এপ্রিল ১২, ২০১৯ ১২:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • তনু, রাফিয়া, নুসরাত—আগামীকাল আমি নই তো?’-দৈনিক প্রথম আলো
  • নুসরাত হত্যার বিচারের দাবিতে আমৃত্যু অনশনের ঘোষণা কবি নির্মলেন্দু গুণের-বাংলাদেশ প্রতিদিন
  • জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮-দৈনিক কালেরকণ্ঠ
  • আইনি পথেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: হাছান মাহমুদ-দৈনিক যুগান্তর
  • মালিকদের সাথে সমন্বয় করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে: শিল্পমন্ত্রী:-দৈনিক ইত্তেফাক-
  •  চলেন আমরা এক সঙ্গে রাস্তায় নামি: নজরুল ইসলাম-মানবজমিন

ভারতের খবর:

  • ন্যাটো জোটে আসছে ভারত? বিল মার্কিন কংগ্রেসে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • স্নাতক নন স্মৃতি ইরানি, স্বীকার নিজের মুখে, টুইট কংগ্রেসের-দৈনিক আজকাল
  • অনুমোদন ছাড়া নমো টিভিতে হবে না রাজনৈতিক প্রচার, নির্দেশ কমিশনের -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

তনু, রাফিয়া, নুসরাতআগামীকাল আমি নই তো?-দৈনিক প্রথম আলো

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। তনু, রাফিয়া, নুসরাত—আগামীকাল আমি নই তো?’, ‘আমার বোন হত্যার বিচার করুন অথবা আমাকে হত্যা করুন, ‘বার্ন ইউনিটে জ্বলছে বোনের লাশ, রাষ্ট্র কী করে ধর্ষকের মুক্তি চাস ইত্যাদি স্লোগান লেখা পোস্টার হাতে মানববন্ধনে দাঁড়ান শিক্ষার্থীরা।

মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নুসরাত হত্যার বিচারের পাশাপাশি আরও দুটি দাবি জানান শিক্ষার্থীরা। তাঁদের দাবি, ধর্ষণের মামলা বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এ ধরনের মামলার অভিযোগপত্র (চার্জশিট) ঘটনার ৭ দিনের মধ্যে দিতে হবে। প্রয়োজনে এটিকে আইনে রূপান্তর করতে হবে। তাঁরা বলেন, শুধু দেরিতে চার্জশিট দেওয়ার কারণে মামলা দুর্বল হয়ে যায়। প্রায়ই দেখা যায়, এ কাজে সময় লেগে যায় কয়েক বছর।

নুসরাত হত্যার বিচারের দাবিতে আমৃত্যু অনশনের ঘোষণা কবি নির্মলেন্দু গুণের-বাংলাদেশ প্রতিদিন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ-উদ-দৌলাসহ জড়িতদের বিচারের দাবিতে আমৃত্যু অনশনে বসার ঘোষণা দিলেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন তিনি।

স্ট্যাটাসে কবি লিখেছেন, ‘রাফির ধর্ষক সিরাজ ও সিরাজকে বাঁচাতে রাফিকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের কঠিন বিচার হবে। না হলে আমি আমৃত্যু অনশনে বসবো। উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। আগুনে হত্যাচেষ্টার পর নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে আসা হয়। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নুসরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮-দৈনিক কালেরকণ্ঠ

জয়পুরহাটের বানিয়াপাড়ার পুলিশ বক্সের পাশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী এবং তিন জন শিশু। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্কতা মুমিনুল হক (ওসি-তদন্ত) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগুড়া থেকে আসার পথে জয়পুরহাটের বানিয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আইনি পথেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: হাছান মাহমুদ-দৈনিক যুগান্তর

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজবন্দি নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি রাজবন্দি হন বা রাজনৈতিক কারণে বন্দি হন তা হলে সেখানে আন্দোলনের মাধ্যমে বা সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করার বিষয় থাকে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে পারবে না বিএনপি। জনগণ সেই আন্দোলনে সাড়া দেবে। তাকে মুক্ত করতে হলে আইন-আদালতের মাধ্যমেই করতে হবে।

বিএনপির আন্দোলনের হুঙ্কার কাগুজে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি যে আন্দোলনের কথা বলছে, তার কথা আমরা গত ১০ বছর ধরে শুনছি। শীতের পর আন্দোলন, গ্রীষ্মের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন- এ ধরনের বহু আন্দোলনের হুমকি শুনছি। তাদের এ আন্দোলনের ডাক মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে।

মাদ্রাসাছাত্রী রাফিকে পুড়িয়ে মারার অন্যতম আসামি সেই নূর গ্রেফতার:-দৈনিক ইত্তেফাক-

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম আসামি নূর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। নুর এ মামলার দুই নম্বর আসামি। নূর উদ্দিনকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অভিযুক্ত অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলার মুক্তি দাবিতে আন্দোলনে নেতৃত্বদাতা। উল্লেখ্য, ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি।

তার বান্ধবী নিশাতকে মাদ্রাসার ছাদে মারধর করা হচ্ছে বলে একজন এসে তাকে জানায়। এমন সংবাদে তিনি ছাদে যান। সেখানে বোরকা পরা চারজন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন নিপীড়নের মামলা তুলে নিতে চাপ দেয়। এ সময় নুসরাত বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। এরপর তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুসারীরা।

চলেন আমরা এক সঙ্গে রাস্তায় নামি: নজরুল ইসলাম-মানবজমিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে, ১৯শে মার্চ জয়দেবপুরে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আমরা আর্মির সঙ্গে লড়াই করেছিলাম। ঢাকায় মিছিল হয়েছিল ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’, আজকে ৭২ বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন? না আপনাদেরও দায়িত্ব আছে। তারপরও বলছি, আছি আপনাদের সাথে। শুধু সাথে না, আপনাদের সামনেই থাকবো। চলেন আমরা একসাথে নামি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খা হলে ‘জিয়া আদর্শ একাডেমি’ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেলসহ সকল কারাবন্দি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

ন্যাটো জোটে আসছে ভারত? বিল মার্কিন কংগ্রেসে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

চিনের সামরিক বাড়বাড়ন্ত যতটা উদ্বেগ বাড়িয়েছে আমেরিকার, ততটাই দুশ্চিন্তা বাড়িয়েছে সন্ত্রাসবাদীদের স্বর্গ হয়ে ওঠা পাকিস্তান। দুই উদ্বেগ কমাতে ‘সদ্য বন্ধু’ ভারতের সঙ্গে সামরিক সম্পর্ককে এ বার ঘনিষ্ঠতার মাত্রায় পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে মার্কিন কংগ্রেসে। ভারতকে ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) জোটে আনতে ফের একটি বিল এনেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৬ প্রভাবশালী সদস্য। পর্যাপ্ত ভোটের অভাবে আগের বিলটি পাশ হয়নি।

বিলটি কংগ্রেসের দুই কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হলে, মার্কিন বিদেশ মন্ত্রক ভারতকে ন্যাটো জোটের শরিক বলে ঘোষণা করতে পারবে। তার ফলে, বাড়তি নিরাপত্তার আশ্বাসের বিনিময়ে যেমন আমেরিকার সামনে নিজের পছন্দমতো অস্ত্র বেচার ক্ষেত্রটি আরও প্রসারিত হবে, তেমনই জোটের শরিক দেশগুলি অন্য কোন দেশকে তাদের অস্ত্র বেচতে চাইছে, তার উপরেও নজর রাখা সম্ভব হবে ওয়াশি়ংটনের। ভারতকে ন্যাটো জোটে আনলে আমেরিকার আরও সুবিধা, চিন ও পাকিস্তানকেও বার্তা দেওয়া যাবে।

স্নাতক নন স্মৃতি ইরানি, স্বীকার নিজের মুখে, টুইট কংগ্রেসের-দৈনিক আজকাল

ভোট বড় বালাই। জনগণের মন পাওয়ার জন্য কোনও মিথ্যা কথাই টেকে না। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা ঠিক কী, আদৌ তিনি স্নাতক, নাকি স্নাতক নন সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পাঁচ বছর আগেই।

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি

বিরোধীদের তোপের মুখে, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগও ওঠে নানা মহলে।  তবে ভোটের হাওয়া শুরু হতেই সব বিতর্কে জল ঢেলে দেন স্মৃতি নিজেই। বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে জানিয়েছেন যে তিনি স্নাতক নন। আমেঠি থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন স্মৃতি ইরানি।

অনুমোদন ছাড়া নমো টিভিতে হবে না রাজনৈতিক প্রচার, নির্দেশ কমিশনের -দৈনিক সংবাদ প্রতিদিন

বায়োপিকের পর এবার টিভি। নমো নামের সঙ্গে বিতর্কের যেন যোগসূত্র তৈরি হয়েছে! মোদির বায়োপিক ও নমো টিভির জন্য আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এদের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ ওঠার পরে নড়েচড়ে বসে কমিশন।

তাদের রিপোর্টের ভিত্তিতেই প্রথমে বায়োপিক মুক্তির দিন পিছিয়ে যায়। এবার নিষেধাজ্ঞা জারি হল নমো টিভির বিষয়বস্তুর উপরেও। ফলে অনুমোদন ছাড়া নমো ঢিভিতে হবে না কোনও রাজনৈতিক প্রচার। বৃহস্পতিবার সপ্তদশ লোকসভা নির্বাচন শুরুর দিনেই এই নির্দেশ দিল কমিশন। পাশাপাশি খুব তাড়াতাড়ি ওই টিভিতে যে সমস্ত রাজনৈতিক বিষয় দেখানো হচ্ছে তাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২