পুনঃনির্বাচনের কোনো সুযোগ নেই: ভিসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- আইসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের-প্রথম আলো
- ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে: নুর-দৈনিক কালের কণ্ঠ
- পুনঃনির্বাচনের কোনো সুযোগ নেই: ভিসি-দৈনিক যুগান্তর
- শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- আদালতে যেতে অনিচ্ছুক খালেদা জিয়া: জেল সুপার-মানবজমিন
- বিএনপি-জামায়াতকে চিরতরে উৎখাত করতে হবে : হানিফ-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম
- রাহুল-মমতা-মায়াবতী-অখিলেশকে টুইট করলেন মোদী, কী বললেন জানেন?-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- সরকার আমরাই গড়ব, প্রথম জনসভায় মোদিকে আক্রমণ করে ঘোষণা প্রিয়াঙ্কার-দৈনিক বর্তমান
- বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের সব বিমান বাতিল ভারতে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
কথাবার্তার প্রশ্ন (১৩ মার্চ)
১. আগামী তিনদিনের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন বাতিল চেয়ে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ ছাড়া অপর ৫ প্যানেল। তারা বলছেন, শনিবারের মধ্যেই সদ্য অনুষ্ঠিত এ নির্বাচন বাতিল করার পাশাপাশি পুন:তফসিল ঘোষণা করতে হবে। কীভাবে দেখছেন তাদের এ দাবিকে?
২. ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাক সফর করছেন। তার এ সফরকে দু দেশের পক্ষ থেকেই বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ কী?
আইসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের-প্রথম আলো
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ বুধবার সকালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক অধ্যাপক আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান।
অধ্যাপক আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। আজ সকাল থেকে তাঁকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে তাঁর বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। এর আগে কার্ডিও থোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাঁর চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।
ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে: নুর-দৈনিক কালের কণ্ঠ
ছাত্রদের জন্য যে সংসদ সেই সংসদের যাবতীয় সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ বুধবার নির্বাচন বর্জনকারী শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে তিনি এ দাবি জানান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে ছাত্ররা যে দাবি করেছিল সেগুলোর যৌক্তিকতা ইতোমধ্যে সামনে এসেছে। অবিলম্বে নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানের পাশাপাশি হলের বাইরে কেন্দ্র স্থাপন, স্টিলের বাক্স পরিবর্তন করে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি মেনে নিতে হবে।’
ভিপি নুর অভিযোগ করে বলেন, ‘১১ মার্চ একটি কারচুপির নির্বাচন হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ছিল। তারা ভোটের আগে ছক তৈরি করেছিল, সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু দুটি পদে তারা কারচুপি করেও জয় লাভ করতে পারেনি।’
এ ছাড়াও প্রশাসনকে উদ্দেশ্য করে নুর বলেন, ‘ছাত্ররা আমাকে সহ-সভাপতি নির্বাচিত করেছে সেই জায়গা থেকে বলব, আপনারা হয়রানি, ভয়-ভীতি দেখিয়ে দাস বানাতে চেয়েছেন। মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্রদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেওয়া হয়েছে।
পুনঃনির্বাচনের কোনো সুযোগ নেই: ভিসি-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের যে দাবি ৫ টি প্যানেল করছে সেটি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান।
বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হবার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এসব কথা বলেন।তিনি বলেন, রীতি নীতি অনুয়ায়ী সময়মত ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে। এসময় অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনকারীদের সতর্ক করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না।
২৮ বছর পর অনুষ্ঠিত ১১ মার্চের নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ' শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই। এর আগে ভিসি আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন ভিপি নুরুল হক নুরসহ ডাকসু নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তারা পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রোভিসি মুহাম্মদ সামাদ বলেছিলেন, ডাকসু নির্বাচন বাতিল করা সম্ভব নয়। প্রসঙ্গত, ১১ মার্চের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও জালভোটের অভিযোগ তুলে তা বর্জন করে ছাত্রদল, বামজোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ অন্তত ৫টি প্যানেল।তারা পুনঃতফসিল বাতিল চেয়ে আন্দোলন করছে।
শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত না। তাদের পড়াশোনাটা তারা যেন খেলতে খেলতে, হাসতে হাসতে সুন্দরভাবে নিজের মতো করে নিয়ে পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে। তিনি বলেন, অনেক সময় আমরা দেখি প্রতিযোগিতাটা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা-মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আদালতে যেতে অনিচ্ছুক খালেদা জিয়া: জেল সুপার-মানবজমিন
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে আজ আদালতে যেতে অনিচ্ছা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিনিয়র জেল সুপার ইকবাল কবীর আদালতকে এ কথা জানিয়েছেন। আজ পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানিতে খালেদা জিয়ার হাজির না হওয়ার কারণ হিসেবে লিখিতভাবে (কাস্টডি ওয়ারেন্ট) তিনি লিখিতভাবে জানান ‘বিজ্ঞ আদালতে বন্দি যেতে অনিচ্ছুক’।
পরে আদালতে শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, উচ্চ আদালতের সকল আদেশ চলে এসেছে। আজকে চার্জ শুনানির জন্য দিন ঠিক রয়েছে। এরপর খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, যে সকল কাগজপত্র পেয়েছি চার্জ শুনানির জন্য যথেষ্ট নয়। শুনানির জন্য সংশ্লিষ্ট কাগজপত্র দরকার। এছাড়া সকল আসামি আদালতে উপস্থিত হননি। আসামির অনুপস্থিতিতে চার্জ শুনানির হয় না।এর উত্তরে মোশাররফ হোসেন কাজল বলেন, আদালতে কাগজপত্র সব তৈরি আছে আপনারা সংগ্রহ করে নেন।
সব কাগজ পেলে পরবর্তী সময়ে চার্জশুনানি করতে হবে। এদিন সকাল সোয়া ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১২টায়।
আদালতে বাইরে এসে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আদালত আগামী ৯ই এপ্রিল পরবর্তী চার্জ শুনানির দিন ঠিক করেন।
গত ২৬শে ফেব্রুয়ারি ঢাকার অস্থায়ী বিশেষ জজ-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামীকে আদালতে উপস্থিত করার জন্য আদেশে দেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী খালেদা জিয়াসহ অন্যান্য আসামির আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট দেয়ার আবেদন করেন।
এ মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন। এরা হলেন- খালেদা জিয়া, সাবেক বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।
বিএনপি-জামায়াতকে চিরতরে উৎখাত করতে হবে : হানিফ-দৈনিক নয়াদিগন্ত
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতাসীন সরকার, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ ও আদালত- কেউ আইনের উর্ধ্বে নয়। তিনি বলেন, নির্বাচন কমিশন গত ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের মাধ্যমে যাদের নির্বাচিত বলে ঘোষণা করেছে তারা কেউই নির্বাচিত নয়। এবং যাদের গেজেট প্রকাশ করেছে তারা কেউই জনপ্রতিনিধি নয়। শনিবার বিকালে সেগুন বাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (২য় তলায়) গণফোরামের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ড. কামাল হোসেন বলেন, আমরা ইতোপূর্বে এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছি। অবিলম্বে নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানাই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যে অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের চিরতরে উৎখাত করতে হবে।’ তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে পাকিস্তানের এজেন্ট বলে মন্তব্য করেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। কুখ্যাত রাজাকার আব্দুল আলিমসহ বহু রাজাকারকে মন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান। গোলাম আযমকে এদেশে ফিরিয়ে আনেন তিনি। তার ধারাবাহিকতায় খালেদা জিয়াও পাকিস্তানের এজেন্ট।’
হানিফ আরো বলেন, ‘যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করবে। পাকিস্তানি এই এজেন্টদের চিরতরে উৎখাত করতে হবে।’
‘ডাকসু নির্বাচন অবাধ হয়েছে বলেই অন্যরা জয়ী হতে পেরেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশে সুষ্ঠু নির্বাচন হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে, আশা করি তারা আবার অর্জন করতে সক্ষম হবেন’, বলেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ আসলে ভাষণ নয়, এটা একটি মহাকাব্য। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ জাতির পিতার ভাষণ, ওয়াল্ড হেরিটেজ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এটি সৃষ্টির ভাষণ। কোনো ভাষণে পৃথিবীর কোনো দেশ সৃষ্টি হয় নাই, বাঙালিরাই একমাত্র সৌভাগ্যবান জাতি, যে জাতির জনকের ভাষণে বাংলাদেশের সৃষ্টি হয়েছে।’
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
রাহুল-মমতা-মায়াবতী-অখিলেশকে টুইট করলেন মোদী, কী বললেন জানেন?-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
যাঁদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন, তাঁদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও।

যত বেশি সংখ্যায় সম্ভব, মহিলা ও যুব সম্প্রদায়ের ভোটারকে বুথে নিয়ে আসার জন্য আলাদা আলাদা ভাবে রাজনীতিক, ক্রীড়াবিদ, সাংবাদিক ও অভিনেতা, অভিনেত্রীদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে।
লোকসভা নির্বাচনের মুখে যাঁদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন, তাঁদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও। রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন, আমির খান, বিরাট কৌশল ও রণবীর সিংহের মতো অভিনেতারাও। প্রধানমন্ত্রী মোদী একই অনুরোধ জানিয়েছেন পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও।
সরকার আমরাই গড়ব, প্রথম জনসভায় মোদিকে আক্রমণ করে ঘোষণা প্রিয়াঙ্কার-দৈনিক বর্তমান
যিনি বড় বড় কথা বলেন, এবার ভোটে তাঁকে উচিত জবাব দিন। সরাসরি নাম না করেও নরেন্দ্র মোদির গড় গুজরাটে দাঁড়িয়ে আজ এই মর্মেই তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, এবার কংগ্রেসই জিতে ক্ষমতায় আসছে। আক্রমণ শানান রাহুলও।
রাজনৈতিক ময়দানে নেমে এতবড় মঞ্চে তাঁর প্রথম ভাষণে মোদিকে প্রশ্নবাণের মুখে দাঁড় করানোর লড়াইয়ে প্রিয়াঙ্কাই এবার কংগ্রেসের অন্যতম অস্ত্র। দলে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর আজই ছিল তাঁর প্রথম জনসভা। প্রথমেই মোদির রাজ্যে। সেখানে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের মধ্যে তো বটেই, গান্ধীনগরের জনসভায় দাঁড়িয়ে তোপ দাগলেন মোদিকে। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়লেন, কোথায় গেল বছরে দুকোটি চাকরি? কোথায় গেল ১৫ লক্ষ টাকা? প্রিয়াঙ্কা সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করলেও তাঁর মুখ থেকে মোদিকে আক্রমণের তির ছুটতেই উপস্থিত জনতার মধ্যেও শোনা গেল প্রতিধ্বনি? কাঁহা গয়া? কাঁহা গয়া। আগ্রাসী আচরণ না করেও তীব্র প্রশ্নবাণে নরেন্দ্র মোদিকে বিঁধলেন প্রিয়াঙ্কা।
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের সব বিমান বাতিল ভারতে-দৈনিক আজকাল
১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার সহ মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান ইটি–৩০২। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমান ভেঙে পড়ার পরেই বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিয়েছিল বাতিল করা হবে এই বিশেষ মডেলের বিমানের উড়ান। সেই পথেই এক ধাপ এগোলো ভারত।

দেশের বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ সিদ্ধান্ত নিয়েছে, ভারতে যে সমস্ত বিমান সংস্থার কাছে এই মডেলের প্লেন রয়েছে আপাতত সেগুলিকে বসিয়ে দেওয়া হবে। এমনকী বুধবার বিকেল চারটের মধ্যে ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের সব বিমানকে অবতরণ করে যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিনী সংস্থার তৈরি এই বিমানটি সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু রবিবারের ঘটনার পর যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন