শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন: নাসিম-দৈনিক যুগান্তর
- সরকারের অপছন্দের মানুষ গুম-খুন হচ্ছে: ফখরুল-দৈনিক প্রথম আলো
- শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে না : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
- ডাকসুর পুনঃনির্বাচন-ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- আজহার নিয়ে ভারতের উদ্বেগ বুঝি, সমস্যার সমাধান হবে, বললেন নয়াদিল্লির চিনা রাষ্ট্রদূত-দৈনিক আনন্দবাজার
- ভোটের আগেই পাহাড়ে বিমল গুরুংকে ফেরানোর চেষ্টা বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন
- প্রথম লোকপাল হিসাবে দায়িত্ব পেতে চলেছেন পিনাকীচন্দ্র ঘোষ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের দেশ প্রেমের আদর্শ নিয়ে বেড়ে উঠতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের জীবন গঠনের আহ্বান জানান তিনি। টুঙ্গিপাড়ায় আজ দুপুরে জাতির পিতার শততম জম্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার।
সরকারের অপছন্দের মানুষ গুম-খুন হচ্ছে: ফখরুল-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গত ১০ থেকে ১২ বছর ধরে আমরা দেখছি, যারা সরকারের অপছন্দের মানুষ, তাদের গ্রেপ্তার ও হত্যা করা হচ্ছে। প্রয়োজনে তাদের গুম করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা ও মামলা প্রত্যাহার করার সংগ্রাম চালিয়ে যাব। দৈনিক নয়া দিগন্তে লেখা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি মেনে নেয়া হবে না । গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। এর মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠবে।
ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন: নাসিম-দৈনিক যুগান্তর
ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বধির ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ভুল সিদ্ধান্তের কারণে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে, তার জন্য এখন কথাও বলতে পারছেন না। এত অন্যায় করেছেন যে, আপনারা বধির হয়ে গেছেন। এ সময় বিএনপির নির্বাচিত এমপিদের জাতীয় সংসদে এসে কারাবন্দি খালেদা জিয়ার কথা বলতেও আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।
ডাকসুর পুনঃনির্বাচন-ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা-দৈনিক মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুর্নিবাচন দাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেবে প্রগতিশীল ছাত্র ঐক্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। আজ দুপরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নেওয়া লিটন নন্দী। তিনি বলেন, ১১ই মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এই নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। এই ডাকসু আমাদের ডাকসু। পুর্ননির্বাচন করার জন্য আমরা কঠিন আন্দোলন গড়ে তুলবো।
কালাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ২-–দৈনিক ইত্তেফাক
কাজয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-কালাই উপজেলার পুনট মোন্না পাড়ার মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে আফতাব সরকার (৫৫) এবং মাইশ্বা পাড়ার চারু মোহন্তের ছেলে রতন (৪৮)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, গত ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন নৌকা প্রতীকে জয়লাভ করেন। এরপর থেকেই উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদার নেতাকর্মীদের সাথে মিলনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এর ধারাবাহিকতায় শনিবার রাতে মোসলেমগঞ্জ বাজারে ওই সংঘর্ষ হয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
আজহার নিয়ে ভারতের উদ্বেগ বুঝি, সমস্যার সমাধান হবে, বললেন নয়াদিল্লির চিনা রাষ্ট্রদূত-দৈনিক আনন্দবাজার
মাসুদ আজহার নিয়ে বার বার রাষ্টপুঞ্জে ভেটো দিচ্ছে চিন। এই সঙ্কট কাটাতে এ বার চিনকে বাইপাস করে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে তৎপর হয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত-সহ বহু দেশ। এ বার কি তবে চাপে পড়েই নমনীয় অবস্থান নিচ্ছে বেজিং? নয়াদিল্লিতে চিনা রাষ্ট্রদূত লুও ঝাওহুইয়ের বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত। ঝাওহুইয়ের বক্তব্য, ভারতের উদ্বেগ বেজিং বোঝে এবং মাসুদ আজহার সমস্যা ‘মিটে যাবে।ঠিক কী বলেছেন নয়াদিল্লিতে চিনের রাষ্ট্রদূত? ঝাওহুইয়ের বক্তব্য, ‘‘মাসুদ আজহার সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত।
ভোটের আগেই পাহাড়ে বিমল গুরুংকে ফেরানোর চেষ্টা বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা নির্বাচনে পাহাড়ে বিমল গুরুংকে ফিরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য বিজেপি। রাজনৈতিকভাবে সক্রিয় হিসাবে পাহাড়ে আবার গুরুংকে দেখা যেতে পারে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ে কি রাজনৈতিকভাবে আবার গুরুংকে দেখা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হতে পারে। যেহেতু নির্বাচন কমিশন এসে গিয়েছে। আইনিভাবে হয়তো রাস্তা বেরবে। জামিনও পেতে পারেন। অন্য কোনওভাবেও আসতে পারেন। উনি (গুরুং) এলে পাহাড়ের বাতাবরণ আবার বদলে যাবে।” বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে পাহাড়ে কি আবার সক্রিয়ভাবে দেখা যেতে পারে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সুপ্রিমোকে? এই জল্পনা অবশ্য শনিবার উস্কে দিয়েছেন দিলীপ ঘোষই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭