জানুয়ারি ০৯, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে:কাদের-দৈনিক ইত্তেফাক
  • জামায়াতের বিচারে আবারও আইন সংশোধনের উদ্যোগ-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর চক্রান্তে সরকার: রিজভী-দৈনিক যুগান্তর
  • গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন অব্যাহত কারখানা ভাঙচুর, শতাধিক বন্ধ, পুলিশসহ আহত ১০, বিজিবি মোতায়েন -দৈনিক মানবজমিন
  • কোন পথে যাবে ঢাকা-দিল্লি সম্পর্ক?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ‘সংবিধানের পর দেশের রক্ষক সেনা ও আরএসএস’, মন্তব্য প্রাক্তন বিচারপতির- দৈনিক সংবাদ প্রতিদিন
  • গোয়ার স্বাস্থ্যমন্ত্রীকে হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদি–অমিত শাহ, দাবি কংগ্রেসের- দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন অব্যাহত; ১০ কারখানা ভাঙচুর, শতাধিক বন্ধ, পুলিশের টিয়ারশেল, আহত ১০। এটা দৈনিক মানবজমিনের খবর। প্রশ্ন হচ্ছে-এই আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন?

২. গোলান মালভূমি নিজের বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরাইল এবং বিষয়টিকে স্বীকৃতি দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক সমাজ বিষয়টিকে স্বীকৃতি দেয় নি তারপরও কেন ইসরাইল এই আহ্বান জানাচ্ছে? 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে:কাদের-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলন হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে। তবে সহিংসতা ও নাশকতা করলে সময়োচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবেনা। এমনকি বাংলাদেশের জনগনও বিশ্বাস করেনা, আমরাও করিনা। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সময়োচিত জবাব দেয়া হবে।’

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন অব্যাহত-কারখানা ভাঙচুর, শতাধিক বন্ধ, পুলিশসহ আহত ১০, বিজিবি মোতায়েন -দৈনিক মানবজমিন

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়নের দাবি ও সাভারে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন গার্মেন্টস শ্রমিকরা। এসব ঘটনার প্রেক্ষিতে আজ চতুর্থদিনের মতো আন্দোলনে তারা। রাজধানী ও এর পাশ^বর্তী বিভিন্ন কমপক্ষে ১০টি কারখানায় ভাঙচুর চালানো হয়েছে। উপায় না পেয়ে ইতিমধ্যে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রমিকদের আন্দোলনে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিভিন্ন স্থানে অন্তত: ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। কারখানাগুলোর সামনে পুলিশের জলকামানসহ সাঁজোয়া যান রয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সামনে ও সাড়ে ৯টা থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন  গার্মেন্টস শ্রমিকরা। এতে করে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসব এলাকায় পুলিশের লাঠিচার্জে অন্তত: ১০ জন আহত হয়েছেন।  

এদিকে গাজীপুরের কাশিমপুর বোর্ড বাজারসহ আশপাশের এলাকার শ্রমিকরা সকাল  থেকেই আন্দোলনের নামে। মহাসড়কে বিক্ষোভ করে। গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে গতকাল শ্রমিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর জরুরী বৈঠক হয়। বৈঠকে মজুরি কাঠামোর অসঙ্গতি এক মাসের মধ্যে সমাধানের আশ^াস দিয়ে আজ থেকে শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী ।

সাভারে গুলিতে শ্রমিক নিহত হওয়া বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি-দৈনিক মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে মিছিলের সময় মঙ্গলবার সুমন নামে একজন শ্রমিক গুলিতে নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মজুরি কাঠামো বৃদ্ধি ও তা বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। এ আন্দোলনকে ভয়ের চোখে দেখছে সরকার। এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, রাজধানীর সাভার, উত্তরা, মিরপুরে নূনতম মুজরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করছেন।

জামায়াতের বিচারে আবারও আইন সংশোধনের উদ্যোগ-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের জন্য আবার উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে এই আইনের খসড়াটি আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ বুধবার দুপুরে আনিসুল হক আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার করা যায় কি না, সে জন্যই এই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

নির্বাচন ২০১৮-ইসিকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের বিস্ময়কর দিক হচ্ছে ২৮৮ আসন পেয়ে মহাজোটের নিরঙ্কুশ জয়। বাকি ১০টি আসনে (দুটির নির্বাচন স্থগিত) বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এর মধ্যে এই জোটের অংশীদার, একাধিকবার ক্ষমতায় থাকা ও বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি মাত্র ৫টি আসন পেয়েছে। এই পাঁচজনের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আর কেউ তেমন পরিচিতও নন। নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রচুর আলোচনা হচ্ছে। হয়তো আন্তর্জাতিক গবেষকেরা এই নির্বাচন নিয়ে গবেষণা করবেন। প্রশ্ন থাকবে, কেন একটি এত বড় দলের এত বড় বিপর্যয় এই একবিংশ শতাব্দীতে?
এই নির্বাচনে অনেক অভূতপূর্ব রেকর্ডও হয়েছে। অতীতে ১৯৭৩ ছাড়া, কোনো ক্ষমতাসীন দল বহুদলীয় নির্বাচনে এত আসন পায়নি। অপরদিকে মোট ১ হাজার ৮৫৫ জন বৈধ প্রার্থীর মধ্যে ১ হাজার ৪২২ প্রার্থী জামানতের টাকা হারিয়েছেন। কোনো এক আসনে একজন প্রার্থী একটি ভোটও পাননি। অনুসন্ধান করলে এমন বহু তথ্য পাওয়া যাবে, যা রেকর্ড হয়ে থাকবে। এই নির্বাচন নিয়ে আমি কোনো বিশ্লেষণে যাচ্ছি না। বিশ্লেষণ করার মতো তথ্য–উপাত্ত এখনো তেমন পাওয়া যায়নি। প্রায় সব নিবন্ধিত দলের অংশগ্রহণে একটি নির্বাচিত সরকার এবং সংসদ বহাল রেখে নির্বাচন সম্পন্ন হয়েছে যেটা যেমন বড় কথা, তেমনি ১৭ জনের প্রাণহানি এবং সুবর্ণচরের ঘটনা অতীব বেদনাদায়ক।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘সংবিধানের পর দেশের রক্ষক সেনা ও আরএসএস’, মন্তব্য প্রাক্তন বিচারপতির-দৈনিক

আরএসএস

‘সংবিধানের পর দেশের রক্ষক সেনা ও আরএসএস’, সংঘের কর্মসূচিতে হাজির থেকে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি থমাস৷ এমনকী জরুরী অবস্থা অবসানের জন্যও সংঘকেই কৃতিত্ব দেন তিনি৷ দাবি করেন, ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সংঘের কর্মীরা৷
কেরলের কোট্টায়ামে সংঘের একটি শাখার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের শীর্ষ আদালতের এই প্রাক্তন বিচারপতি৷ সেখানে সংঘের কর্মীদের নিয়মানুবর্তিতার ঢালাও প্রশংসা করতে শোনা যায় তাঁকে৷ কে টি থমাস বলেন, ‘‘বিষ ক্ষতিকর হলেও সাপের আত্মরক্ষার অস্ত্র৷ আরএসএস-ও কর্মীদের লড়াইয়ের বিভিন্ন কৌশল শেখায়, শারীরিক কসরত শেখায়৷ কারণ, সেটাও আত্মরক্ষায় সাহায্য করবে এবং দেশ ও সমাজকে নিরাপত্তা দিতে কাজে লাগবে৷’’  উল্লেখ্য, সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জেরবার কেন্দ্রে মোদি সরকার৷
গোয়ার স্বাস্থ্যমন্ত্রীকে হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদি–অমিত শাহ, দাবি কংগ্রেসের-দৈনিক আজকাল

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে

রাফায়েল নিয়ে অডিও ক্লিপিংসের পর আবার বিতর্কে জড়ালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তাঁকে হুমকি দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এমনটাই দাবি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এ চেল্লাকুমারের। কিছুদিন আগেই বিশ্বজিৎ রানে বিতর্কিত এক অডিও ক্লিপিং কাণ্ডে ফেঁসে গিয়েছিলেন। যেখানে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী কাউকে বলছেন যে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের বেডরুমে রাফালে সংক্রান্ত নথি লোকানো রয়েছে।

মঙ্গলবার পানাজিতে দলের এক অনুষ্ঠানে এ চেল্লাকুমার সাংবাদিকদের জানান, ২০১৭ সালে বিশ্বজিৎ রানে কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে যোগ দেন, তার একদিন আগে তিনি দেখা করেন চেল্লাকুমারের সঙ্গে। বিশ্বজিৎ রানে জানান যে বিজেপি তাঁর ও তাঁর পরিবারের ক্ষতি করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই তিনি কংগ্রেস দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। যদিও কংগ্রেসের সাধারণ সম্পাদকের দাবিকে একপ্রকার নস্যাৎ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ধরনের কিছু ঘটেনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯