জানুয়ারি ২৩, ২০১৯ ১২:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • মৃত্যুশয্যায় বৃদ্ধা মা, পাশে নেই বিসিএস ক্যাডার-বিত্তবান সন্তানেরা-দৈনিক ইত্তেফাক
  • হাইকোর্ট-আদালতে ইজতেমার মতো বিষয় আনা ‘লজ্জাজনক’- দৈনিক প্রথম আলো
  • ডাকসু নির্বাচনে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়াকে মুক্ত করতে বগুড়া থেকেই গণআন্দোলন: ফখরুল- দৈনিক যুগান্তর
  • রয়টার্সের রিপোর্ট বিদেশে এত বেশি বাংলাদেশি শ্রমিক মারা যাচ্ছে কেন?- দৈনিক মানবজমিন
  • তাবলিগের দ্বন্দ্ব মিটেছে, ফেব্রুয়ারিতে ইজতেমা : স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • শ্বশুড়বাড়িতে ঢুকতে দেওয়া হল না কনকদুর্গাকে, আশ্রয় মিলল সরকারি হোমে-দৈনিক আজকাল
  • প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক! মহারাষ্ট্রে গ্রেফতার ৯ সন্দেহভাজন আইএস জঙ্গি-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. শিশু ধর্ষণের মহামারি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি.....ওরা কি মানুষ? --এটা হচ্ছে দৈনিক মানবজমিনের শিরোনাম। এ সম্পর্কে আপনি কী বলবেন?

২. সিরিয়ায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়োগ দিয়েছে জর্দান। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

হাইকোর্ট-খালেদা জিয়াকে মুক্ত করতে বগুড়া থেকেই গণআন্দোলন: ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে বগুড়া থেকে গণআন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার পথে বগুড়ার শহরতলির বকুল এলাকায় একটি হোটেলে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে মিথ্যা মামলায় খালেদা জিয়া আজ জেলে আর তারেক রহমান বিদেশে। তাই খালেদা জিয়াকে জেল থেকে বের করতে, তারেক রহমানকে দেশে আনতে ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বগুড়া থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে হবে।

৩০ ডিসেম্বর তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশ আজ গভীর সংকটে। এর আগে এ রকম অবস্থা আর হয়নি। একাদশ নির্বাচনে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। ‘নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। তাই ফল প্রত্যাখ্যান করা হয়েছে। সব দলকে ঐক্যবদ্ধ করে বলেছি- নির্বাচন বাতিল করতে হবে।’

আদালতে ইজতেমার মতো বিষয় আনা ‘লজ্জাজনক’-দৈনিক প্রথম আলো

আদালতে ইজতেমা নিয়ে মন্তব্য

ইজতেমার মতো বিষয় নিয়ে আদালতে আসা ‘লজ্জাজনক’ উল্লেখ করে সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থায় থেকে এক হওয়ার কথা বলেছেন হাইকোর্ট। বিশ্ব ইজতেমা অনুষ্ঠান নিয়ে করা এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ কথা বলেন।আপনারা নিজেরা বিভক্ত হলে দ্বীনের প্রচার করবেন কীভাবে? আগে নিজেরা সংশোধন হন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন। শান্তিপূর্ণ অবস্থায় থেকে এক হন। আপনাদের মধ্যে যদি এ রকম হয়, তাহলে সাধারণ মানুষের কাছে কী জবাব দেবেন? মানুষ তো তখন বলবে, আগে নিজেরা শুদ্ধ হন, তারপর আমাদের শুদ্ধ করতে আসেন।’

বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে সহযোগিতার নির্দেশনা চেয়ে গত রোববার রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ মোল্লা, যা গতকাল শুনানির জন্য ওঠে।

মৃত্যুশয্যায় বৃদ্ধা মা, পাশে নেই বিসিএস ক্যাডার-বিত্তবান সন্তানেরা-দৈনিক ইত্তেফাক

৮০ বছরের বৃদ্ধা মা থাকেন গ্রামের একাকী একটি বাড়িতে। বিসিএস ক্যাডার উচ্চশিক্ষিত ও বিত্তবান ছেলেরা থাকেন বউকে নিয়ে যার যার নিজস্ব বাসায়। বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে মেয়েরা থাকেন স্বামীর বাড়ি। কিন্তু মায়ের স্থান হয়নি কারো কাছেই। গ্রামের বাড়িতে ছোট একটি ঘরে অনাহারে অর্ধাহারে অযত্ন আর অবহেলায় মৃত্যুমুখী মা। দেখারও কেউ নেই। গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির একটি কক্ষে একাকী বৃদ্ধাকে মৃত ভেবে থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মৃদুলা সাহাকে। পরে ওই মায়ের দেখাশুনার দায়িত্ব নিয়েছে ফেনীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। এমন অমানবিক ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

রয়টার্সের রিপোর্ট-বিদেশে এত বেশি বাংলাদেশি শ্রমিক মারা যাচ্ছে কেন?-দৈনিক মানবজমিন

বিদেশে এত শ্রমিক মৃত্যুর কারণ

গত বছরে বিদেশে মারা গেছেন প্রায় ৩৮০০ বাংলাদেশি শ্রমিক। ২০০৫ সালের পর এক বছরে মারা যাওয়া এ সংখ্যা সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে মারা যাওয়া বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এভাবে বাড়ার ফলে তাদের সঙ্গে খারাপ আচরণের দিকটিই প্রতিফলিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

‘হোয়াই আর সো ম্যানি ওভারসিস বাংলাদেশি ওয়ার্কার্স ডাইং?’ শীর্ষক প্রতিবেদনে আরো বলা হয়, জর্ডানের মারা যান বাংলাদেশি এক যুবতী শ্রমিক। তার মৃত্যুতে ক্ষোভ দেখা দেয়। দাবি ওঠে, কি কারণে বিদেশে কাজ করতে গিয়ে প্রাণহীন দেহ হয়ে ফেরত আসা শ্রমিকের সংখ্যা বাড়ছে তা খুঁজে বের করতে হবে।  ২০১৭ সালে বাংলাদেশের নিজগ্রামের বাড়ি ছাড়েন মৌসুমী আক্তার (২০)।

তারপর ৫০০০ কিলোমিটার পাড়ি দিয়ে জর্ডান পৌঁছেন একজন গৃহকর্মী হিসেবে। দেশে অভাবের মুখে পড়া তার পরিবারকে ভালো রাখাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু দুই বছরেরও কম সময়ের মধ্যে তাকে ফিরে আসতে হয়েছে মৃত অবস্থায়। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারের প্রকাশিত নতুন ডাটা অনুযায়ী গত বছর বিদেশে কাজ করতে গিয়ে মারা গেছেন বাংলাদেশি ৩৭৯৩ জন শ্রমিক। তাদের একজন মৌসুমী আক্তার। 

বাংলাদেশে বহু গরিব পরিবার আছে। তারা বিদেশে কর্মরত তাদের স্বজনদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভর করে বেঁচে আছেন। কিন্তু তাদের মারা যাওয়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিক পরিমাণ মানুষ দাবি করছেন, কেন এত বেশি সংখ্যক শ্রমিক মৃতদেহ বহনের ব্যাগে করে ফেরত আসছেন দেশে তা জানার জন্য।

ডাকসু নির্বাচনে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা-দৈনিক প্রথম আলো

কোটা আন্দোলনকারীরা ঢাকসু নির্বাচনে অংশ নেবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অংশ নেবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের। সংগঠনটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠান নিয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি। কোটা সংস্কার আন্দোলনও এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। লাগাতার আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৪৬ বছর ধরে চলা কোটাব্যবস্থা বাতিল করে সরকার।

ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো ছাত্রসংগঠনেরই তেমন কোনো সফল আন্দোলন সাম্প্রতিক সময়ে নেই। সেদিক থেকে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে গড়ে ওঠা এই মঞ্চ দেশের অধিকাংশ শিক্ষার্থীর দাবি আদায়ে সমর্থ হয়েছে। ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কারও কারও মতে, ডাকসু নির্বাচনে আন্দোলনকারীরা অংশ নিলে রাজনৈতিক সংগঠনগুলোর জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক! মহারাষ্ট্রে গ্রেফতার ৯ সন্দেহভাজন আইএস জঙ্গি-দৈনিক আনন্দবাজার

প্রজাতন্ত্র দিবসে বড়সড় নাশকতার ছক? মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে আইএস জঙ্গি সন্দেহে ধৃত ৯ জনকে গ্রেফতারের পর আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মুম্বই এটিএস-এ। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। তবে ধৃতদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, প্রজাতন্ত্র দিবসে বড়সড় নাশকতার ছক কষছিল এই গোষ্ঠী।

মহারাষ্ট্রে আইএস-এর স্লিপার সেল সক্রিয় কিনা, তা নিয়ে তদন্ত করতে বিশেষ একটি বাহিনী গঠন করে মুম্বই পুলিশের এটিএস। দীর্ঘদিন ধরে তথ্যপ্রমাণ জোগাড় করে ৯ জনের সঙ্গে আইএস যোগসাজশের স্পষ্ট প্রমাণ পান গোয়েন্দারা। তার পরই ছোট ছোট কয়েকটি দলে ভাগ হয়ে একযোগে পাঁচটি জায়গায় ‘অপারেশন’ চালান এটিএসগোয়েন্দারা।

লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয়াঙ্কা গান্ধী

লোকসভা ভোটের আগে বড় চমক। পারিবারিক রীতি মেনে এবার রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন তিনি। তাঁর চালচলন, কথাবার্তায় ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান অনেকেই। গতবার লোকসভা ভোটের সময়ে উত্তরপ্রদেশের রায়বরেলি ও আমেঠিতে কংগ্রেসের হয়ে রীতিমতো প্রচার চালিয়েছিলেন তিনি। দাদার মতোই তিনিও রাজনীতিতে আসুন, কংগ্রেসের অন্দরেও বহুদিন আগেই এমন দাবি উঠেছিল। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নিজে আগ্রহী ছিলেন না। বারবারই বলতেন, শুধুমাত্র সোনিয়া গান্ধী লোকসভা কেন্দ্র রায়বরেলি ও রাহুল গান্ধী লোকসভা কেন্দ্র আমেঠিতে কাজ করতে চান। তবে দলের যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর কংগ্রেসে যে রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে, তা টের পাওয়া গিয়েছিল। বছর দুয়েক আগে প্রিয়াঙ্কাকে কার্যকরী সভাপতি করার ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেসের তখনকার সভাপতি সোনিয়া গান্ধী। যদিও শেষপর্যন্ত অবশ্য তা হয়নি। ছবিটা বদলে গেল ২০১৯-এ, লোকসভা ভোটের ঠিক আগে। কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন ইন্দিরা গান্ধীর নাতনি।

বুধবার প্রিয়াঙ্কাকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী মাসের শুরুতে এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে পশ্চিম উত্তরপ্রদেশের দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। শেষপর্যন্ত প্রিয়াঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দলের অন্দরে।

শ্বশুড়বাড়িতে ঢুকতে দেওয়া হল না কনকদুর্গাকে, আশ্রয় মিলল সরকারি হোমে-দৈনিক আজকাল

কেরলের আয়াপ্পা স্বামীর মন্দির শবরীমালাতে প্রবেশ করার সাহস দেখিয়ে নজির গড়েছিলেন ৩৯ বছরের কনকদুর্গা। তাঁকেই মঙ্গলবার শ্বশুড়বাড়িতে ঢুকতে দেওয়া হল না। কিছুদিন আগেই কনকদুর্গার শাশুড়ি তাঁকে বেধড়ক মারধর করেন। যার জেরে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এই ঘটনার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, পুলিস–প্রশাসন কনকদুর্গার অভিযোগটি আদালতে পাঠিয়েছেন। আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সকলে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩