ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হলেই ফাঁসির দণ্ডসহ সব দণ্ড মাফ: রিজভী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম আলো অনলাইন: খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ইত্তেফাক অনলাইন: এসএসসি-সমমানে পাসের হার ৮৮.২৯ শতাংশ
নয়া দিগন্ত অনলাইন: নারীর প্রতি সহিংসতা বরদাশত করা হবে না : ডিএমপি কমিশনার
ভারত:
দৈনিক আনন্দবাজার অনলাইন: সারদার টাকা রাজার হাতেই পাচার, দাবি সাকরেদের
দৈনিক বর্তমান অনলাইন: দীনেশ ত্রিবেদিকে ডেকে সতর্ক করতে চলেছে তৃণমূল, দলে গুঞ্জন
দৈনিক সংবাদ প্রতিদিন অনলাইন: ছাত্র খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্ত, রণক্ষেত্র ডায়মন্ডহারবার
তো শ্রোতাবন্ধুরা! ! শিরোনাম শুনছিলেন, এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সম্পর্কিত খবর আজকের বাংলাদেশ, ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিক প্রথম আলো অনলাইনের শিরোনাম- জানাজা শেষে ‘ভি’ চিহ্ন দেখালেন জামায়াতের অনুসারীরা। খবরটিতে বলা হয়েছে, নিজামীর জন্য আজ দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে এতে অংশগ্রহণকারীদের বেশির ভাগ লোকজন বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে মসজিদের উত্তর গেট দিয়ে বের হয়ে যান। গতকাল মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর হয়। এ নিয়ে জামায়াতের চারজন নেতার ফাঁসি কার্যকর হলো।
আর ইত্তেফাক অনলাইনের খবরে বলা হয়েছে, চট্টগ্রামে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা স্থলে ছাত্রলীগ-জামায়াতের সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে।এদিকে নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে আগামীকাল হরতালসহ তিন দিনের কর্মসূচি দিয়েছে দলটি।
প্রথম আলোর অন্য একটি খবর-বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা ‘সময়ের ব্যাপার’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের ন্যায়সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধা-বিপত্তির পরও এই দুটি বিচার সম্পন্ন হয়েছে।
.......
বিএনপি দাবি করেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ায় খুনিরা আরও উৎসাহিত হচ্ছে। দলটি বলেছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হলেই ফাঁসির দণ্ডসহ সব দণ্ড মাফ। বর্তমান অবৈধ সরকারের আমলে এটি যেন রেওয়াজে পরিণত হয়েছে। দৈনিক প্রথম আলো, নয়া দিগন্তসহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি ফরিদপুরে যুবলীগের নেতা আসলাম ফকিরের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতি কর্তৃক মাফ করার কথা উল্লেখ করেন। আসলাম ফকিরের দুই দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে সেটা আবার কীভাবে গৃহীত হয়? এভাবেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাসীন দলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীরা ক্ষমা পেয়ে যান।
......
দৈনিক যুগান্তর, প্রথম আলো, মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকের খবর-গাবতলীতে বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ৩০ এপ্রিল এই অভিযোগপত্র দেয়া হলেও বিষয়টি আজ বুধবার জানা গেছে। ২০১৫ সালের ৩ মার্চ দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালের দক্ষিণ পাশের বাইপাস সড়কের গ্রেটওয়ালের মাঠে বাসে পেট্রল ঢেলে আগুন দেয়ার মামলার নথিতে দেখা গেছে , এজাহারে খালেদা জিয়ার নাম উল্লেখ ছিল না। তবে অভিযোগপত্রে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্ধনে আসামিরা বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
.......
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন।
বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ইত্তেফাকের এ খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাসের হার বাড়ছে।বর্তমান সরকার শুধু লেখাপড়াই নিশ্চিত করছে না বরং তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে।'
......
শ্রোতাবন্ধুরা! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
দৈনিক বর্তমানের খবর-ভারতেও মাধ্যমিকের ফলে গত বছরের তুলনায় এবার সামান্য বাড়ল পাশের হার। ০.০৯ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে ৮২.৭৪ শতাংশে। ট্র্যাডিশন মেনে জেলাগুলোর জয়জয়কার এবারও।
দৈনিকটির অন্য একটি খবর-বাংলায় যতই সিপিএমের সঙ্গে কংগ্রেস জোট করুক না কেন, আদতে সোনিয়া-রাহুল গান্ধীই তাঁদের প্রধান শত্রু। আজ নিজের বাড়িতে বসে একান্ত সাক্ষাৎকারে কার্যত এই কথাই বুঝিয়ে দিলেন সিপিএমের প্রবীণতম নেতা ভি এস অচ্যুতানন্দন।
......
পাঠক ! আজকের কথাবার্তার আসরে এইছিল সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।#
গাজী আবদুর রশীদ/১১