একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- সুলতান-মোকাব্বিরের শপথ কী বৈধ হবে, আইন কী বলে? -দৈনিক যুগান্তর
- রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া চিকিৎসাবঞ্চিত : ফখরুল -দৈনিক নয়া দিগন্ত
- পাট খাতকে লাভজনক করতে হবে: প্রধানমন্ত্রী -দৈনিক প্রথম আলো
- ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, খুলে দেওয়া হবে কৃত্রিম শ্বাসযন্ত্র-দৈনিক ইত্তেফাক
- পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের তল্লাশি গেট পার তদন্ত কমিটি গঠন, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মী বরখাস্ত -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ‘পুলওয়ামা হামলা আসলে বড় দুর্ঘটনা,’ বিজেপি নেতার কথায় বাড়ল বিতর্ক -দৈনিক আনন্দবাজার
- ‘মৃত জঙ্গির সংখ্যা জানতে বালাকোটে যান’, বিরোধীদের আক্রমণ রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন
- রাফায়েল চুক্তির নথি চুরি হয়ে গিয়েছে ! সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. জাহালমের কারাভোগের দায় নিতে চায় না দুদক। আজকের প্রায় সব দৈনিক এ খবর দিয়েছে। কী বলবেন আপনি?
২. ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, আমেরিকার পতনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখন আর তারা পরাশক্তি নয়। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
পাট খাতকে লাভজনক করতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাট ও পাটপণ্যের রপ্তানির জন্য উদ্দীপক–সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস-২০১৯’ এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলনা নয়। অতএব কেন এতে লোকসান হবে? আমি কোনো লোকসানের কথা শুনতে চাই না। বরং পাটশিল্প কীভাবে লাভজনক হতে, সেদিকে মনোযোগ দিতে হবে।’ পাটশিল্প টেকসই করতে এ খাত লাভজনক করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। আজ দেশ্যব্যাপী পাট দিবস পালিত হচ্ছে। এবারের পাট দিবসের স্লোগান হচ্ছে—‘সোনালী আঁশের সোনালী দেশ, জাতির পিতার বাংলাদেশ’।
কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে: মেডিকেল বোর্ড-দৈনিক প্রথম আলো
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজ বুধবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করেন। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।
কাদেরের সঙ্গে খালেদার তুলনা ঠিক না: হানিফ-দৈনিক প্রথম আলো
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তুলনা ঠিক না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হলেও খালেদা জিয়াকে কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা। এটিকে তাঁরা বৈষম্য বলে অভিযোগ করেছেন। বিএনপির নেতাদের এই বক্তব্যের জবাবে হানিফ আজ মন্তব্য করেন। হানিফ বলেন, ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক, লজ্জাজনক। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাঁর সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার তুলনা করা ঠিক হবে না। হানিফ বলেন, ওবায়দুল কাদেরকে প্রথম দিকে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যখন তাঁর অবস্থা সংকটাপন্ন হয়েছে, তখন তাঁকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের তল্লাশি গেট পার-তদন্ত কমিটি গঠন, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মী বরখাস্ত-দৈনিক মানবজমিন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তল্লাশি গেট দিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মী বরখাস্ত ছাড়াও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্যদের নাম এখনই প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া চিকিৎসাবঞ্চিত : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার। তিনি অভিযোগ করেন, যেখানে প্রত্যেক সাধারণ নাগরিকেরই অধিকার রয়েছে সুচিকিৎসা পাওয়ার, সেখানে তিন তিনবারের প্রধানমন্ত্রী নিজেই তার চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। এটা অন্যায় ও অমানবিক। চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারের উপরেই বর্তাবে বলেও তিনি সতর্ক করে দেন। বেগম জিয়ার চাহিদা অনুযায়ী যেকোনো হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি করেন। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এ কথা বলেন।
সুলতান-মোকাব্বিরের শপথ কী বৈধ হবে, আইন কী বলে?-দৈনিক যুগান্তর
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।এ নিয়ে চলছে রাজনৈতিক মাঠে ব্যাপক আলোচনা-সমালোচনা। তারা শপথ নিলে দলীয় সিদ্ধান্ত কী হবে। আর জাতীয় ঐক্যফন্টের বড় দল বিএনপির ভূমিকাই বা কী হবে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে এদিন বেলা সাড়ে ১১টায় এ দু’জনকে শপথবাক্য পাঠ করাবেন। এরআগে, ৭ মার্চ শপথ নেয়ার আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শনিবার আলাদা আলাদাভাবে স্পিকার বরাবর চিঠি দেন। এ চিঠি পেয়েই স্পিকারের কার্যালয় দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান আয়োজনের কথা জানায়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘পুলওয়ামা হামলা আসলে বড় দুর্ঘটনা,’ বিজেপি নেতার কথায় বাড়ল বিতর্ক-দৈনিক আনন্দবাজার
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা আসলে ‘বড় দুর্ঘটনা’। ঠিক এমনটাই বললেন এক বিজেপি নেতা। কেশবপ্রসাদ মৌর্য নামে এই বিজেপি নেতা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। একটি ভিডিয়োতে তাঁকে এই কথা বলতে শোনা গিয়েছে। এর পরই শুরু হয়েছে বিতর্ক।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ বলেছিলেন। এর পরই বিজেপি সরকারের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। এর পরই তিনি পাল্টা আঙুল তুললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দিকে। বললেন, যে কথা বলার জন্য তাঁর সমালোচনা করা হল। একই কথা বিজেপি নেতাও কিন্তু বলেছেন। দিগ্বিজয় নিজেই রিটুইট করেছেন বিজেপি নেতার ওই ভিডিয়ো, যেখানে পুলওয়ামা হামলাকে ‘বড় দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, ‘‘সাহসী হলে আমার বিরুদ্ধে মামলা করুন।’’
রাফায়েল চুক্তির নথি চুরি হয়ে গিয়েছে ! সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র-দৈনিক আজকাল
নতুন নাটক শুরু করল কেন্দ্রীয় সরকার। বারবার কংগ্রেস সভাপতি দাবি করে এসেছেন রাফাল চুক্তিতে রয়েছে চরম দুর্নীতি। এমনকী এই অভিযোগ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। এবার দেশের শীর্ষ আদালতে কেন্দ্র জানালো রাফাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এই কথাই বলল কেন্দ্র। বুধবার অযোধ্যা শুনানির কিছু পরেই রাফাল নিয়ে শুনানি শুরু হয় সর্বোচ্চ আদালতে। গত ১৪ ডিসেম্বর রাফাল নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল আদালত। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আদালতে পুনরায় আবেদন করেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ। বুধবার সেই মামলার শুরু হতেই রাফাল নিয়ে গুরুত্বপূর্ণ নথির খোঁজ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।
‘মৃত জঙ্গির সংখ্যা জানতে বালাকোটে যান, বিরোধীদের আক্রমণ রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে কত জঙ্গির মৃত্যু হয়েছে, তা নিয়ে চলছে তুমুল চর্চা৷ দাবি-পালটা দাবির মাঝেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কতজন জঙ্গি মারা গিয়েছে এয়ারস্ট্রাইকে তা জানার জন্য বিরোধীদের বালাকোটে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ প্রতিশোধের আগুনে ফুঁসছিল দেশ৷ তাই পালটা পাকিস্তানকে জবাব দিতে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটের তিনটি জঙ্গিঘাঁটি৷ প্রত্যাঘাতের পর বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয় ওই হামলায় অন্তত ৩০০ জন জইশ জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। বিতর্কের সূত্রপাত এই সংখ্যা নিয়েই। যদিও কেন্দ্র, প্রতিরক্ষামন্ত্রক বা বায়ুসেনা মৃত্যুর সংখ্যা নিয়ে প্রথম থেকেই কিছুই বলেনি। এমনকী, এয়ারস্ট্রাইকের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করেও খতম হওয়া জঙ্গির সংখ্যা প্রকাশ করেননি খোদ বায়ুসেনা প্রধানও৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬