এপ্রিল ২৭, ২০১৯ ১১:৩৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ‘জাহিদুরের মতো দু-একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না’-দৈনিক যুগান্তর
  • জামায়াতের সংস্কারপন্থীদের নতুন সংগঠন-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে আইএস!-দৈনিক ইত্তেফাক
  • চলে গেলেন মাহফুজ উল্লাহ-দৈনিক মানবজমিন
  • এসডিজি বাস্তবায়ন : ৫০ সূচকের ২৬টির অবস্থাই খারাপ, সঠিক পথে ছয়টি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ডায়মন্ড হারবারে বামেদের মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল, অশান্তি বীরভূমেও-দৈনিক আনন্দবাজার
  • ‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাঁচ বছরে এক লাফে মোদির সম্পত্তি বেড়েছে ৫২ শতাং-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সরকারের চাপে বিএনপির নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ শপথ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কীভাবে দেখছেন তার এ অভিযোগকে?

২. দুবাই এক্সপো ২০২০-এ অংশ নেবে ইসরাইল। এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সরকারের ভূমিকাকে আপনি কীভাবে দেখবেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

চলে গেলেন মাহফুজ উল্লাহ-দৈনিক মানবজমিন

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজ উল্লাহর মেয়ে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মাহফুজ উল্লাহর জন্য দোয়া চেয়েছে তার পরিবার।  সিনিয়র এ সাংবাদিকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। 

৬৯ বছর বয়সী মাহফুজউল্লাহ গত ২রা এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।

স্কয়ারে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত ১১ই এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে ব্যাংককে একবার তার বাইপাস সার্জারিও হয়েছিল।

স্পষ্টভাষী মাহফুজ উল্লাহর জন্ম ১৯৫০ সালে নোয়াখালীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশ নেন মাহফুজ উল্লাহ। আইয়ুব খানের শাসনামলে তাকে ঢাকা কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল। তিনি পরে ছাত্র ইউনিয়নের (মেনন) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছাত্রাবস্থাতেই মাহফুজ উল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে পড়েন। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার ১৯৭২ সালে জন্মলগ্ন থেকেই তিনি জড়িত ছিলেন। বিভিন্ন বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন তিনি। 

তিনি সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিকভাবে পরিচিত একজন সক্রিয় পরিবেশবিদ এবং বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের প্রথম বাংলাদেশী সদস্য হিসেবে নির্বাচিত হন।  মাহফুজ উল্লাহ মাঝে চীনে বিশেষজ্ঞ হিসেবে, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় যুক্ত ছিলেন। এছাড়া টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলোতে নিয়মিত দেখা যেতো সাহসী এ সাংবাদিককে। 

বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা মাহফুজ উল্লাহর বইয়ের সংখ্যা পঞ্চাশের  বেশি। তার সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে- প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: এ পলিটিক্যাল বায়োগ্রাফি, যাদুর লাউ, যে কথা বলতে চাই, অভ্যুত্থানের ঊনসত্তর, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন: গৌরবের দিনলিপি (১৯৫২-৭১), উলফা এন্ড দ্য ইনসারজেন্সি ইন আসাম,  বেগম খালেদা জিয়া: হার লাইফ হার স্টোরি, স্বাধীনতার প্রথম দশকে বাংলাদেশ।

জামায়াতের সংস্কারপন্থীদের নতুন সংগঠন-দৈনিক প্রথম আলো

জামায়াতের সংস্কারপন্থীদের নতুন সংগঠন

‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে একটি রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী সংস্কারপন্থীরা। রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১–এ আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতারা। ‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ মঞ্চের সমন্বয়ক মজিবুর রহমান।

স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতারা তাঁদের নতুন রাজনৈতিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে একটি ঘোষণাপত্রও চূড়ান্ত করেছেন তাঁরা।ওই ঘোষণাপত্রে বলা হয়েছে, জাতীয় মুক্তি ও জন–আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবীত একদল আশাবাদী মানুষের উদ্যোগ এটি। এর মাধ্যমে নিজেদের ভাবনা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরা হবে।

বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে আইএস!-দৈনিক ইত্তেফাক

Image Caption

বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট বা আইএস! ইসলামিক স্টেটকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া একটি পোস্টার এমনই ইঙ্গিত করছে। ওই পোস্টারে বাংলায় লেখা, 'শীঘ্রই আসছি, ইনশাল্লাহ..। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে এই পোস্টারটি প্রকাশ করা হয়। মুরসালাত নামে আইসিস-এর একটি শাখা সংগঠনের লোগোও রয়েছে পোস্টারের গায়ে। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে খবরে বলা হয়েছে।

‘জাহিদুরের মতো দু-একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না’-দৈনিক যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

জাহিদুরের মতো আরও দু-একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুর রহমান জাহিদ

মওদুদ বলেন, একজন জাহিদুর রহমান জাহিদ (জাহিদুর রহমান) গেছেন, যদি আরও দু-একজন যান তাতেও সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে এর কারণে সেই সংসদের বৈধতা কখনোই আসবে না। তিনি আরও বলেন, সরকারের অত্যাচার ও নির্যাতনের ফলে বিরোধীদল আরও শক্তিশালী হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি বিষয়ে বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী আইনজীবীদের বিরোধিতা না করার নির্দেশ দিলে খালেদা জিয়ার জামিনে মুক্তি পেতে পারেন। এছাড়া খালেদা জিয়াকে জেলে বন্দি রাখার মাধ্যমে বিএনপিকে সরকার চাপে রাখার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন মওদুদ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার' পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আগামী ৬ মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট৷ তার আগে চলছে হাইভোল্টেজ প্রচার৷ ওই লোকসভা কেন্দ্রের প্রার্থী রত্না দে নাগের সমর্থনে পাণ্ডুয়ায় নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভামঞ্চ থেকে বিজেপিকে ‘বিপজ্জনক’ এবং ‘পচা শামুক’ বলে তীব্র আক্রমণ করলেন তিনি৷ তোপ দাগলেন সিপিএমের বিরুদ্ধেও৷

পাণ্ডুয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতার প্রায় সিংহভাগ জুড়ে ছিলেন নরেন্দ্র মোদি৷ একাধিক ইস্যুতে কড়া ভাষায় তাঁকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, ‘‘পাঁচ বছরে কোনও কাজ করেনি বিজেপি৷ বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ গ্যাসের দাম বেড়েছে৷ দেশের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকার৷ দেশকে বাঁচাতে চাইলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন৷’’

পাঁচ বছরে এক লাফে মোদির সম্পত্তি বেড়েছে ৫২ শতাং-দৈনিক আজকাল

Image Caption

বারাণসী কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে দেখা গিয়েছে গত পাঁচ বছরে মোদির সম্পত্তি বেড়েছে প্রায় ৫২ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও বেশি। ২০১৪ সালে মনোয়ন জমার সময় মোদি ১.‌৬৫ কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছিলেন। পাঁচ বছরে সেটা বেড়ে হয়েছে ২.‌৫১ কোটি টাকা। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গেই নিজের কাছে ৩৮,৭৫০ টাকা নগদ রয়েছে বলে নির্বাচন কমিশনকে হিসেব দিয়েছেন।

কমিশনের সদর্থক ভূমিকার অভাবে ভোট দিতে পারছে না মানুষ, তোপ ইয়েচুরির-দৈনিক সংবাদ প্রতিদিন

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

এবার কমিশনকেই প্রতিরোধের বার্তা সিপিএমের। সিপিএম বলেছে, কমিশন নিরপেক্ষ নয়। পক্ষপাতদুষ্ট। তাই ভোট দিতে না পারলে প্রতিরোধ করবে জনগণ। তবে এবারের ভোটে বামেরা রাজ্যে কতগুলি আসন পাবে তা কার্যত এড়িয়ে গিয়েছেন ইয়েচুরি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আগেই অভিযোগ করেছিল সিপিএম। অন্যান্য দলের মতো কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরাও। শুক্রবার আরও একবার সেই অভিযোগ করে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দলের রাজ্য দপ্তরে বলেছেন, “মানুষের ভোট দিতে সমস্যা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার অভাব রয়েছে। তাই কমিশনকে নিজের নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করতে হবে।” রাজ্যে ভোটপ্রচারে এসে দলের রাজ্য দপ্তরে কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করার পাশাপাশি ইয়েচুরি বলেছেন, মুখে দেশপ্রেমের কথা বললেও তুলনামূলকভাবে পাক হানা বেশি হয়েছে বিজেপির আমলেই।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭