একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিষ্কার করা হবে: মেয়র আতিক-দৈনিক যুগান্তর
- রাজনীতি-নির্বাচন নিয়ে গণশুনানিতে কী হয়েছে ‘-দৈনিক প্রথম আলো
- চুড়িহাট্টা ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে ৭১-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার মুক্তিতে শিগগিরই আন্দোলন-দৈনিক নয়া দিগন্ত
- ‘উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে এটা মনে করি না’-কাদের -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- হালকা খাবার, ভাল ঘুমের পর আজ হাসপাতালে চলছে অভিনন্দনের নানা পরীক্ষা-দৈনিক আনন্দবাজার
- পশ্চিম রেলে নাশকতার সম্ভাবনা, মুম্বই-গুজরাট ও মধ্য প্রদেশে উচ্চ সতর্কতা জারি-দৈনিক আজকাল
- পাকিস্তানের অস্ত্রের জোগান আটকাতে তৎপর নয়াদিল্লি, তৈরি ব্লু-প্রিন্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
এবং আমি মুজাহিদুল ইসলাম
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
চুড়িহাট্টা ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে ৭১-দৈনিক ইত্তেফাক
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৪৫) নামে আরো একজন মারা গেছেন। শনিবার সকাল ৮টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকিরের মৃত্যুতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ৪৫ বছর বয়সী জাকিরের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মৃত্যুতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।
‘উপজেলা নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে বিএনপির চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে-নাসিম: দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি একের পর এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে।’ উপজেলার ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের সাবেক ট্রেজারার প্রয়াত এ এম রফিকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘জনগণকে বিএনপি ভয় পায়। এ কারণ ভোট বর্জন করে জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা। তবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।’ ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে জনগণের কথা বলার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘ভোট ছাড়া দেশ চলতে পারে না।
‘উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে এটা মনে করি না’-কাদের : দৈনিক মানবজমিন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একেবারে সঠিক হবে বলে মনে করেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন পারফেক্ট বিষয়টি ভিন্ন বিষয়। কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না, ভুলত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাই। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আগে কিছু কিছু ভুলত্রুটি আমাদের অতিক্রম করতে হবে। এটা থাকবে এবং এটা নিয়ে এগোতে হবে। নির্বাচন করতে করতে এক সময় দেখা যাবে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র রূপ নিয়েছে।
রাজনীতি-নির্বাচন নিয়ে গণশুনানিতে কী হয়েছে-দৈনিক প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের লেখা এ কলামে লেখা হয়েছে, গণশুনানিতে ‘গণঘুমানি’ হয়েছে বলে হাস্য–রসিকতায় মেতে উঠেছেন সরকারের একজন মন্ত্রীও। আমি তাঁদের বলব, ছয় ঘণ্টা গণশুনানির একটি–দুটি মুহূর্তের ওতপাতা ছবি নিয়ে মেতে না উঠে বরং সেখানে উত্থাপিত অভিযোগগুলোর গুরুত্ব অনুধাবনে তাঁদের সচেষ্ট হওয়া উচিত।
এত গুরুতর, শোচনীয় এবং ব্যাপক অভিযোগ বাংলাদেশে আগের কোনো সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত হয়েছে কি? এমন একটি নির্বাচন সমাজে কী ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তার কিছু আলামত আমরা এখনই সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি। গণশুনানিতে উপস্থিত ছিলেন প্রায় দেড় শ প্রার্থী। যাঁরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, তাঁদের প্রায় সবারই একই ধরনের অভিযোগ ছিল।অভিযোগগুলো হচ্ছে-প্রচারে বাধা, গ্রেফতার আতঙ্ক,পুলিশের দাপট,নিপীড়নের তীব্রতা, কয়েক দফা কারচুপি এবং অবিশ্বাস্য ভোট।
খালেদা জিয়ার মুক্তিতে শিগগিরই আন্দোলন-দৈনিক নয়া দিগন্ত
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা চান। একই সাথে তার মুক্তির বিষয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি শিগগিরই রাজপথে আন্দোলনের কথাও চিন্তা করছেন দলটির নীতিনির্ধারকেরা। এ জন্য কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিষ্কার করা হবে: মেয়র আতিক-দৈনিক যুগান্তর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর নববির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিষ্কার করা হবে। সেই সঙ্গে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে। শনিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজনীতির উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, পোস্টার সরানোর কাজ শুরু হয়ে গেছে যত দ্রুত সম্ভব তা শেষ করা হবে। পাশাপাশি রাস্তা দখল, ভেজাল খাবারসহ নগরীর নানা সমস্যা সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান আতিকুল ইসলাম।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পাকিস্তানের অস্ত্রের জোগান আটকাতে তৎপর নয়াদিল্লি, তৈরি ব্লু-প্রিন্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফিরতেই ভারত-পাকিস্তান চাপান উতোরে ইতি ঘটবে, এমনটা মনে করার কারণ নেই। বরং আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদকে আরও কোনঠাসা করতে তৎপর হয়ে উঠেছে নয়াদিল্লি। এবার শুধু কূটনৈতিক অস্ত্র প্রয়োগ করে বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তি ছোটো করাই নয়, পাকিস্তানকে সামরিকভাবে দুর্বল করার কূট-কৌশলও নিয়েছে মোদি সরকার। সেই মতোই ব্লু-প্রিন্ট তৈরি করছে সাউথ ব্লক। ইতিমধ্যেই পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের ‘অপব্যবহার’ বিশ্ব দরবারে তুলে ধরতে ভারত কাজ শুরু করে দিয়েছে। এ বিষয়ে নিজেদের দাবি আমেরিকার কাছে তথ্য প্রমাণসহ পেশ করছে নয়াদিল্লি।
পশ্চিম রেলে নাশকতার সম্ভাবনা, মুম্বই-গুজরাট ও মধ্য প্রদেশে উচ্চ সতর্কতা জারি-দৈনিক আজকাল
বড়সড় নাশকতার ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পশ্চিম রেলে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছে পশ্চিম রেলের স্টেশন ও ট্রেনগুলিতে। উচ্চ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটে। আরপিএফের আইজি নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, পশ্চিম রেলের সমস্ত স্টেশন ও দুরপাল্লার ট্রেনগুলিতে কড়া নজরদারি চালাতে। বিশেষ করে যে ট্রেনগুলি জম্মু থেকে যাওয়া–আসা করছে।
বিষ খাইয়ে ভারতীয় জওয়ানদের হত্যার ষড়যন্ত্র আইএসআই-এর!-সংবাদ প্রতিদিন
সবে সবে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে৷ কিন্তু তাতেও স্বভাব বদলের কোনও ইঙ্গিত নেই পাকিস্তানের৷ সন্ত্রাসবাদীদের সামনে রেখে এতদিন ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল পাক সেনা ও আইএসআই৷ এবার তাদের শ্যেনদৃষ্টি পড়েছে ভারতীয় সেনার রেশন বা মজুদ খাদ্য সামগ্রীর উপর৷ গোয়েন্দা সূত্রে খবর, সেনার জন্য মজুদ খাদ্য ও ব্যবহার্য সামগ্রীতে বিষক্রিয়া ঘটিয়ে এক্ষেত্রে জওয়ানদের ক্ষতি করার ষড়যন্ত্র করছে আইএসআই ও পাকিস্তান মিলিটারি ইন্টেলিজেন্স৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন