নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: তৈমুর-আইভিসহ ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i101480-নারায়ণগঞ্জ_সিটি_নির্বাচন_তৈমুর_আইভিসহ_ছয়জনের_প্রার্থিতা_বৈধ_ঘোষণা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীসহ ছয়জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২০, ২০২১ ১৪:০৮ Asia/Dhaka
  • ডা. সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকার
    ডা. সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীসহ ছয়জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ (সোমবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার আবেদনকারীদের উপস্থিতে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

এসময় মাহফুজা আক্তার বলেন, মেয়র পদে আবেদনকারী ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌসের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের জমা দেয়া ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম এবং তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার দাখিল করা ৩০০ ভোটার তালিকায় গরমিল রয়েছে। তাছাড়া ঋণখেলাপি হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত নেতারা মুখে বলছেন নির্বাচন অংশ নেবেন না।  কিন্তু তারা বিভিন্ন কৌশলে ভোট করছেন।  নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দেখলাম একজন নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করছেন। আসলে তিনি বিএনপি-জামায়াতের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।  

আজ (সোমবার) রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভায়  সভাপতির বক্তব্য নানক এসব কথা বলেন।  

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য। আমি দেখেছি অনেকেই প্রার্থী হয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন- তাকে নির্বাচিত করাই আমাদের একমাত্র দলীয় আদর্শ ও লক্ষ্য। মনে রাখতে হবে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে তা হবে পার্টির সমালোচনা কিন্তু পাবলিকলি তা আলোচনা আসতে পারবে না। দল দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অদায়িত্বশীল কথাবার্তা পছন্দ করে না।

পঞ্চম ধাপে রেকর্ড সংখ্যক ২৯৩ জন জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত

অপরদিকে, বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন কাউন্সিলের  (ইউপি) চলমান বির্বাচনে আগের ধাপগুলোর মতো আসন্ন পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রেকর্ড সংখ্যক ২৯৩ জন জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন রয়েছেন। আজ পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হন। এ ছাড়া, প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।