মে ১৯, ২০১৯ ১২:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খরচই উঠছে না, মুখে হাসি থাকবে কোথা থেকে?’-দৈনিক প্রথম আলো
  • এবার দ্বিতীয় ইনিংস খেলবো: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে জারি করা পরিপত্র অবৈধ-দৈনিক যুগান্তর
  • হাসপাতালের মর্গে লাশ, স্ত্রীর দাবি জীবিত, কর্মচারিদের সঙ্গে ধস্তাধস্তি-দৈনিক মানবজমিন
  • প্রতি বিঘাতে কৃষকের ক্ষতি ২ হাজার টাকা : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • সাত রাজ্যের ৫৯ আসনে প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রথমে রাহুল, পরে ইয়েচুরি-পওয়ার, পরপর বৈঠকে চন্দ্রবাবু, দিল্লিতে বিরোধী তৎপরতা তুঙ্গে-দৈনিক আনন্দবাজার
  • টাকা দিয়ে দল ভাঙাচ্ছেন মোদি, ভদ্রেশ্বরে আক্রমণ মমতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

দৈনিক প্রথম আলোর কৃষকের দুঃখ বিষয়ক প্রতিবেদন তুলে ধরছি

Image Caption

‘খরচই উঠছে না, মুখে হাসি থাকবে কোথা থেকে?’

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বোরো ধান ও চাল ক্রয় শুরু করলেও বাজারে এর প্রভাব তেমন পড়েনি। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বাজারে ৪৫০ থেকে ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। এতে হতাশ প্রান্তিক কৃষকেরা। কৃষকদের অভিযোগ, প্রতিবছরই কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য খাদ্য বিভাগের মাধ্যমে ধান-চাল ক্রয় করে সরকার। তবে সরকারের এই ভর্তুকির অর্থ সাধারণ কৃষকদের পকেটে না গিয়ে মধ্যস্বত্বভোগী, ধান-চাল ব্যবসায়ী ও মিলমালিকদের পকেটে চলে যায়। এবারও তা–ই ঘটছে।

বরিশালের ধামুরা গ্রামের যুবক সিরাজুল ইসলাম ৮ একর জমিতে বোরোর আবাদ ‘বাম্পার ফলন পেলেও বাজারে ধানের মূল্য কম থাকায় তার মুখে হাসি ফোটেনি। ধানের যে দাম, তাতে উৎপাদন খরচই ওঠে না। মুখে হাসি আসবে কোথা থেকে?’ সিরাজুলের মতো আরও অনেক কৃষক আছেন, যাঁরা ধান আবাদ করে বিপাকে পড়েছেন। লাভ তো দূরে থাক, আসলও ঘরে তুলতে পারছেন না। উজিরপুর, গৌরনদীর কৃষকদের সঙ্গে কথা বলে এমন হতাশার কথা শোনা গেল। ‘বাঁচিবার একটা উপায় কহ বাহে’এ শিরোনামের আরেকটি খবরে মন্তব্য কলামে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছে, ধর্ষণের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে কৃষকের ধান সর্বনাশের খবর। তার সর্বস্বান্ত হওয়ার বাঁশি বেজেই চলছে।খাদ্যমন্ত্রী ধানে দেওয়া আগুনে ঘি ঢেলে বলেছেন যে, এটা সহজ-সরল কৃষকের কাজ নয়।তিনি নাশকতার গন্ধ পেয়েছেন।সব দেখে-শুনে চেতেছেন সংসদ-সচেতক (হুইপ)। তিনি কৃষকদের নিয়ে মশকরা না করার পরামর্শ দিয়েছেন মন্ত্রীকে। মন্তব্য কলামের শেষে তিনি লিখেছেন, আমাদের উচিত ধান নিয়ে আর ধানাইপানাই না করে দাম দিয়ে ধান কেনার ব্যবস্থা করা।

এবার দ্বিতীয় ইনিংস খেলবো: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।দুই মাস ১৬ দিন পর আজ রবিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, প্রথম ইনিংস শেষ করেছি। ইনশাল্লাহ, এবার দ্বিতীয় ইনিংস খেলবো। দ্বিতীয় ইনিংসের বড় চ্যালেঞ্জ হচ্ছে- সড়কে ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আশা করি তা আনতে পারবো।

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে জারি করা পরিপত্র অবৈধ-দৈনিক যুগান্তর

বাংলাদেশের হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর ছয় মাস নির্ধারণ করে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ছয় মাস নির্ধারণ করে গত ১৭ জানুয়ারি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ২০১৬ সালে প্রথম প্রকাশিত এক গেজেটে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স হতে হবে ১৩ বছর। এর পর চলতি বছরের ১৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে ওই গেজেটটি সংশোধন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে জারি করা ওই পরিপত্রের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের পরিচালক মাহমুদ হাসান।

হাসপাতালের মর্গে লাশ, স্ত্রীর দাবি জীবিত, কর্মচারিদের সঙ্গে ধস্তাধস্তি-দৈনিক মানবজমিন

রাজধানীর মিরপুরে প্রাইভেটকারে ধাক্কায় আমিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নিহতের স্ত্রী দাবি করছেন, তার স্বামী জীবিত থাকার অবস্থায়-ই মর্গে রাখা হয়েছে। তিনি গিয়ে স্বামীর হাত-পা নড়াচড়া করতে দেখেছেন। এমনকি তার শ্বাস-প্রশ্বাসও চলছিলো। পরে তাকে নিয়ে আসতে চাইলে মর্গের কর্মচারির সঙ্গে স্বজনদের ধস্তাধস্তি হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পল্লবী থানার পুলিশের  উপ-পরিদর্শক (এএসআই) শাহিন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমিনের স্ত্রীর দাবি তিনি মর্গে গিয়ে তার স্বামীকে জীবিত দেখতে পেয়েছেন।

 চার মাসে ২৫০টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে-দৈনিক প্রথম আলো

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বলছে, গত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চার মাসে ২৫০টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই সময়ে হত্যার শিকার হয়েছেন ২৩ জন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে ৬ জনের। এ ছাড়া হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে ১০টি। হত্যার হুমকি পেয়েছেন ১৭ জন এবং শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। সহিংসতার মধ্যে আরও রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে লুটতরাজ, চাঁদা দাবি, বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ, জবর-দখলের প্রয়াস, দেশত্যাগের হুমকি, মঠ-মন্দির আক্রান্ত করা ইত্যাদি। ২০১৮ সালে পুরো এক বছরে ৮০৬টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল। এই চার মাসে সহিংসতা বৃদ্ধির কারণ জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে জিরো টলারেন্স ঘোষণা আছে। কিন্তু বাস্তবায়ন নেই। আমরা জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়ন চাই।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সাত রাজ্যের ৫৯ আসনে প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতে শেষ দফার ভোট

আজই ১৭ তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে শেষ হয়েছে আজ। সাত রাজ্যের ৫৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষ দফার ভোট হচ্ছে উত্তরপ্রদেশের ‘হাই ভোল্টেজ’ কেন্দ্র বারাণসীতে। মোদি ছাড়াও এই দফার ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে। গত ১১ এপ্রিল শুরু হয় লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। এরই মধ্যে শেষ হয়েছে ছ’ দফায় ৪৮৪ আসনের ভোট হয়েছে। আজকের ৫৯ আসনের ভোট হওয়ায় লোকসভার মোট ৫৪৩ আসনের ভোট পর্ব সমাপ্ত হয়েছে। 

আজকের ভোট নিয়ে দৈনিক আজকালের শিরোনাম-পরপর ইভিএম বিকল-রিপোর্ট তলব কমিশনের।পশ্চিমবঙ্গের কাকিনাড়ায় বোমাবাজি, মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

প্রথমে রাহুল, পরে ইয়েচুরি-পওয়ার, পরপর বৈঠকে চন্দ্রবাবু, দিল্লিতে বিরোধী তৎপরতা তুঙ্গে-দৈনিক আনন্দবাজার

এখনও চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার নির্বাচন। তার মধ্যেই নয়াদিল্লিতে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে।গতকালের পর আজও ফের ঝোড়ো গতিতে রাজধানীতে একের পর এক বৈঠক করতে দেখা যাচ্ছে তেলুগু দেশম নেতা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে। প্রথমে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, পরে  সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন তিনি। আজ বিকেলেই আবার ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করবেন তিনি, জানা যাচ্ছে এমনটাই।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯