বাংলাদেশে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২, আহত অর্ধশত
https://parstoday.ir/bn/news/bangladesh-i101396-বাংলাদেশে_ইউপি_নির্বাচনকে_কেন্দ্র_করে_সংঘর্ষ_নিহত_২_আহত_অর্ধশত
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৮) ও মোটরসাইকেল চালক বাদল সরকার (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২১ ১২:৫৬ Asia/Dhaka
  • এরশাদুল হক
    এরশাদুল হক

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৮) ও মোটরসাইকেল চালক বাদল সরকার (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্বৃত্তদের গুলিতে ওই দুইজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় সোহাগ (৩৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত এরশাদুল হক উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিল চলাকালে সেখানে উপস্থিত হয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এরশাদুল সবার কাছে দোয়া চান। সেখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাতের আঁধারে তার মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়লে সামনে চালকের আসনে থাকা বাদল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এরশাদকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই রাস্তায় এরশাদুলের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত দু-তিন বছর পূর্বে গোষ্ঠীগত দাঙ্গায় এরশাদের চাচাতো ভাই মারা যান। ওই ঘটনায় এরশাদের পক্ষ প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট করে এবং মামলা দেয়। এরশাদুল হক বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। কুড়িঘর গ্রামের আবদুল মালেককে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ওই মামলার আসামিরা কিছুদিন আগে এলাকায় এলে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। পূর্বের এই বিরোধের জেরে গত রাতের ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ২০

এদিকে, মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে আজ (শনিবার) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিসহ শতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ সকালে উপজেলার পূর্ব এনায়েতনগরে আপং কাজী ও কবির খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের বরিশাল ও শরীয়তপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাবা মিরাজ হোসেন ও তার ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় মিরাজ হোসেনের পা বিচ্ছিন্ন করে নিয়ে যায় আপং কাজীর লোকজন। পরে মিরাজের ভাই কবির খাঁ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৪ ডিসেম্বর বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয় লোকজন আহত লিয়াকতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ওদিকে, ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও একই দলের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে কাতলাগাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষকারীরা ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ২০টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার সকালে সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রমে অভিযান চালিয়ে ৫০ ব্যক্তিকে আটক করে বলে জানা যায়। এদিকে, সংঘর্ষের পর আটক এড়াতে ইউনিয়নটির বিভিন্ন গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে।

এলাকাবাসীরা জানায়, ইউপি নির্বাচনে এলাকার আধিপত্য ধরে রাখতে ৬নং সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও একই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার রাত ৮টার দিকে জুলফিকার কায়সার টিপু ও তার সমর্থকরা শাহবাড়িয়া গ্রামে একটি জানাজায় যান। মোটরসাইকেল যোগে তারা ফেরার পথে কাতলাগাড়ী বাজার এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি ৭টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপুর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীরা তাদের ৭ সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও ১৫ জনকে মারধর করে।

মুহূর্তের মধ্যে এ ঘটনা ছড়িয়ে পড়লে টিপু সমর্থকরা একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ৬নং সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকা থেকে ৫০ ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নৌকার প্রার্থী প্রাণভয়ে বাড়ি ছাড়া

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের শতাধিক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে। নির্বাচনের পর থেকে প্রায় ১০টি গ্রামের ৩ শতাধিক নেতা কর্মীরা ঘর ছাড়া।

নৌকার প্রার্থী বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।

গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়ায় ইউনিয়নে নৌকার প্রার্থী ইলিয়াস কবির বকুলকে পরাজিত করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক। বিজয়ের ঘোষণা আসার পর রাতেই তার সমর্থকরা নৌকার নির্বাচনী অফিস থেকে নৌকা প্রতীক নামিয়ে নিয়ে নিজ অফিসে টাঙিয়ে দিয়েছে। রাতভর শতাধিক বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।