সোহেলের পরিবারের উপযুক্ত কেউ চাকরি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয়নি -দৈনিক প্রথম আলো
- সোহেলের পরিবারের উপযুক্ত কেউ চাকরি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিককালেরকণ্ঠ
- জলাবদ্ধতা নিরসনে ৩ দিনের মধ্যে কাজ শুরু করবে ডিএনসিসি-দৈনিক যুগান্তর
- আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ বহাল-দৈনিক ইত্তেফাক
- ব্রাশফায়ারে আহত আরেক নির্বাচন কর্মকর্তার মৃত্যু-মানবজমিন
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’-এনটিভিবিডি
ভারতের খবর:
- বিজেপির ইস্তাহার ‘এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’, মোদীকে কটাক্ষ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আগামীদিনে দিল্লিতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস: মমতা-দৈনিক আজকাল
- বাংলা আবার দেশের সেরা, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম কলকাতা-দৈনিক সংবাদ প্রতিদিন।
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয়নি -দৈনিক প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালতে হাজির করা হয়নি। আগাম ২ মে মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান এই দিন ঠিক করেন। পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলার শুনানি চলে আসছে।
আদালত সূত্র বলছে, খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব হবে কি না, তা জানানোর জন্য গত ৮ এপ্রিল বিএসএমএমইউ কর্তৃপক্ষকে চিঠি দেন কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী। জবাবে বিএসএমএমইউ'র অতিরিক্ত পরিচালক চিকিৎসক নাজমুল করিম আজ মঙ্গলবার কারা কর্তৃপক্ষকে জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকায় তাঁকে আদালতে পাঠানো সম্ভব হচ্ছে না।
সোহেলের পরিবারের উপযুক্ত কেউ চাকরি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিককালেরকণ্ঠ
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার পরিবারে যদি উপযুক্ত কেউ থাকে তাকে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে সোহেল রানার প্রথম জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ফায়ারম্যান সোহেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

ফায়ার সার্ভিসসহ আমরা সবাই তার পরিবারের প্রতি লক্ষ্য রাখব। সোহেল রানার পরিবার ক্ষতিপূরণ পাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিপূরণ নয়, আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে ফায়ার সার্ভিস তাকে সহযোগিতা করেছে, প্রধানমন্ত্রীও সহযোগিতা করবেন। ভবিষ্যতে আপনারা তা দেখতে পারবেন।
জলাবদ্ধতা নিরসনে ৩ দিনের মধ্যে কাজ শুরু করবে ডিএনসিসি-দৈনিক যুগান্তর
নগরীর জলাবদ্ধতা নিরসনে তিন দিনের মধ্যে কাজ শুরু করবে ডিএনসিসি। এ কাজে কে সহায়তা করবে, কে করবে না, কোত্থেকে বাজেট আসবে- এসব কিছুই দেখব না। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে এসব কথা বলেন।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। চলার পথে ময়লা আবর্জানা রাস্তায় ফেলছেন, সেগুলো গিয়ে ড্রেনে পড়ে পানিপ্রবাহ নষ্ট হচ্ছে। আমরা কেন যত্রতত্র ময়লা ফেলব? এসব বিষয়ে সবার সচেতন হতে হবে। আমরা যে যার জায়গা থেকে নিজের ঘরের মতো শহর পরিচ্ছন্ন রাখতে পারলেই কেবল একটি সুন্দর শহর পাবে আগামী প্রজন্ম।
আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ বহাল-দৈনিক ইত্তেফাক
সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদানে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় ওই পাঁচ পরিবহন কোম্পানি। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন খারিজ করে দেয়। ১৯ মার্চ রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাশফায়ারে আহত আরেক নির্বাচন কর্মকর্তার মৃত্যু-মানবজমিন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্বপালন শেষে কর্মকর্তাদের ওপর নির্বিচারে ব্রাশফায়ারের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় নিরু বিকাশ চাকমা নামের ওই ব্যক্তি মারা যান। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গত ১৮ই মার্চ ভোটগ্রহণ শেষে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফেরার পথে নির্বাচনকর্মীদের ওপর সশস্ত্র হামলা হয়। ওই হামলায় ঘটনাস্থলে ৬ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। সোমবার রাতে নিরু চাকমাসহ ওই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত অফিস সহকারী নিরু বিকাশ চাকমা ওইদিন উপজেলা পরিষদ নির্বাচনে সাজেক ইউনিয়নের দুর্গম কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’-এনটিভিবিডি অনলাইন
গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।’ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গত রোববার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যান ড. এ কে আবদুল মোমেন। নিউইয়র্কে ১২ ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার দিনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্টেট ডিপার্টমেন্টে বৈঠক। প্রায় ৫০ মিনিট দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ফিরে যান বাংলাদেশ হাইকমিশনে। সেখানেই ব্যাখ্যা করেন আলোচনার বিষয়গুলো। পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। এই ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার স্বীকার করেছিল যে তাদের লোককে তারা নিয়ে যাবে। কিন্তু এখনো তারা নিয়ে যায়নি। সে জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাই।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বিজেপির ইস্তাহার ‘এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর, মোদীকে কটাক্ষ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
আগ্রাসী এবং দূরদর্শিতার কোনও ছাপ নেই— বিজেপির সদ্য প্রকাশিত ইস্তাহারকে এই ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। একই সঙ্গে টুইট করে তিনি বলেছেন, ‘এই ইস্তাহারে মিলছে এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’। নাম না করলেও এই কটাক্ষ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও।
সোমবার বিজেপির ইস্তাহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘ঠান্ডা ঘরে বসে থেকে দারিদ্রের মোকাবিলা করা সম্ভব নয়। এক দিন পর কংগ্রেস শিবির থেকে মিলল তার প্রত্যুত্তর। আর সেই কাজটা করলেন খোদ সভাপতি রাহুলই। আজ সকালেই টুইট করে বিজেপির ইস্তাহার নিয়ে নিজের বক্তব্য জানান রাহুল। সেখানে তিনি লিখেছেন, ‘আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল কংগ্রেসের ইস্তাহার। লক্ষ লক্ষ মানুষের কথা আছে এই শক্তিশালী ইস্তাহারে। সেখানে বিজেপির ইস্তাহার বানানো হয়েছে বন্ধ ঘরে, যা আসলে এক বিচ্ছিন্ন মানুষের একার কথা। একই সঙ্গে এই ইস্তাহার আগ্রাসী এবং তাতে দূরদর্শিতার চিহ্নমাত্র নেই।’
আগামীদিনে দিল্লিতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস: মমতা-দৈনিক আজকাল
রায়গঞ্জের প্রচার মঞ্চ থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে এক সারিতে দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস যে একক ভাবে এবার দিল্লিতে সরকার গঠন করতে পারবে না তা আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে সরকার গঠনে এবার তৃণমূল কংগ্রেস বড় ভূমিকা পালন করবে।

তাঁই এই প্রচারমঞ্চ থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, আগামীদিনে দিল্লিতে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে বলেই গত পাঁচ বছরে দেশে বিজেপির এর বাড় বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এদিনের মঞ্চে আবারও তিনি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেছেন। রাজ্যের নাম বদলের সিদ্ধান্তও যে কেন্দ্রীয় সরকার জন্যই আটকে রয়েছে তা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
বাংলা আবার দেশের সেরা, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম কলকাতা-দৈনিক সংবাদ প্রতিদিন।
কৃষি, একশো দিনের কাজ-সহ বেশ কিছু পরিষেবায় গোটা দেশে বাংলা প্রথম। বাংলার আবারও দেশের সেরা৷ এবার রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শংসাপত্র ও মেডেল তুলে দিলেন। দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের এমন স্বীকৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মুকুটে এমন একটি পালক যোগ হওয়ায় গোটা প্রতিষ্ঠানে খুশির হাওয়া। আধিকারিক, কর্মী, শিক্ষক ও পড়ুয়ারা পরস্পরের মধ্যে মিষ্টি বিলি করেন। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, “পঠনপাঠন ও গবেষণার কাজে আমরা এবার আরও বেশি করে এগিয়ে যেতে পারব। রাজ্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে গোটা দেশে প্রথম হওয়া আমাদের লক্ষ্য।” প্রসঙ্গত, দেশের সব ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থান অধিকার করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯