বাসচাপায় শিক্ষার্থী নিহত : চালকের শাস্তির দাবিতে অবরোধ অব্যাহত
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়া খুবই অসুস্থ' হুইল চেয়াররে বসতে পারছেন না-ফখরুল-দৈনিক যুগান্তর
- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- বাসচাপায় শিক্ষার্থী নিহত : চালকের শাস্তির দাবিতে অবরোধ অব্যাহত-দৈনিক ইত্তেফাক
- বেগম জিয়ার মৃত্যু সংবাদের অপেক্ষায় প্রধানমন্ত্রী : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
- শিক্ষার্থীদের ফাঁসাতে বাসে পরিবহন শ্রমিকের আগুন-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- গত দু’বছরে রাজ্যে একটিও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি, দাবি যোগীর-দৈনিক আনন্দবাজার
- নামের আগে পাপ্পু যোগ করুন’, রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন
- কংগ্রেসের সঙ্গে কি আপ? জল্পনা তুঙ্গে রাজধানীতে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে প্রকাশিত তথ্য প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি মনে করেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন। ‘কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনটি ১৩ মার্চ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অভাবনীয় রকম একপেশে একটি নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় দফায় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। নানা অনিয়মে ভরা ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। নির্বাচনী অনিয়ম ছাড়াও গত বছর বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, উদ্দেশ্যমূলক আটক, শান্তিপূর্ণ সমাবেশে বাধা, রাজনৈতিক কর্মীদের বন্দী, গণমাধ্যমের স্বাধীনতায় বাধাসহ বিভিন্ন অভিযোগ আছে মার্কিন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে মূলত আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), অধিকারসহ কয়েকটি প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটি তৈরি করেছে। ওই প্রতিষ্ঠানগুলো মনগড়া প্রতিবেদন প্রকাশ করে থাকে। তাদের তথ্য নিয়ে প্রতিবেদন করলে তা একপেশেই হবে।
বাসচাপায় শিক্ষার্থী নিহত : চালকের শাস্তির দাবিতে অবরোধ অব্যাহত-দৈনিক ইত্তেফাক
বাংলাদেশের রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘাতক সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের শাস্তিসহ ১২ দফা দাবিতে নানা অবরোধ অব্যাহত রেখেছে। এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আবরার নিহত হন। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম-শিক্ষার্থীদের ফাঁসাতে বাসে পরিবহন শ্রমিকের আগুন।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানীর নর্দ্দায় সুপ্রভাত বাসের চাপায় এক শিক্ষার্থী নিহতে ঘটনায় আন্দোলনে রাজপথে সহপাঠিরা। মেয়রের আশ্বাসের পরও তারা পথ সড়ক ছাড়েনি। আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই অবস্থায় তাদের ফাঁসাতে ভিন্ন কৌশল নেয়া হয়। এক পরিবহন শ্রমিক নিজেই বাসে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।
‘কারা, কেন ঘটনা ঘটাল আমরা জানি না’সিইসি-দেনিক প্রথম আলো
রাঙামাটির বাঘাইছড়িতে ভোট কর্মকর্তাদের বহরে গুলির ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে জায়গা বেছে নিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে গেছেন। আজ দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা এ কথা বলেন। গতকাল রাঙামাটির বাঘাইছড়িতে দুষ্কৃতকারীদের ব্রাশফায়ারে ভোট কর্মকর্তা, আনসার সদস্যসহ মোট সাতজন নিহত হন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে ভোটের সরঞ্জাম নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে।
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, আদালতে আসার আগে বমি করেছেন: ফখরুল-দৈনিক যুগান্তর/ইত্তেফাক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আদালতে আসার আগে বমি করেছেন। মাথা সোজা রাখতে পারছেন না। পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মির্জা ফখরুল এ কথা বলেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ করে বলেন, অসুস্থ খালেদা জিয়াকে জোর করে আদালতে আনা হয়েছে। দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় জেলখানায় বন্দি রেখেও প্রধানমন্ত্রী এখন স্বস্তি বোধ করছেন না। তিনি তখনি পুরোপুরি স্বস্তিবোধ করবেন যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ তার কানে পৌঁছাবে।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
গত দু’বছরে রাজ্যে একটিও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি, দাবি যোগীর-দৈনিক আনন্দবাজার
একের পর এক হিংসার ঘটনায় আগুন জ্বলেছে উন্নাও, বুলন্দশহরের মতো জায়গায়। হিংসায় বলি হতে হয়েছে সাধারণ মানুষকে। সেই হিংসার আগুন যে তাঁকে বিন্দুমাত্র স্পর্শ করেনি, সে কথাই যেন শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর আমলে রাজ্যে একটি মাত্রও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি। নেই হানাহানির ঘটনা। ২০১৭ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের ২১তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন যোগী। অর্থাৎ, এ মাসের দু’বছর পূর্ণ করছে যোগী সরকার। মঙ্গলবার সেই পূর্তি উপলক্ষে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিত্যনাথ। সেখানেই এমন দাবি করেন তিনি। এর পরই তাঁর সংযোজন, ‘‘দেশের মধ্যে উত্তরপ্রদেশ মডেল তৈরি করেছে।,
নামের আগে পাপ্পু যোগ করুন’রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন
‘‘আমরা ‘চৌকিদার’ লেখায়, আপনাদের অসুবিধা হচ্ছে৷ আপনারা নামের আগে ‘পাপ্পু’ যোগ করুন৷ তাতে আমাদের কোনও অসুবিধা হবে না৷’’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে টেনে ঠিক এই ভাষাতেই কংগ্রেস সমর্থকদের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷কংগ্রেস সভাপতিকে বিভিন্ন সময় ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকে বিজেপি শিবির৷ লোকসভায় যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা৷ তখন বক্তৃতা র সময় এই বিষয়টি উত্থাপনও করেছিলেন খোদ কংগ্রেস সভাপতি৷ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেন তিনি৷ জানান, প্রধানমন্ত্রী তাঁকে ঘৃণা করলেও, তিনি তেমনটা মনে করেন না৷ কিন্তু এরপরেও রাহুলের সঙ্গ ত্যাগ করেনি ‘পাপ্পু’ ট্যাগ৷
কংগ্রেসের সঙ্গে কি আপ? জল্পনা তুঙ্গে রাজধানীতে-দৈনিক আজকাল
কংগ্রেসের সঙ্গে আপের জোট নিয়ে জটিলতা এখনও মেটেনি। দু’দলের জোট করাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মঙ্গলবার সকালেও তিনি দু’দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বর্ষিয়ান এই রাজনীতিকের মতে, বিজেপিকে হারাতে হলে একত্রিত হতেই হবে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেস–আপ জোট নিয়ে সিদ্ধান্ত সামনে আসতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পাওয়ারের বৈঠকের পরই দিল্লির তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসনেত্রী শীলা দীক্ষিত তাঁর দলীয় সহকর্মীদের সঙ্গে নিজের বাড়িতে আলাদাভাবে আলোচনায় বসেন আপের সঙ্গে জোটের কথা পুনর্বিবেচনার জন্য। এতদিন শীলা জোরাল গলায় কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আপের সঙ্গে জোট নিয়ে তাঁর তীব্র আপত্তির কথা বলেছিলেন। অন্যদিকে, মঙ্গলবার দিল্লি কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পি সি চাকো ফের বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব চাইছে বিজেপিকে হারানোই তাদের প্রধানতম দায়িত্ব। সেজন্যই অধিকাংশ নেতাই আপের সঙ্গে জোট চাইছেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন