অনেক ক্ষেত্রেই সে রকম নির্বাচন করতে পারিনি: সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- বিনা ভোটে নির্বাচনের ঢেউ ঢাকা বিশ্ববিদ্যালয়েও-দৈনিক প্রথম আলো
- ইয়াবায় সংশ্লিষ্টতা, নারায়ণগঞ্জ সদরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- অনেক ক্ষেত্রেই সে রকম নির্বাচন করতে পারিনি: সিইসি-দৈনিক যুগান্তর
- খালেদার সুচিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার প্রতি বর্বরতার অবসান ঘটান : রিজভী- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কতজন মারা গেছে তা গোনা আমাদের কাজ নয়, বালাকোট নিয়ে মন্তব্য বায়ুসেনা প্রধানের-দৈনিক আজকাল
- এয়ারস্ট্রাইকে ২৫০ জনের মৃত্যু, অমিত শাহ’র মন্তব্যকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা-দৈনিক আনন্দবাজার
- কাশ্মীর সমস্যার সমাধানকারীই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য: ইমরান -দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. খরস্রোতা করতোয়া এখন মরা খাল। এটা দৈনিক প্রথম আলোর খবর। কেন এই অবস্থা করতোয়া নদীর?
২. আমেরিকা বলেছে, পাকিস্তানের বিমান বাহিনী সম্প্রতি একটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে এফ-১৬ জঙ্গিবিমানের অপব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপনি এ খবরকে কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিনা ভোটে নির্বাচনের ঢেউ ঢাকা বিশ্ববিদ্যালয়েও-দৈনিক প্রথম আলো
• দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন হবে
• ডাকসুতে ২৫টি, একেকটি হলে ১৩টি পদে নির্বাচন হবে
• হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন ৫৬ প্রার্থী
• হলগুলোতে প্রায় ২৪ শতাংশ বিনা ভোটে জিততে যাচ্ছেন
• বিভিন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে সমালোচনা
বিনা ভোটে নির্বাচনের ঢেউ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদ নির্বাচনে মোট ২৩৪টি পদের মধ্যে ৫৬ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন প্রার্থীরা। তাঁদের অধিকাংশই ছাত্রলীগের প্রার্থী। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৫টি পদে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাম্প্রতিক সময়ে উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রায় ২৪ শতাংশ পদে বিনা ভোটে প্রার্থীরা জিততে যাচ্ছেন। বেশ কিছু প্রার্থী অভিযোগ করেছেন, ছাত্রলীগের কিছু নেতার হুমকি-ধমকির কারণে তাঁরা সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ছাত্রসংগঠনগুলো পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
এতগুলো পদে প্রতিদ্বন্দ্বিতা না হওয়া খুবই অপ্রত্যাশিত ও অবাঞ্ছিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, এত দিন পর নির্বাচন হতে যাচ্ছে, এতে সবাই অংশ নেবে এবং সেটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেটাই প্রত্যাশিত। ডাকসুর মতো আবাসিক হলগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা না হলে নির্বাচন অর্থবহ হবে না।
অনেক ক্ষেত্রেই সে রকম নির্বাচন করতে পারিনি: সিইসি-দৈনিক যুগান্তর
যে রকম সুষ্ঠু নির্বাচন চাই, অনেক ক্ষেত্রেই আমরা সে রকম নির্বাচন করতে পারিনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ইসির নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের আগে আমি ব্যক্তিগতভাবে আলাপ করেছি, নির্বাচনে কোনো থ্রেট আছে কিনা, নির্বাচন অনুষ্ঠানে পরিকল্পনা কী— এসব প্রশ্নে অনেকেই আমাকে থ্রেট আছে কি নেই, তা স্পষ্ট করে কিছু বলেননি।
‘কেবল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। তবে সত্য হচ্ছে- কিছু কিছু ক্ষেত্রে সে রকম নির্বাচন হয়নি, যে রকম সুষ্ঠু নির্বাচন আমরা চেয়েছি।’
খালেদার সুচিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ৬ই মার্চ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, গতকাল পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেছেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা দরকারি চিকিৎসা সেবা দিচ্ছেন না।
খালেদা জিয়ার প্রতি বর্বরতার অবসান ঘটান : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে প্রচণ্ড অসুস্থ বেগম জিয়াকে সুস্থ বলে ফেরত পাঠিয়েছে অন্ধকার কারাগারে।
সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়। সময় অসময় হতে সময় নেয় না! আপনাদের ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে না। অমানবিকতা পরিহার করুন, এখনো সময় আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, সুচিকিৎসার সুযোগ দিন।’ আজ সোমবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘তিন বার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান। তাকে মুক্তি দিন। জামিনে আর বাধা দিবেন না। ঔপনিবেশিক আমলেও জনপ্রিয় রাজনৈতিক দলের রাজবন্দীর প্রতি এমন অমানবিক আচরণ করা হয়নি।’
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী বুধবার ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
ইয়াবায় সংশ্লিষ্টতা, নারায়ণগঞ্জ সদরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামিদের জবানবন্দিতে নাম আসায় নারায়ণগঞ্জের সদর থানার ওসিকে প্রত্যাহারের (ক্লোজ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশ সুপারকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে।বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কতজন মারা গেছে তা গোনা আমাদের কাজ নয়, বালাকোট নিয়ে মন্তব্য বায়ুসেনা প্রধানের-দৈনিক আজকাল
বালাকোটে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন। কেন্দ্র সরকার বা বায়ুসেনার পক্ষ থেকে এখনও এই হামলার কোনও প্রমাণ পেশ করা হয়নি। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় বায়ুসেনা সম্ভবত লক্ষ্যভেদ করতে পারেনি। বালাকোট অভিযান নিয়ে বিতর্ক ওঠার পরই ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান যে, নির্দিষ্ট লক্ষ্যেই হামলা হয়েছে।
এদিন তিনি সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রত্যাঘাত না হলে পাকিস্তান কেন হামলা করবে? ভারত যে হামলা করেছে তার প্রমাণ দেওয়া হবে, শুধু একটু ধৈর্য্য ধরে থাকুন।’ কতজন মারা গিয়েছে এই হামলায়, এ প্রশ্নের জবাবে বিএস ধানোয়া বলেন, ‘কতজন মারা গিয়েছে, তা গোনা আমাদের কাজ নয়। এটা সরকারের কাজ।
‘জঙ্গি নিকেশ হয়েছে তো? নাকি গাছ উপড়ে ফিরে এসেছে সেনা?’ সিধুর মন্তব্যে ফের বিতর্ক-দৈনিক আনন্দবাজার
পুলওয়ামা নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধিয়েছিলেন আগেই। এ বার বায়ুসেনার অভিযান নিয়ে প্রশ্ন তুলে দিলেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধু। তাঁর কথায়, ‘‘আদৌ শতাধিক জঙ্গি নিকেশ করা গিয়েছে তো? নাকি গাছ উপড়ে ফিরে এসেছে বায়ুসেনা। ভোটের আগে সেটাকেই জঙ্গি অভিযান বলে চালানো হচ্ছে?’’
পুলওয়ামা হামলার ১২দিন পর পাকিস্তানে ঢুকে প্রত্যাঘাত করেছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে। কিন্তু তাতে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে কখনও শোনা গিয়েছে বায়ুসেনার অভিযানে ৪০০ জঙ্গি মারা গিয়েছে। তো কখনও আবার সংখ্যাটা এসে ঠেকেছে ৩৫-এ। বিজেপি সভাপতি অমিত শাহ আবার ২৫০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে রবিবার দাবি করেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।
এয়ারস্ট্রাইকে ২৫০ জনের মৃত্যু, অমিত শাহ’র মন্তব্যকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতের এয়ারস্ট্রাইকে কতজনের মৃত্যু হয়েছে? এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। এয়ারস্ট্রাইকের পর বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়, অন্তত ৩০০ থেকে ৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। বিজেপি নেতারাও এ নিয়ে রীতিমতো বুক বাজাতে শুরু করেছিলেন। রবিবার গুজরাটের একটি জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ খোদ দাবি করেন, এয়ারস্ট্রাইকে মারা গিয়েছে ২৫০ জঙ্গি। আর অমিত শাহ’র এই মন্তব্য ঘিরেই এখন তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধীরা।
ভারতের এয়ারস্ট্রাইক আদৌ সফল কিনা, বিমান হানায় কতজন মারা গিয়েছেন, একাধিকবার এ নিয়ে সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি উঠেছে৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এয়ারস্ট্রাইকে মৃত্যু নিয়ে তথ্য প্রকাশের দাবি তুলেছিলেন। এরপর একে একে দিগ্বিজয় সিং, কপিল সিব্বলের মতো কংগ্রেস নেতাও একই প্রশ্ন তুলেছেন। আর আনন্দবাজারের একটি খবরে লেখা হয়েছে, মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোদীর, অস্ত্র কারখানা নিয়ে তোপ রাহুল গান্ধীর।
কাশ্মীর সমস্যার সমাধানকারীই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য: ইমরান-দৈনিক আজকাল/আনন্দবাজার/সংবাদ প্রতিদিন
যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করবেন, তিনিই উপমহাদেশের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করে উপমহাদেশে শান্তি আনবেন এবং মানবতার উন্নয়ন করবেন, তিনিই এই পুরস্কারের যোগ্য দাবিদার’।
সীমান্তে ঘনিয়ে থাকা যুদ্ধের আবহের মধ্যেই গত সপ্তাহে সিওল শান্তি পুরস্কার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখে প্রতিশোধের কথা বলে শান্তি পুরস্কার গ্রহণের জন্য তাঁকে এনিয়ে মমতা ব্যানার্জি সহ বিরোধীদের তির্যক মন্তব্যও শুনতে হয়েছে। অথচ নোবেল শান্তি পুরস্কারের দাবিদার না হতে চেয়ে মোদিকে প্যাঁচে ফেললেন ইমরান বলেই মনে করছে কূটনৈতিক মহল।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪