এপ্রিল ০১, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার চিকিৎসায় যেন অবহেলা না হয়: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়া অসুস্থ হয়ে বিএসএমএমইউতে-দৈনিক প্রথম  আলো
  • ছিনতাই ও অপহরণের অভিযোগ, জাবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার-দৈনিক ইত্তেফাক
  • আসছে আরো ৩টি ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়!-দৈনিক নয়া দিগন্ত
  • প্রশ্নফাঁস ছাড়াই এইচএসসি পরীক্ষা শেষ হবে, আশা শিক্ষামন্ত্রীর-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ক্ষমতায় এলে ২২ লক্ষ চাকরি, প্রতিশ্রুতির বন্যা রাহুলের  -দৈনিক সংবাদ প্রতিদিন
  • অসমে ৭০ হাজার চিহ্নিত অনুপ্রবেশকারী উধাও! সুপ্রিম কোর্টে তথ্য দিল রাজ্য সরকার-দৈনিক আনন্দবাজার
  •  যোগী আদিত্যনাথের সভায় দাদরি গণহত্যার অভিযুক্তরা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হয়েছে এ খবরটি আজকের দৈনিক প্রথম আলোসহ প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সস্করণ ও অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরকম যে, কারাগার থেকে হাসপাতালে খালেদা জিয়া।

খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিত্সার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী এম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।খালেদা জিয়ার হাসপাতালে আনার খবরে হাসপাতালে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া ভীষণ অসুস্থ, তার চিকিৎসার যেন অবহেলা না হয়, সরকারের কাছে এটিই আমাদের দাবি।

আর দৈনিক প্রথম আলোর খবর এরকম যে, নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়া অসুস্থ বলে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু-দৈনিক মানবজমিন

খবরে লেখা হয়েছে, ১ এপ্রিল সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর এ পরীক্ষার্থী ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থীর। আগামী ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-প্রশ্নফাঁস ছাড়াই এইচএসসি পরীক্ষা শেষ হবে, আশা শিক্ষামন্ত্রীর

এ খবরে লেখা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার মতো এইচএসসি ও সমমানের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আশা করেন, কোনো ধরনের জটিলতা ও প্রশ্নফাঁস ছাড়াই একটি পরীক্ষা জাতিকে উপহার দিতে পারবেন। আর এজন্য গণমাধ্যম, অভিভাবক ও দেশবাসীর সহযোগীতা কামনা করেন মন্ত্রী। তিনি আজ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষা  কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

দুর্নীতির অর্থ কী কবর বা শ্মশানে নিয়ে যাবেন?-দৈনিক মানবজমিন

রাজউক কর্মচারীদের মন্ত্রীর কড়া বার্তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিমের। তিনি বলেছেন, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আপনাদের কত দরকার? এসব অর্থ কি কবর বা শ্মশানে নিয়ে যেতে পারবেন। জনগণ কিন্তু আপনাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। আশা করি বাইরে চলাফেরা করলে বিষয়টি আপনারা অনুধাবন করতে পারবেন।

‘উন্নয়ন টেকসই করতে দেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে’-দৈনিক যুগান্তর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি আর মাদক অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে দেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে। আজ- টিএসসিতে ‘বাংলাদেশের তরুণসমাজ ও মাদকাসক্তি : বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান জানান, ২০১৬ সালের পর থেকে এ পর্যন্ত ১২ মাদক ব্যবসায়ী ও গডফাদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মাদক, দুর্নীতি ছাড়াও বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন ইকবাল মাহমুদ। ওই ভবনের অবৈধ অংশের অনুমোদন কীভাবে হলো, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ছিনতাই ও অপহরণের অভিযোগ, জাবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার-দৈনিক ইত্তেফাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর জামাতাকে মারধর করে ছিনতাই ও তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের প্রেক্ষিতে জাবি শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে শৃংখলা কমিটির সভায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার থাকাকালীন সময়ে তারা নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশ নিতে পারবে না। অপরাধের বিষয়টি তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

আসছে আরো ৩টি ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়!-দৈনিক নয়া দিগন্ত

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে হালকা থেকে মাঝারী ধরনের আরো ৩টি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় কালবৈশাখীর আঘাত হানার আশংকা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এপ্রিল মাসে বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়।বৃষ্টিপাত ছাড়াও এসময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড রূপ নিতে পারে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ক্ষমতায় এলে ২২ লক্ষ চাকরি, প্রতিশ্রুতির বন্যা রাহুলের  -দৈনিক সংবাদ প্রতিদিন

ভোট টানতে নয়া টোপ। গরিবদের বছরে ৭২ হাজার টাকা সাহায্যের প্রতিশ্রুতির পর এবার ২২ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন রাহুল গান্ধী। বিশ্লেষকদের মতে, রাফালে থেকে শুরু করে নোট বাতিল অস্ত্র তেমন কাজ করছে না। তাই মোদি সরকারের দুর্বল জায়গা ‘চাকরি’কে হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি। 

আগেও দেশে কর্মসংস্থান নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে সেভাবে সফল নয় মোদি সরকার। ক্রমশ বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা। ফলে যে যুবকরা ‘মন্দির-মসজিদ’ ভুলে উন্নয়নের আশায় মোদিকে ভোট দিয়েছিলেন, তাঁরা কিছুটা বিরক্ত। সরকারের এই ব্যর্থতাই কাজে লাগাতে চাইছেন রাহুল।

অসমে ৭০ হাজার চিহ্নিত অনুপ্রবেশকারী উধাও! সুপ্রিম কোর্টে তথ্য দিল রাজ্য সরকার-দৈনিক আনন্দবাজার

অসমে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশের পর থেকেই আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই আরও স্পষ্ট হল সুপ্রিম কোর্টে অসম সরকারের দেওয়া তথ্যে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই অসমের ৭০ হাজার অনুপ্রবেশকারী ‘নিরুদ্দেশ’ হয়ে গিয়েছে।এই তথ্য দিতেই অসম সরকারকেতীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। রীতিমতো বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের প্রশ্ন, ‘‘ঘোষিত অনুপ্রবেশকারীরাই যদি এ ভাবে ভ্যানিশ হয়ে যায়, তাহলে পরে কী হবে?’’ গত বছরের ৩০ জুলাই অসমে এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছিল। তালিকা থেকে বাদ পড়েছিলেন অসমের প্রায় ৪০ লক্ষ নাগরিক।

যোগী আদিত্যনাথের সভায় দাদরি গণহত্যার অভিযুক্তরা-দৈনিক আজকাল

২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংসের গুজবের জন্য একদল উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছিল মহম্মদ আখলাক নামে এক মুসলিমকে। সেই অভিযুক্তদেরই রবিবার যোগী আদিত্যনাথের সভায় দেখা গেল। ওই জনসভার প্রথম সারিতেই বসেছিল তারা। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে দাদরি কাণ্ডের এই অভিযুক্তরাই বিজেপির প্রচার করবে। জানা গিয়েছে, মহম্মদ আখলাকের হত্যাকারীদের গ্রেপ্তার হলেও তারা জামিনে ছাড়া পেয়ে যায়। 

যে জায়গায় আখলাককে হত্যা করা হয়েছিল, সেই গ্রেটার নয়ডার বিসারা গ্রামে জনসভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। চারজন অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত বিশাল রানাকে সভার প্রথম সারিতে বসে আদিত্যনাথের জন্য হাততালি দিতে দেখা যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১