যুদ্ধ নয়, শান্তি চাই, সুর নরম করে বলল পাকিস্তান
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ ফেব্রয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব এশিয়ার পুঁজিবাজারে
- শ্যামপুর–টঙ্গীতে সাময়িকভাবে যাচ্ছে রাসায়নিক গুদাম -দৈনিক প্রথম আলো
- ঐক্যফ্রন্টের গণশুনানিতে গণঘুম হয়েছে: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ঢাকায় নারীদের জন্য নিরাপদ পরিবহণ সেবা চালু করলো ‘শাটল’ ‘- দৈনিক যুগান্তর
- উত্তরায় মামলা না নেয়ায় শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার উপস্থিতিতে গ্যাটকো মামলার শুনানি : পরবর্তী তারিখ ১৮ মার্চ- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- হাই অ্যালার্ট জারি করে আটটি বিমানবন্দর বন্ধ করে দিল ভারত-দৈনিক আজকাল
- যুদ্ধ নয়, শান্তি চাই, সুর নরম করে বলল পাকিস্তান -দৈনিক আনন্দবাজার
- জইশ বড় বিপদ’, চিন-রাশিয়ার কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত-দৈনিক সংবাদ প্রতিদি
- পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার জন্য খুনের অপরাধে দায়ী হবে সরকার। তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?
২. সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ইরান সফর করলেন। বাশার আসাদের এ সফর সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
উত্তরায় মামলা না নেয়ায় শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
রাজধানীর উত্তরায় নিহত এক শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। থানায় হত্যা মামলা না নেয়ার অভিযোগে আজ উত্তরার আজমপুর মুন্সিমার্কেটের মুক্তিযোদ্ধা রোডে এ বিক্ষোভ করে। দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়। এরপর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নেননি।
ঐক্যফ্রন্টের গণশুনানিতে গণঘুম হয়েছে: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
ঐক্যফ্রন্টের গণশুনানিতে গণঘুম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ঐক্যফ্রন্টের গণশুনানির সময় নেতৃবৃন্দের ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে গণঘুম হিসেবে। জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য গণশুনানির নাটক মঞ্চায়ন করা হয়েছে বলেই মনে হয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, গণশুনানির কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেনি। উপরন্তু তাদের দলের একজন নেতা বলেছেন, গণশুনানির পাশাপাশি তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কী ভূমিকা ছিল তা জানতে। এ বিষয়ে আমি একমত।
জাতীয় ঐক্যফ্রন্ট প্রতিনিধি দল সোমবার কূটনীতিকদের সঙ্গে দেখা করে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের ধর্না দেওয়া উচিত জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়। কারণ দেশের জনগণই হচ্ছে ক্ষমতার মালিক, অন্য কেউ নয়। বিএনপি ও ঐক্যফ্রন্ট ঘনঘন বিদেশিদের সঙ্গে দেখা করার মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কাশ্মির ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা।
দৈনিক আনন্দবাজারের এ সম্পর্কিত কয়েকটি খবরের শিরোনাম এরকম
গুলি করে নামানো হয়েছে ভারতের যুদ্ধবিমান, বিবৃতি পাকিস্তানের, দাবি উড়িয়ে দিল ভারত। সেনাপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, নর্থ ব্লকে গোয়েন্দাদের সঙ্গে আলোচনায় রাজনাথ সিং।
যুদ্ধ নয়, শান্তি চাই, সুর নরম করে বলল পাকিস্তান-এটিও দৈনিক আনন্দবাজারের শিরোনাম। এ খবরে লেখা হয়েছে, তুমুল উত্তাপের মুখে আচমকা শান্তির কথা বলতে শুরু করল পাকিস্তান। পাক বাহিনীর প্রধান মুখপাত্র (ডিজি, আইএসপিআর) মেজর জেনারেল আসিফ গফুর সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন, পাকিস্তান শান্তি চায়। ভারতকে বুঝতে হবে যে, যুদ্ধ হল নীতিগত ব্যর্থতা— বার্তা মেজর জেনারেল গফুরের। বুধবার সকালে কোনও সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাক বায়ুসেনা, বোমাও ফেলেছে ভারতীয় ভূখণ্ডে। পাকিস্তানের এই পদক্ষেপকে সরাসরি সামরিক পদক্ষেপ হিসাবেই দেখছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকও শুরু করেছেন। তার পরই ইসলামাবাদ বলল, পাকিস্তান যুদ্ধ চায় না।
এর পর পাকিস্তানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতকে আলোচনার আহ্বান জানান। আলোচনা শুরু হলে পাকিস্তানের তরফে সব রকমের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
হাই অ্যালার্ট জারি করে আটটি বিমানবন্দর বন্ধ করে দিল ভারত-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরে এবং লে –তে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বাণিজ্যিক বিমানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনা যে আক্রমণ চালিয়েছিল তার জন্য দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে সুরক্ষার ঘেরাটোপ বৃদ্ধির উদ্দেশ্যে সীমান্তবর্তী বেশ কিছু বিমানবন্দরে হাই–অ্যালার্ট জারি করা হয়েছে। জম্মু–কাশ্মীর, লে, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, গাগ্গাল, দেরাদুন এবং চণ্ডীগড়ের এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে।
দৈনিকটির অন্য আরেকিট খবরের শিরোনাম এরকম-কাশ্মিরে ভেঙে পড়ল ভারতের দুই যুদ্ধবিমান। মৃত দুই পাইলট।
জইশ বড় বিপদ’, চিন-রাশিয়ার কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
পুলওয়ামার প্রসঙ্গ তুলে চিন-রাশিয়ার বিদেশমন্ত্রীদের সামনে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনা যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেই বিষয়েও বিদেশমন্ত্রীদের সামনে বিস্তারিত ব্যাখ্যা দেন সুষমা৷ অভিযোগ করেন, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে রক্তপাত করছে জঙ্গিরা৷ দিনের পর দিন বিষয়টিকে এড়িয়ে চলেছে ইসলামাবাদ৷ পাক মদতপুষ্ট জইশ জঙ্গিদের হানায় প্রাণ গিয়েছে অসহায় ভারতীয় জওয়ানদের৷ দুই শক্তিধর দেশের বিদেশমন্ত্রীকে তিনি আরও জানান, জইশ ভারতের কাছে বড় বিপদ৷ সন্ত্রাসবাদকে নির্মূল করতেই মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত৷ এটা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই, কোনও দেশ বা সেনার বিরুদ্ধে নয়৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭