ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ মমতার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নুসরাত হত্যায় পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রী আটক-দৈনিক যুগান্তর
- অগ্রণীর ‘আগ্রাসী ডিসেম্বর-দৈনিক প্রথম আলো
- বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা-দৈনিক ইত্তেফাক
- নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আম বাগানে থাকবে পুলিশ-দৈনিক নয়া দিগন্ত
- অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- মোদিকে ‘চোর’ বলে নয়া বিপাকে রাহুল, দায়ের হচ্ছে মানহানির মামলা-দৈনিক সংবাদ প্রতিদিন
- ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ মমতার-দৈনিক আনন্দবাজার
- ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাকে নির্বাচনী ইস্যু বললেন প্রধানমন্ত্রী-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
নুসরাত হত্যায় পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রী আটক-দৈনিক যুগান্তর
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে নিপীড়নের পর আগুনে পুড়ে হত্যায় জড়িত সন্দেহে জান্নাতুল আফরোজ নামে আরও এক ছাত্রীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার দুপুরে পরীক্ষাকেন্দ্র থেকে জান্নাতুল আফরোজকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন। এর আগে সোমবার রাতে নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামরুন নাহার নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জমান।আলোচিত এ মামলা এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।
এদিকে শ্লীলতাহানি সম্পর্কিত দুটো খবর পরিবেশি হয়েছে দৈনিক মানবজমিনে। একটি লেখা হয়েছে, আড়াইহাজারে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণকারী গ্রেপ্তার হয়েছে। অন্য খবরটি হচ্ছে-নায়িকা বানানোর কথা বলে ৩ মাস আটকে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে আকাশ ওরফে ফারুক শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
ইলিয়াস আলীকে ফিরে পেতে ৩ দিনের কর্মসূচি-দৈনিক যুগান্তর
‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল ১৭ এপ্রিল ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার সাত বছর পূর্তি হবে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে চালক আনছার আলীসহ নিখোঁজ হন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। এর পর থেকে নিখোঁজ প্রিয় নেতার সন্ধান দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। প্রিয় নেতাকে ফিরে পেতে এখনও আশায় দিন কাটছে সিলেট বিএনপির নেতাকর্মীদের। ১৭ এপ্রিল ঘিরে প্রতি বছর বিশেষ কর্মসূচি পালন করে বিএনপি।
অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি-দৈনিক মানবজমিন
অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের ইঞ্জিনচালিত নৌকার মালিক আমানউল্লাহ বলেন, আমার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে চার জেলে নাফ নদের মাঝখানে মাছ শিকারে যান।এর কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপির একটি দল স্পিডবোটে এসে জেলেরা তাদের সীমানায় গেছে বলে দাবি করে এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আম বাগানে থাকবে পুলিশ-দৈনিক নয়া দিগন্ত
রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী আম বাগানগুলো পর্যক্ষেণ করবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার এ কথা জানান। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মো: নুরুজ্জামানের আদালত থেকে প্রত্যাহারের পর তিনি এ কথা জানান।
বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা-দৈনিক ইত্তেফাক/যুগান্তর/প্রথম আলো
ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদ রাহী। এর মধ্যে আবু জায়েদ রাহীর ওয়ানডেতেই অভিষেক হয়নি।আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এদিকে আইপিল এল থেকে ফিরে আসছেন সহ অধিনায়ক সাকিবুল হাসান।২২ এপ্রিল থেকে শুরু বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব।
অগ্রণীর ‘আগ্রাসী ডিসেম্বর’-দৈনিক প্রথম আলো
অর্থনীতি বিষয়ক এ খবরে দৈনিকটি লিখেছে, শুধু ডিসেম্বর মাসেই প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক। এ জন্য ২০১৮ সালের ডিসেম্বরে ব্যাংকটি ছয়বার পরিচালনা পর্ষদের সভা করেছে। শুধু সভাই নয়; শুধু ঋণ অনুমোদন নয়, ঋণ বিতরণেও ব্যাংকটি ২০১৮ সালে আগ্রাসী আচরণ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর (এমওইউ) করেছিল অগ্রণী ব্যাংক, বেশি ঋণ বিতরণ করে তার সীমাও লঙ্ঘন করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। অগ্রণী ব্যাংকের কর্মকর্তারাই বলছেন, নির্বাচনী মাসে এভাবে তড়িঘড়ি করে ঋণ অনুমোদন করায় সবার মধ্যেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঋণের যথাযথ ব্যবহার খতিয়ে দেখা প্রয়োজন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ মমতার-দৈনিক আনন্দবাজার
বুনিয়াদপুরে ভোটের প্রচারে গিয়ে ফের বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাধারণ মানুষের কাছে তিনি আর্জি জানান, পাঁচ বছরের জন্য মোদীকে সুযোগ দেওয়া হয়েছিল। উনি ব্যর্থ হয়েছেন। ওঁকে আর সুযোগ দেওয়া উচিত নয়।বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগও তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন,২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি-তারা তা পূরণ করেনি।
মোদিকে ‘চোর' বলে নয়া বিপাকে রাহুল, দায়ের হচ্ছে মানহানির মামলা-দৈনিক সংবাদ প্রতিদিন
‘চৌকিদার চোর হ্যায়’ বলে আগেই বিপাকে পড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার নয়া বিপত্তি। জনসভায় ‘সব মোদিই চোর’ মন্তব্য করার জন্য কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। ফলে, নতুন করে সমস্যায় পড়তে পারেন রাহুল। আরএসএসকে আক্রমণ করার জন্য ইতিমধ্যেই একাধিক মানহানির মামলা ঝুলছে রাহুলের বিরুদ্ধে। এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি মানহানির মামলা। এবারে রাহুলকে আদালতে টেনে নিয়ে যাচ্ছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। সুশীল মোদির অভিযোগ, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মোদি পদবিযুক্ত সব মানুষকে অপমান করছেন রাহুল।
ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাকে নির্বাচনী ইস্যু বললেন প্রধানমন্ত্রী-দৈনিক আজকাল
এ কি বললেন প্রধানমন্ত্রী! জাতীয় সরকারি সংবাদমাধ্যমে বসে এমন সাক্ষাৎকার কি করে দিলেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় রাজনীতির অলিন্দে। কারণ বিরোধীরা দাবি করে আসছিলেন প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর কৃতিত্ব, তাঁদের শহিদ হওয়ার ঘটনাকে লোকসভা নির্বাচনের কাজে লাগাচ্ছেন। প্রধানমন্ত্রী এই বিরোধীদের দাবিকে নস্যাৎ করতে সাক্ষাৎকার দিতে বসেছিলেন দূরদর্শন এবং রাজ্যসভা টিভিতে। সেখানে তিনি বলেছেন, জাতীয়তাবাদ এবং ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা অনেক বেশি নির্বাচনী ইস্যু কৃষক মৃত্যুর ইস্যুর থেকে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে এখন জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কারণ তিনি একদিকে স্পষ্ট করে দিলেন সেনাবাহিনীর বিষয়টি নির্বাচনী ইস্যু। অর্থাৎ নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা ফুৎকারে উড়িয়ে দিলেন তিনি। অন্যদিকে কৃষকদের ইস্যুকে সরাসরি অবহেলা করে দূরে ঠেলে সরিয়ে দিলেন। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, কেন্দ্রে শ্রমিক–কৃষক বিরোধী সরকার চলছে। ফ্যাসিবাদের নায়ক নরেন্দ্র মোদি, হিটলার বেঁচে থাকলে তিনিও আত্মহত্যা করতেন। এই দাবি এখন সঠিক বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬