মার্চ ২৬, ২০১৯ ১২:০৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এমন দেশের জন্য যুদ্ধ করিনি: মান্না-দৈনিক যুগান্তর
  • শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কাজ করছি: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম  আলো
  • স্বাধীনতার চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • বিনা বিচারে জেল খেটেছেন আরো অনেক ‘জাহালম’-দৈনিক নয়া দিগন্ত
  • রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মের অপব্যবহার করছে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • কেমন কাজ করল মোদী সরকার? সমীক্ষা বলল, প্রায় সব ক্ষেত্রে মাঝারিরও নীচে নম্বর দিচ্ছেন মানুষ-দৈনিক আনন্দবাজার
  • মোদি-অমিত শাহ’কে ‘গুজরাটি ঠগ’ বলে বহিষ্কৃত বিজেপি নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বুধবার নির্বাচনী ইস্তেহার তৃণমূলের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক

মহান স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ মহান স্বাধীনতা দিবস এবং ৪৯তম জাতীয় দিবস। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন। আজ একইসঙ্গে বেদনা ও আনন্দের দিন। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন আজ।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কাজ করছি: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, যেখানে শিশুরা সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজকের শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আমরা আমাদের শিশুদের সেভাবে গড়ে তুলতে চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও দেশকে ভালোবেসে তারা কাজ করবে।’ স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের দেশকে এগিয়ে নিতে হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।’

স্বাধীনতার চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে এ মহান দিনে জনগণের কাছে আহ্বান জানাতে চাই, স্বাধীনতার আদর্শ, লক্ষ্য ও চেতনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে।’ আজ মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিক তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সে চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা পর্যন্ত নেই।’

আর দৈনিক মানবজমিনের এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম এরকম-রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মের অপব্যবহার করছে। খবরটিতে বিশিষ্টজনেরা তাদের মন্তব্যে বলেছেন

সামপ্রতিক সময়ে বাংলাদেশে বিভাজনের রাজনীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে । তাই তারা ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন।

আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, স্বাধীনতার লক্ষ্য থেকে বাংলাদেশ ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।তিনি বলেছেন, এমন দেশ আমরা চাইনি।এমন দেশেল জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। 

‌‌‍‌‌'আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে। কথা বলার অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে’-যোগ করেন মান্না। মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই আজকের বাংলাদেশ- এমন মন্তব্য করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। 

বিনা বিচারে জেল খেটেছেন আরো অনেক ‘জাহালম’-দৈনিক নয়া দিগন্ত

বিনাবিচার, বিনা দোষে কারাগারে জীবন কাটানো হতভাগাদের সাম্প্রতিক একটি প্রতীকী নাম টাঙ্গাইলের জুটমিল শ্রমিক জাহালম। তিন বছর জেল খেটে মুক্তি পেয়েছেন জাহালম। অসহায় সুরুজও ১৩ বছর পর মুক্তি পেয়েছেন, কিন্তু বের হয়নি খবর। মিতুল, কাজল, অনিকের মতো এ তালিকা অনেক অনেক দীর্ঘ! কী হয়েছিল এদের জীবনে?  ট্রাক হেলপার সুরুজ মিয়ার বাড়ি যশোরের শার্শা উপজেলা সদরে। পরিবার বলতে কিছুই নেই তার। পথেই কাটছিল জীবন। কিন্তু হঠাৎ তার জীবনেও নেমে এলো অমানিশা। মাদক পরিবহনের অভিযোগে একদিন গ্রেফতার হয়ে ঠাঁই হয় কারাগারে। কিন্তু অভিযোগ প্রমাণিত না হলেও মুক্তি মেলেনি তার। বিনা বিচারেই জীবনের ১৩টি বছর কাটাতে হয়েছে কারাগারে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কেমন কাজ করল মোদী সরকার? সমীক্ষা বলল, প্রায় সব ক্ষেত্রে মাঝারিরও নীচে নম্বর দিচ্ছেন মানুষ-দৈনিক আনন্দবাজার

ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি যেমনই দিয়ে থাকুন, বাস্তবে নরেন্দ্র মোদীর সরকারের কাজের ফল নিয়ে আদৌ সন্তুষ্ট নন দেশের মানুষ। আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক মুখে, এমনই এক সমীক্ষার রিপোর্ট মোদী-অমিতদের কপালে ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট। দেশব্যাপী মানুষের মধ্যে করা সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, কর্মসংস্থান থেকে শুরু করে স্বাস্থ্য বা পানীয় জল, মানুষের সবচেয়ে বেশি চাহিদার জায়গাগুলোতে মাঝারিরও নীচে নম্বর পেয়েছে নরেন্দ্র মোদী সরকার। সমীক্ষাটি চালিয়েছিল দিল্লি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

ভারতের রাজনীতিতে দলবদলের বিভিন্ন খবর পরিবেশিত হয়েছে কোলকাতা থেকে প্রকাশিত দৈনিকগুলোর অনলাইন সংস্করণে। দৈনিক সংবাদ প্রতিদিনের কয়েকটি খবরের শিরোনাম এরকম যে, প্রধানমন্ত্রী মোদির কাজে আকৃষ্ট, বিজেপিতে যোগ দিলেন প্যারা অলিম্পিয়ান দীপা মালিক। প্রধানমন্ত্রীর ‘যোগ্য নেতৃত্বে’ ভরসা রেখে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়া পরদা। মোদি-অমিত শাহ’কে ‘গুজরাটি ঠগ’ বলে বহিষ্কৃত বিজেপি নেতা  আইপিসিং।

বুধবার নির্বাচনী ইস্তেহার তৃণমূলের-দৈনিক আজকাল

বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কালীঘাট থেকে দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি ইস্তেহার প্রকাশ করবেন।সূত্রের খবর, নির্বাচনী ইস্তেহারে এবারের ভোটে নতুন ভারত গড়ার ডাক দেওয়া হবে। বিজেপির শাসনকালে দেশের দুরবস্থার কথা তুলে ধরা হবে। অন্যদিকে, গত পাঁচ বছরে তৃণমূল রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেকথারও উল্লেখ থাকবে ইস্তেহারে। ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা এবং কর্মীরা। তারপর বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নামবেন মমতা ব্যানার্জি। বলে আগেই খবর মিলেছিল। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬