ইসি গঠন নিয়ে সংলাপ শুরু: 'ভেল্কিবাজি বাইস্কোপ' বলল বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i101496-ইসি_গঠন_নিয়ে_সংলাপ_শুরু_'ভেল্কিবাজি_বাইস্কোপ'_বলল_বিএনপি
বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি। যদিও দেশের সংবিধানে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বিধান দেওয়া রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২০, ২০২১ ১৬:৪৬ Asia/Dhaka

বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি। যদিও দেশের সংবিধানে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বিধান দেওয়া রয়েছে।

দেশের সংবিধান অনুযায়ী- একটি নির্বাচনী আইন প্রণয়ন এবং সে আলোকে  নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য সাম্প্রতিক মাসগুলোতে দেশের সকল রাজনৈতিক দল, রাষ্ট্র চিন্তাবিদ এবং নাগরিক সমাজ নানাভাবে অনুরোধ এবং দাবি জানিয়ে আসছে। সেসব পরামর্শ ও দাবি উপেক্ষা করে সরকার একতরফাভাবে  প্রেসিডেন্টকে দিয়ে একটি সার্স কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টর সংলাপ।

বঙ্গভবনে আজ বিকেল ৪টায় সংলাপে প্রথম দল হিসেবে অংশ নিয়েছে সরকারের সহযোগী জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।

আজ প্রথম দিনে দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে বঙ্গভবনে হাজির ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আগামীকাল (মঙ্গলবার) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ- ইনু) সঙ্গে বৈঠক হবে। মাঝামাঝি পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েকটি মেয়াদে প্রেসিডেন্ট ‘সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। একজন সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ও  রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

বিএনপি ‘না'

প্রেসিডেন্টের সঙ্গে আজ থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি।

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রেসিডেন্টর সংলাপের উদ্যোগকে 'ভেল্কিবাজি বাইস্কোপ' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের প্রেসিডেন্ট সংলাপ ডেকেছেন, সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগুতে পারবেন না।

আজ রাজধানীর শেরে-ই বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদের রিজভি বলেন, বর্তমান জাতীয় সংসদে কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি তো তাদেরই প্রেসিডেন্ট। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদামার্কা, আরেকটি রকিবমার্কা নির্বাচন। সুতরাং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার।

সিদ্ধান্ত নেয়নি ইসলামী আন্দোলন

প্রেসিডেন্টর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে আমন্ত্রণ পেয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নিবন্ধিত দল হিসেবে আমরা সংলাপের জন্য আমন্ত্রণ পেয়েছি। তবে আমরা সংলাপে অংশ নেব কিনা তা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৩ ডিসেম্বর ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর আমরা আমাদের সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানাব।

গতকাল (রোববার) ইসলামী আন্দোলনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান মাওলানা গাজী আতাউর রহমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্টর সঙ্গে এর আগেও সংলাপে অংশ নিয়েছি। কিন্তু সেখানে তেমন কোনো আলোচনা হয় না। চা-বিস্কুট আর কৌতুক করেই সময় পার হয়। তা ছাড়া প্রেসিডেন্টর এ ব্যাপারে খুব বেশি কিছু করার ক্ষমতা আছে বলেও মনে হয় না। এ জন্য এ সংলাপ খুব বেশি ফলপ্রসূ হবে বলে মনে হয় না।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।