুইটারে বিঁধেছেন জেটলি। অন্যদিকে, রাহুলের খোঁচা, ‘‘সংসদ থেকে পালিয়ে ‘লাভলি ইউনিভার্সিটি’ সফরে মোদী। নতুন বছর শুরুর দিন মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেন মোদী। তাতে রাফায়েল নিয়ে মোদী বলেছিলেন, কংগ্রেস ছাড়া রাফায়েল নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তার পর বুধবার লোকসভায় রাফাল নিয়ে বিতর্ক হয়। সেই বিতর্কে রাহুল বলেন, ৯৫ মিনিটের মোদীর ওই সাক্ষাৎকার ছিল সাজানো।পরে সাংবাদিক সম্মেলনেও একই কথা বলার পাশাপাশি ওই সংবাদ সংস্থার যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তাঁকে ‘প্রভাবিত’ বলেও উল্লেখ করেন রাহুল। সেই প্রসঙ্গ টেনেই এদিন টুইটারে রাহুলকে আক্রমণ করেন অরুণ জেটলি।
আর সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেন, রাফালের আলোচনা ছেড়ে সংসদ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী।
বিহারে গোরক্ষকদের রোষের বলি প্রৌঢ়, নির্মমভাবে পিটিয়ে হত্যা-দৈনিক আজকাল
ফের জেগে উঠল গো রক্ষকরা। বিহারের আরারিয়ায় গোরক্ষকরা পিটিয়ে হত্যা করল ৫৫ বছরের এক প্রৌঢ়কে। ঘটনাটি ২৯ ডিসেম্বরের। পাটনা থেকে ৩০০ কিলোমিটার দূরের সিমারবাণী গ্রামে কাবুল মিঞা নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে প্রায় ৩০০ জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে চোর চোর বলে চিৎকার করছে সেখানে উপস্থিত জনতা আর কাবুল মিঞাকে এলোপাথারি মারধর করা হচ্ছে। তাঁর মুখে, পেটে লাঠি দিয়ে বেধড়ক মারধর চলে। একই সঙ্গে পা দিয়েও তাঁকে মারধর করা হয়। দীর্ঘক্ষণ প্রাণ ভিক্ষা করেও ফল হয়নি। একটা সময়ে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কাবুল মিঞা। তিনি প্রাক্তন গ্রাম প্রধান বলে জানা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর টনক নড়ে পুলিসের। ঘটনার দু’দিন পড়ে গ্রামে গিয়ে গণপিটুনির হত্যার খোঁজ খবর করে পুলিস।
সাব ডিভিশনাল পুলিস অফিসার কে পি সিং জানিয়েছেন, যাঁরা কাবুল মিঞাকে মারধর করেছেন তাঁরা সকলেই একই সম্প্রদায়ের লোক। অপরিচিত ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করা হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩