আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ এপ্রিল বৃহষ্পিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়ার ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণে: বিএসএমএমইউ পরিচালক-দৈনিক যুগান্তর
- বেশি প্রবৃদ্ধি অর্জনকারী ৫ দেশের একটি হবে বাংলাদেশ: বিশ্বব্যাংক-দৈনিক প্রথম আলো
- আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- রাজউকের পরিদর্শন-৭০ শতাংশ বহুতল ভবনই ত্রুটিযুক্ত-দৈনিক নয়া দিগন্ত
- নির্বাচন পরবর্তী সহিংসতা, সরাইলে নিহত ১-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভোট মিটলেই প্রচুর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিএসএনএলের!-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদী’-দৈনিক আনন্দবাজারভোট ভাগ
- হতে পারে, তাই লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে না আপ-দৈনিক আজকাল ‘-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন
খালেদা জিয়ার ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণে: বিএসএমএমইউ পরিচালক-দৈনিক যুগান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক। বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এদিকে, খালেদার জেল-নির্জন কারাবাসের বিকল্প হাসপাতাল-দৈনিক প্রথম আলোর এ শিরোনামের একটি কলামে সাংবাদিক কামাল আহমেদ লিখেছেন, খালেদার জেল নির্জন কারাবাসের বিকল্প হাসপাতাল। দৈনিক প্রথম আলোতে পরিবেশিত এ কলামে তিনি লিখেছেন, তাঁর কারাজীবনের এক বছর পূর্ণ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় ২০১৮–এর ওই দিনে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়ার সময় থেকে তাঁর কারাজীবন কাটছে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে। তিনিই সেখানকার একমাত্র বন্দী। তাঁর সাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক যা–ই থাকুক না কেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত তিনিই প্রথম কোনো রাজনীতিক, যাঁর কারাজীবন কাটছে একঘরে হয়ে। সামাজিক সংযোগের স্বাভাবিক পরিবেশের নিরিখে খালেদা জিয়ার বর্তমান অবস্থা নির্জন কারাবাসের সমতুল্য। খালেদা জিয়ার আইনজীবীরাও স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর জামিনে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।
কামাল আহমেদ তার কলামে আরও লিখেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৮’ অনুযায়ী, বাংলাদেশে নারীদের গড় আয়ু হচ্ছে ৭৩ দশমিক ৫ বছর। সেই হিসাবে যেকোনো সত্তরোর্ধ্ব নারীর এমনিতেই আলাদা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রয়োজন হতে পারে। খালেদা জিয়ার বয়সও ওই গড় আয়ুর কোঠা ছুঁয়েছে। সুতরাং, তাঁর যখন-তখন চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা কি অস্বীকার করা চলে? সেই বিবেচনায় হাসপাতালে তাঁর জন্য বিশেষ ব্যবস্থাই কি শ্রেয় নয়? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিত্যক্ত কারাগারে তাঁর এই কার্যত নির্জন কারাবাসে কি একটি খারাপ নজির তৈরি হচ্ছে না? দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একটি প্রধান দলের শীর্ষ নেত্রীর ক্ষেত্রে নির্জন কারাবাসই যদি স্বাভাবিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে অন্যদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অচিরেই তার এ অবস্থার অবসান ঘটানো উচিত এবং সে ক্ষেত্রে হাসপাতালই হতে পারে সবচেয়ে ভালো বিকল্প।
দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১-দৈনিক ইত্তেফাক
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার গভীর রাতে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সংঘর্ষে দুইপক্ষেরই বাড়িঘর ভাঙচুর করা হয়।
রাজউকের পরিদর্শন-৭০ শতাংশ বহুতল ভবনই ত্রুটিযুক্ত-দৈনিক নয়া দিগন্ত
রাজধানীর অধিকাংশ বহুতল ভবন ত্রুটিযুক্ত। রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ করেছে এমন ভবন হাতে গোনা যাবে। এফআর টাওয়ারে অগ্নিকান্ডের পর রাজউক রাজধানীর সকল বহুতল ভবনগুলো পরীক্ষা করে কম ভবনই ত্রুটিহীন পেয়েছে। গত সোমবার থেকে রাজউকের ২৪ টিম ঝুকিপুর্ণ ভবন চিহ্নিত করার কাজ করছে। গতকাল বুধবারও বিভিন্ন রাজউকের বিভিন্ন জোনে পরিদর্শণে গেছে রাজউক। রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিনদিনে তারা ৭০ শতাংশের বেশি ভবনে কোনো কোনো ত্রুটি পেয়েছেন। বড় ধরনের ত্রুটি পেয়েছেন ৫০ শতাংশের বেশি ভবনে।
বেশি প্রবৃদ্ধি অর্জনকারী ৫ দেশের একটি হবে বাংলাদেশ: বিশ্বব্যাংক-দৈনিক প্রথম আলো
এই অর্থবছরে বিশ্বের সবচেয়ে বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচ দেশের একটি হবে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন বাকি চার দেশের মধ্যে আছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করেছে । আর এডিবি বলেছে, এবার জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভোট মিটলেই প্রচুর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিএসএনএলের!-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা ভোটের জন্যই আরও দু’মাস চাকরি থেকে থেকে গেল ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ৫৪ হাজারেরও বেশি কর্মীর। ভোটের আগে এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হলে ইভিএমে বড় মাপের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় আপাতত মাস দু’য়েকের জন্য বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, লোকসভা ভোটের পরই বিএসএনএলের ৫৪,৪৫১ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে সংস্থা। বেশ কয়েক বছর ধরেই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির পরিস্থিতি বেহাল।
ভোট ভাগ হতে পারে, তাই লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে না আপ-দৈনিক আজকাল
আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দিলে ভাগ হয়ে যাবে বিজেপি বিরোধী ভোট। আর তাই মহারাষ্ট্রের ১৫টি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিলেও, পরে সেখান থেকে সরে আসল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মহারাষ্ট্রে দলের সভাপতি ব্রিগেডিয়ার সুধীর সাওয়ান্ত বলেন, ‘আমরা ১৫টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যেত এবং তাঁদের সুবিধা হত। তাই আমরা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি নির্বাচনে লড়ার মতো প্রয়োজনীয় অর্থ না থাকাটাও আপ–এর এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
‘নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদী’-দৈনিক আনন্দবাজার
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী প্রচারে দেশের সেনাবাহিনীর উল্লেখ করলে অত্যন্ত সতর্কভাবেই তা করতে হবে। কিন্তু সেই সেনাবাহিনীর নাম করেই বিজেপির জন্য সরাসরি ভোট চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই বাধল বিতর্ক। আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার প্রস্তুতিও চালাচ্ছে তৃণমূল। মোদি গতকাল কোলকাতার জনসভায় বলেছিলেন ‘‘শুধু বিজেপি সাংসদদের জেতানোর জন্য নয়, শুধু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সেনা ও আধাসেনার সম্মান রক্ষায় বিজেপিকে ভোট দিন।' মোদির এই বক্তব্যের পরই মমতা পাল্টা তোপ দেগে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদী।’ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘গোয়েন্দা রিপোর্ট তো ছিল। তার পরেও আগাম কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলওয়ামায়? তবে কি রাজনীতির জন্য এত জন জওয়ানকে ঠেলে দেওয়া হল মৃত্যুর মুখে?’’ সেনার উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘আপনারা নিরপেক্ষ থাকুন।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪